ডিএনএ রোবট

ডিএনএ রোবট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ এপ্রিল, ২০২৬

ডিএনএ-কে আমরা জীবের বংশগতির ধারক ও বাহক হিসেবে জানি। কিন্তু বিজ্ঞানীরা এখন এটিকেই ব্যবহার করছেন ক্ষুদ্রাতিক্ষুদ্র রোবট তৈরির উপাদান হিসেবে। এই “ডিএনএ রোবট’’ মূলত এমন এক ধরনের আণবিক মেশিন, যা মানবদেহের ভেতরে কাজ করতে পারে, রক্তপ্রবাহে ভেসে বেড়াতে পারে, নির্দিষ্ট রোগাক্রান্ত কোষকে (যেমন- ক্যান্সার কোষ) লক্ষ্য করে ওষুধ পৌঁছে দিতে পারে। ভবিষ্যতে আণুবীবক্ষণিক স্তরের প্রযুক্তি তৈরিতেও হয়তো এ ভূমিকা পালন করবে।

তবে এই স্বপ্নের প্রযুক্তি এখনও বিকাশের প্রাথমিক পর্যায়ে। অধিকাংশ ডিএনএ রোবট এখনো পরীক্ষাগারে সীমাবদ্ধ, বাস্তব প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তবুও অগ্রগতি থেমে নেই। গবেষকরা ক্রমাগত শিখছেন কীভাবে ডিএনএ অণুকে এমনভাবে সাজানো যায়, যাতে তা ভাঁজ খেতে পারে, নমনীয়ভাবে বাঁক নিতে পারে, এমনকি নির্দিষ্ট নির্দেশ মেনে কাজও করতে পারে। এই নকশায় কখনো ব্যবহৃত হচ্ছে দৃঢ় গ্রন্থি, যা স্থায়িত্ব নিশ্চিত করে; আবার কখনো অরিগামি-অনুপ্রাণিত ভাঁজ-খাওয়া কাঠামো, যা জটিল গতিবিধিকে সম্ভব করে তোলে।

ডিএনএ রোবটের সবচেয়ে বড় সীমাবদ্ধতার বিষয় হলো সেগুলোকে টানা নিয়ন্ত্রণ করা। আণবিক জগতে সবসময় অগণিত সংঘর্ষ (ব্রাউনিয়ান গতি) ঘটে, যা নিয়ন্ত্রিত গতিবিধিকে কঠিন করে তোলে। এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা রাসায়নিক ও ভৌত পদ্ধতির সমন্বয় ব্যবহার করছেন। উদাহরণস্বরূপ, “DNA strand displacement” নামক একটি কৌশলের মাধ্যমে রোবটকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া যায়। এতে বিশেষভাবে তৈরি ডিএনএ স্ট্র্যান্ড একে অপরের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে রোবটের গঠন বা গতি পরিবর্তন করে। যেন রোবট নিজেই এই প্রোগ্রাম অনুসরণ করছে। পাশাপাশি আলো, বৈদ্যুতিক ক্ষেত্র কিংবা চৌম্বক ক্ষেত্রের মতো বাহ্যিক উদ্দীপনাও ব্যবহার করা হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও নিখুঁত করতে।

চিকিৎসাক্ষেত্রে এর সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতে ডিএনএ রোবট “ন্যানো-সার্জন’’ হিসেবে কাজ করতে পারে। শরীরের নির্দিষ্ট কোষ খুঁজে বের করে সেখানে সরাসরি চিকিৎসা পৌঁছে দিতে পারে। এর ফলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কমবে ,চিকিৎসার কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং সুস্থ কোষের ক্ষতি কমবে। এমনকি ভাইরাস শনাক্ত করে তাকে আটকে রাখার ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা চলছে।

চিকিৎসার বাইরে, ডিএনএ রোবটকে কাজে লাগিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে কণাগুলোকে সাজিয়ে নতুন ধরনের কম্পিউটার বা অপটিক্যাল ডিভাইস তৈরি সম্ভব হতে পারে, যা বর্তমান প্রযুক্তির সীমাবদ্ধতাকে অতিক্রম করবে।

তবে পথ এখনো সহজ নয়। এই প্রযুক্তিকে বাস্তবায়নের জন্য দরকার উন্নত সিমুলেশন সরঞ্জাম, ডিএনএ-এর যান্ত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত বিস্তৃত ডেটাবেস, এবং বৃহৎ পরিসরে উৎপাদনের ক্ষমতা। গবেষকরা মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানসম্মত ডিএনএ উপাদান লাইব্রেরি এবং আন্তঃবিষয়ক সহযোগিতা এই সমস্যাগুলোর মোকাবিলায় সক্ষম হবে।

ভবিষ্যতের রোবট হয়তো আর ধাতু বা প্লাস্টিকের হবে না, হবে জীবন্ত, প্রোগ্রামযোগ্য এবং বুদ্ধিমান। সেখানে মানুষ প্রথমবারের মতো অণু-পরমাণু স্তরের জগৎকে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে পারবে।

সুত্র: “Designer DNA-Based Machines” by Yiquan An, Fan Wu, Yanyu Xiong, Cheng Zhang, Jian S. Dai and Lifeng Zhou, 10 February 2026, SmartBot.

DOI: 10.1002/smb2.70029

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =