নেকড়ে শিকারি, ভোঁদড় শিকার 

নেকড়ে শিকারি, ভোঁদড় শিকার 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ফেব্রুয়ারী, ২০২৬

আলাস্কার প্রত্যন্ত দ্বীপ প্রিন্স অব ওয়েলস। সেখানে বিজ্ঞানীদের চোখে পড়েছে এক বিশেষ ঘটনা। স্থলভাগের শীর্ষ শিকারি হিসেবে পরিচিত ধূসর নেকড়েরা এখন শিকার করছে সামুদ্রিক ভোঁদড়। এই আচরণ শুধু বিরল নয়, অপ্রত্যাশিতও। কখন, কিভাবে শিকার করছে এরা? দল বেঁধে না একা একা? নেকড়েরা যে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীকে ধরছে, সেটাই এখন আধুনিক বাস্তুতন্ত্র গবেষণার কেন্দ্রবিন্দু।

রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচ ডি গবেষক প্যাট্রিক বেইলি এই অদ্ভুত শিকার আচরণ নিয়ে কাজ করছেন। তাঁর গবেষণার মূল লক্ষ্য—নেকড়েরা ঠিক কীভাবে সামুদ্রিক পরিবেশে শিকার করছে, কেন তারা এই খাদ্যাভ্যাস গ্রহণ করছে এবং স্থল ও জল উভয় বাস্তুতন্ত্রের ওপর এর ফল কী হতে পারে।

ধূসর নেকড়েরা স্থলভাগে খাদ্যজালের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু তারা যখন সমুদ্রের শিকার ধরছে, তখন স্থল ও সমুদ্র—এই দুই আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। গবেষকদের ধারণা, এই সংযোগ ভবিষ্যতে আমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণার মোড় ঘোরাতে চলেছে।

এই রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা আশ্রয় নিয়েছেন এক অভিনব পদ্ধতির। নেকড়ের দাঁত বিশ্লেষণ করে দেখা হচ্ছে তাদের খাদ্যাভ্যাসের ইতিহাস। গাছের কাণ্ডের বলয়ের মতো দাঁতের স্তরগুলোতে জমে থাকে সময়ের সাক্ষ্য। এর সঙ্গে ব্যবহৃত হচ্ছে ট্রেইল ক্যামেরা, যা শিকারের মুহূর্তটি ক্যামেরাবন্দি করার আশা জাগাচ্ছে। ইতিমধ্যে আড়াই লাখের বেশি ছবি বিশ্লেষণের কাজ চলছে।

এই গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সামুদ্রিক ভোঁদড়দের দেহে মিথাইল মার্কারি নামক বিষাক্ত পদার্থের মাত্রা বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে, উপকূলীয় নেকড়েদের দেহে পারদের পরিমাণ মূল স্থলভাগের নেকড়েদের তুলনায় শতগুণ পর্যন্ত বেশি। এর ফলে নেকড়েদের স্বাস্থ্য, প্রজনন ক্ষমতা ও আচরণে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এক সময় পশম বাণিজ্যের কারণে প্রায় বিলুপ্ত সামুদ্রিক ভোঁদড়ের অস্তিত্ব এখন ধীরে ধীরে ফিরছে। এই অবস্থায় নেকড়েদের এই নতুন শিকারের আচরণ হয়তো প্রাচীন এক শিকারি–শিকার সম্পর্কের পুনরুত্থান। তবে সেই পুনরাগমন আশীর্বাদ, না কি নতুন সংকট ,তার উত্তর দেবে আগামী দিনের গবেষণা।

প্রকৃতি কখনো স্থির নয়, সে ক্রমাগত বদলায়, সীমা ভাঙে। আর মানুষ সেই পরিবর্তনের অর্থ বুঝতে গিয়ে নতুন করে প্রকৃতিকে আবিষ্কার করে।

 

সূত্র : Gray wolves are hunting sea otters and no one knows how by The University of Rhode Island, 30th January 2026. <www.sciencedaily.com/releases/2026/01/260129080446.htm>.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =