সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। একজন মানুষ টানা ৪৮ ঘণ্টা নিজের দুটি ফুসফুস ছাড়াই বেঁচে ছিলেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির চিকিৎসক ও প্রকৌশলীদের তৈরি একটি বাহ্যিক কৃত্রিম ফুসফুস ব্যবস্থা তাঁকে জীবিত রাখে, যতক্ষণ না উপযুক্ত দাতার ফুসফুস পাওয়া যায়।
রোগী ছিলেন ৩৩ বছর বয়সী এক যুবক, যিনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম (এ আর ডি এস)-এ ভুগছিলেন। এই অবস্থায় ফুসফুস শরীরের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। ফলে প্রথমে তাঁকে ভেন্টিলেশনে রাখা হলেও পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। কারণ , তার ফুসফুসে ঔষধ প্রতিরোধী সিউডোমোনাস এরুজিনোসা ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। আস্তে আস্তে ফুসফুসে পুঁজ জমতে শুরু করে, রোগী চলে যান সেপটিক শক-এ; একে একে তার হৃদযন্ত্র ও কিডনি বিকল হতে শুরু করে।
পরিস্থিতি এতটাই সংকটজনক ছিল যে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তিনি কার্যত মৃত্যুর দোরগোড়াতেই থমকে ছিলেন। সেই মুহূর্তেই চিকিৎসক দল একটি সাহসী সিদ্ধান্ত নেন: সংক্রমণের যা উৎস সেই ফুসফুস দুটিকেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়।
সাধারণত ব্যবহৃত অক্সিজেন সরবরাহকারী যন্ত্রগুলোকে একেবারেই “কৃত্রিম ফুসফুস” বলা যায় না, কারণ সেগুলো হৃদযন্ত্রে স্বাভাবিক রক্তপ্রবাহ বজায় রাখতে পারে না। কিন্তু এই নতুন ব্যবস্থাটি ছিল ব্যতিক্রমী। এটি হৃদযন্ত্রে ধারাবাহিক ও সুষম রক্তপ্রবাহ বজায় রেখে অক্সিজেন সরবরাহ করছিল, ফলে রক্ত জমাট বাঁধা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।
ফলাফল অভূতপূর্ব, বলতে গেলে রীতিমতো রোমহর্ষক। সত্যিই দেখা গেল, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে রোগীর রক্তচাপ স্বাভাবিক হল, কিডনির কার্যকারিতা ফিরে এল, হৃদযন্ত্র আবার স্বাভাবিকভাবে কাজ শুরু করল। এরপর সেই ব্যক্তির শরীরে সফলভাবে দুটো ফুসফুস প্রতিস্থাপন করা হয়। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও তাঁর শরীরে অঙ্গ প্রত্যাখ্যানের কোনো লক্ষণ নেই, ফুসফুসও সম্পূর্ণ সুস্থভাবে কাজ করছে।
চিকিৎসাবিদদের মতে, এই কৃত্রিম ফুসফুস ব্যবস্থা ভবিষ্যতে মৃত্যুপথযাত্রী রোগী সহ বহু গুরুতর অসুস্থ রোগীর জন্য জীবনরক্ষাকারী সেতু হতে পারে। বিশেষত যাঁরা প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন, কিন্তু সেই মুহূর্তে অস্ত্রোপচারের জন্য যথেষ্ট সুস্থ নন।
এটি শুধুমাত্র চিকিৎসাবিজ্ঞানের জগতে আরেকটি সাফল্যই নয়, এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহস, উদ্ভাবন এবং মানবজীবন রক্ষার অদম্য প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত।
সূত্র: 48 hours without lungs: artificial organ kept man alive until transplant by Rachel Fieldhouse, published in Nature journal .
doi: https://doi.org/10.1038/d41586-026-00239-y
