মস্তিষ্ক–কম্পিউটার ইন্টারফেস (বি সি আই) প্রযুক্তি ইতিমধ্যেই চিকিৎসাবিজ্ঞানে নব দিগন্তের উন্মোচন করেছে। গুরুতর শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত মানুষ কথা বলতে, এমনকি গান গাইতেও সক্ষম হচ্ছেন মস্তিষ্কে বসানো ইলেকট্রোডের/ তড়িৎদ্বারের সাহায্যে। এবার সেই পথেই আরও এক ধাপ এগোতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্ট-আপ মার্জ ল্যাবস। তাদের দাবি, মস্তিষ্কের গভীরে তড়িৎদ্বার না বসিয়েই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মানুষের চিন্তা ও মানসিক কার্যকলাপ বিশ্লেষণ করা সম্ভব।
মাত্র এক মাস বয়সী এই সংস্থাটি আলোচনায় উঠে এসেছে মূলত দুটি কারণে। প্রথমত, এটি একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান থেকে জন্ম নেওয়া লাভজনক উদ্যোগ। দ্বিতীয়ত, এতে বিনিয়োগ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা OpenAI। মোট বিনিয়োগের অঙ্ক প্রায় ২৫২ মিলিয়ন ডলার। OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান নিজেই প্রতিষ্ঠাতা দলের সদস্য হওয়ায় মার্জ ল্যাবসকে ইলন মাস্কের নিউরালিঙ্কের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
মার্জ ল্যাবস এবং নিউরালিঙ্কের উদ্যোগের মধ্যে মূল পার্থক্য হল : নিউরালিঙ্ক যেখানে মস্তিষ্কের গভীরে তড়িৎদ্বার বসিয়ে স্নায়ুর বৈদ্যুতিক সংকেত পড়ে ও নিয়ন্ত্রণ করে, সেখানে মার্জ ল্যাবস ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা ব্যবহার করতে চায় ফাংশনাল আল্ট্রাসাউন্ড। এটি এক ধরনের উচ্চ-কম্পাঙ্কের শব্দতরঙ্গ। এই প্রযুক্তি সরাসরি স্নায়ুকোষের সংকেত নয়। এটি স্নায়ুকোষ সক্রিয় হওয়ার দরুন সৃষ্ট রক্তপ্রবাহের পরিবর্তন বিশ্লেষণ করে মস্তিষ্কের কার্যকলাপের একটি মানচিত্র তৈরি করে। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো—এটি তুলনামূলকভাবে কম কষ্টদায়ক। সেন্সর বসাতে হলেও তা বসে খুলির ঠিক নীচে, মস্তিষ্কের খুব গভীরে নয়। তাছাড়া আল্ট্রাসাউন্ড তরঙ্গ একসঙ্গে বড় এলাকা জুড়ে কাজ করতে পারে। বিষণ্ণতা, আসক্তি বা মৃগীর মতো বহু-কেন্দ্রিক স্নায়ুরোগের চিকিৎসায় একে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। তবে এ প্রযুক্তির সীমাবদ্ধতাও কম নয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রক্তপ্রবাহ মস্তিষ্কের কার্যকলাপের একটি পরোক্ষ ও ধীর সূচক। ফলে যেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রয়োজন সেই বিসিআই ব্যবহারে এই প্রযুক্তির মৌলিক সীমাবদ্ধতা রয়েছে। প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে, উপরন্তু মন পড়ার মতো উচ্চাকাঙ্ক্ষী দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে আরও সময় ও কঠোর গবেষণা প্রয়োজন।
সব মিলিয়ে, মার্জ ল্যাবসের এই উদ্যোগ ভবিষ্যতের স্নায়ুবিজ্ঞানের জন্য আশাব্যঞ্জক হলেও, এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ের এক সম্ভাবনাময় ধারণা। বাস্তব প্রয়োগের আগে এর বৈজ্ঞানিক ভিত্তি ও নৈতিক প্রশ্নগুলো গভীরভাবে যাচাই করা জরুরি।
সূত্র: OpenAI-backed firm to use ultrasound to read minds. Does the science stand up? Spin-out Merge Labs aims to rival Elon Musk’s brain-chip company Neuralink. But researchers say the technology is still at an early stage By Elizabeth Gibney, Nature, 2nd February 2026.
