মহাজাগতিক শূন্যস্থান: তবু শূন্য নয়  

মহাজাগতিক শূন্যস্থান: তবু শূন্য নয়  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মার্চ, ২০২৬

মহাবিশ্বকে দূর থেকে পর্যবেক্ষণ করলে বিজ্ঞানীরা এক বিস্ময়কর গঠন দেখতে পান। ছায়াপথ, ছায়াপথের সমাহার ও তাদের সংযোগকারী সূক্ষ্ম সূত্র নিয়ে গড়ে ওঠা এক বিশাল মহাজাগতিক জাল। এই জালের মাঝখানে রয়েছে বিশাল ফাঁকা অঞ্চল, যাকে বলা হয় মহাজাগতিক শূন্যস্থান। প্রথম নজরে এইসব শূন্যস্থানকে মনে হয় মহাবিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ ও ফাঁকা এলাকা। সেখানে প্রায় কোনো পদার্থ, ছায়াপথ বা বিকিরণ নেই। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান জানাচ্ছে, এই শূন্যতা আসলে অতটা শূন্য নয়। বরং এই নিস্তদ্ধ অঞ্চলের মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের এক মৌলিক রহস্য।

ধরা যাক, কোনোভাবে একটি কসমিক শূন্যস্থান থেকে সবকিছু সরিয়ে নেওয়া হলো : স্বাভাবিক পদার্থ, নিউট্রিনো, ডার্ক ম্যাটার, কসমিক রে, এমনকি সব ধরনের বিকিরণও। তবুও সেখানে কিছু থেকে যাবে। সেটি হলো স্থান–কালের শূন্যতা, যা প্রকৃত অর্থে কখনোই সম্পূর্ণ খালি নয়।

আধুনিক কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব অনুযায়ী, মহাবিশ্বের মৌলিক উপাদান আসলে কণা নয়; বরং বিভিন্ন ধরনের ক্ষেত্র। ইলেকট্রন, কোয়ার্ক, নিউট্রিনো বা অন্য যেকোনো কণাই এই ক্ষেত্রগুলোর ক্ষুদ্র কম্পন বা তরঙ্গের প্রকাশ। অর্থাৎ আমরা যখন কোনো কণাকে দেখি, তখন আসলে সেই মৌলিক ক্ষেত্রের একটি স্থানীয় কম্পনকেই পর্যবেক্ষণ করি। এই ক্ষেত্রগুলো বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্বের প্রতিটি কোণায় সবচেয়ে ঘন অঞ্চল থেকে শুরু করে সবচেয়ে শূন্যস্থান পর্যন্ত বিস্তৃত ।

এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা ভ্যাকুয়াম এনার্জি/ শূন্যস্থানেও বিদ্যমান শক্তি। পদার্থবিজ্ঞানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে, প্রকৃতির কোনো ব্যবস্থাই সম্পূর্ণ শূন্য শক্তিতে থাকতে পারে না। ফলে তথাকথিত “খালি” স্থানেও কিছু শক্তি অবশ্যম্ভাবীভাবে উপস্থিত থাকে। এই অদৃশ্য শক্তিকেই আমরা মহাজাগতিক পরিমাপে দেখি ডার্ক এনার্জি হিসেবে। যে শক্তি মহাবিশ্বের সম্প্রসারণকে ক্রমশ দ্রুততর করে তুলছে।

ঘন পদার্থপূর্ণ অঞ্চল,যেমন- পৃথিবী, গ্যালাক্সি বা গ্যালাক্সি পুঞ্জে ডার্ক এনার্জির প্রভাব প্রায় অদৃশ্য। সেখানে মাধ্যাকর্ষণ ও পদার্থের শক্তিই প্রধান ভূমিকা পালন করে। কিন্তু মহাজাগতিক শূন্যস্থানে পদার্থের ঘনত্ব এত কম যে সেখানে ডার্ক এনার্জিই প্রধান শক্তি হিসেবে কাজ করে।

আসলে এই বিশাল শূন্য অঞ্চলগুলো কেবল নিস্তব্ধ ফাঁকা স্থান নয়; বরং মহাবিশ্বের সম্প্রসারণের এক সক্রিয় ক্ষেত্র। বিজ্ঞানীদের মতে, এই শূন্যস্থানগুলো ধীরে ধীরে প্রসারিত হয়ে আশপাশের ছায়াপথ ও মহাজাগতিক কাঠামোগুলোকে দূরে ঠেল দিচ্ছে। হয়তো কয়েক বিলিয়ন বছরের ব্যবধানে— এই প্রক্রিয়াই মহাজাগতিক জালের বর্তমান গঠনকে পরিবর্তন করে দিতে পারে।

অতএব, মহাজাগতিক শূন্যস্থানকে আমরা যতই “শূন্য’’বলে ভাবি না কেন, বাস্তবে তা এক গভীর শক্তিতে পূর্ণ। পদার্থের অনুপস্থিতিই সেখানে ডার্ক এনার্জির আধিপত্যকে স্পষ্ট করে তোলে। তাই মহাবিশ্বের সবচেয়ে নির্জন স্থানেও আসলে কাজ করে চলেছে এক অদৃশ্য শক্তি, যা নিঃশব্দে বদলে দিচ্ছে সমগ্র মহাবিশ্বের ভবিষ্যৎ।

 

সূত্র: Cosmic Voids Aren’t Empty – They’re Full of Something Far Stranger By Paul Sutter, published in Universe Today , 3rd March, 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 9 =