কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্রুত পরিবর্তনশীল। সেই দুনিয়ায় একটি নতুন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে উন্নত এক যন্ত্র বুদ্ধিমত্তা বা অ্যাডভান্স মেশিন ইন্টেলিজেন্স (এ এম আই)। সম্প্রতি এই সংস্থাটির প্রথম তহবিল সংগ্রহ অভিযানে টয়োটা, এনভিডিয়া, স্যামসাং -এর মতন পাঁচটি সংস্থা বিনিয়োগ করেছে। শুধু প্রতিষ্ঠানই নয়, এরিক শ্মিড্ট এবং জেফ বেজোস প্রমুখ প্রযুক্তি জগতের প্রভাবশালী ব্যক্তিও এই উদ্যোগে বিনিয়োগ করেছেন। এর অন্যতম প্রধান লক্ষ্য হলো ‘ওয়ার্ল্ড মডেল’ নামে এক ধরনের উন্নত এআই সিস্টেম তৈরি করা। এই ধরনের এআই শুধু ভাষা বোঝার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সে বাস্তব পৃথিবীকে উপলব্ধি করতে পারবে, যেমনটা মানুষ বা প্রাণীরা করে। বর্তমানে ব্যবহৃত চ্যাটবট, যেমন- চ্যাটজিপিটি বা জেমিনি, এরা মূলত বড় ভাষা মডেল (LLM)-এর উপর নির্ভরশীল। কিন্তু এএমআই-এর গবেষণা এই সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করছে। এ উদ্যোগের নেতৃত্বে রয়েছেন বিখ্যাত এ আই গবেষক ইয়ান লেকুন। তিনি মনে করেন, বর্তমান এআই-এর উন্নয়নে একটি বড় দিক পরিবর্তন বা ‘প্যারাডাইম শিফট’ প্রয়োজন। তাঁর মতে, শুধু ভাষাভিত্তিক মডেলের উপর নির্ভর করে ভবিষ্যতের উন্নত এআই তৈরি করা সম্ভব নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেশের গবেষণা ও উদ্ভাবনের জন্য এটিকে তিনি সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এএমআই-এর প্রধান কার্যালয় প্যারিস-এ অবস্থিত। এছাড়া তাদের অফিস রয়েছে নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, মন্ট্রিয়াল-এ। এই তহবিল সংগ্রহের আগে সংস্থাটির মূল্যমান ছিল প্রায় ৩.৫ বিলিয়ন ডলার। ইয়ান লেকুন আগে মেটা-তে প্রায় ১২ বছর কাজ করেছেন। মেটা- ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপ -এর মালিক। জেপা নামে একটি নতুন এআই স্থাপত্য নিয়ে গবেষণা করেছিলেন। এই নতুন প্রকল্প সেই গবেষণারই বিস্তার। ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি সেই পদ ছেড়ে, বর্তমানে এএমআই-এর ‘নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান’ হিসেবে কাজ করছেন। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে এএমআই এমন একটি “সর্বজনীন বুদ্ধিমান সিস্টেম’’তৈরি করতে চায়, যা বিভিন্ন ধরনের কাজ করতে সক্ষম হবে। এর মধ্যে স্বয়ংক্রিয় গাড়ি চালনা এবং রোবোটিক্সের মতো ক্ষেত্রগুলিও অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞদের মতে, “ওয়ার্ল্ড মডেল’’প্রযুক্তি ভবিষ্যতে এআই-কে আরও বাস্তবসম্মত ও কার্যকর করে তুলতে পারে। এর মাধ্যমে এআই জটিল সিস্টেমের আচরণ বিশ্লেষণ করতে ও পূর্বাভাস দিতে পারবে। যেমন , জেট ইঞ্জিন, বিদ্যুৎ কেন্দ্র বা মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রম। বর্তমানে এএমআই তাদের প্রথম বছরে গবেষণা ও উন্নয়ন (R&D)-এর উপর জোর দিচ্ছে। তবে আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে সহযোগিতার আলোচনা শুরু হতে পারে বলে জানা গেছে। সব মিলিয়ে, এএমআই-এর এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে পারে। বিশেষ করে যখন গবেষণা শুধু ভাষা নয়, বাস্তব পৃথিবীকে বোঝার দিকে অগ্রসর হচ্ছে।
সূত্র: France 24, March, 2026
