লিথিয়াম আহরণের উন্নত প্রযুক্তি 

লিথিয়াম আহরণের উন্নত প্রযুক্তি 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মার্চ, ২০২৬

আজকের বিশ্বে লিথিয়াম হয়ে উঠেছে আধুনিক শক্তি প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে সৌর-বায়ুশক্তির সঞ্চয় ব্যবস্থায় ব্যবহৃত রিচার্জেবল ব্যাটারির মূল উপাদান এই ধাতু। ফলে আগামী কয়েক দশকে লিথিয়ামের চাহিদা বিপুলভাবে বাড়বে। কিন্তু সমস্যা হলো, বর্তমানে লিথিয়াম আহরণের পদ্ধতিগুলো অত্যন্ত ধীর, ব্যয়বহুল এবং খুব পরিবেশবান্ধবও নয়।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স-এর গবেষকরা এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা লিথিয়াম আহরণের পদ্ধতিকে আরও উন্নত করেছে। গবেষণার বিবরণ প্রকাশিত হয়েছে শক্তি-বিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘জুল’-এ। গবেষকদের মতে, নতুন এই পদ্ধতি লিথিয়াম আহরণকে দ্রুত, সস্তা এবং পরিবেশবান্ধব করে তুলতে পারে।

বর্তমানে বিশ্বের প্রায় ৪০ শতাংশ লিথিয়াম উৎপাদিত হয় ভূগর্ভস্থ জলের লবণাক্ত ভাণ্ডার থেকে। প্রচলিত পদ্ধতিতে এই লবণাক্ত জল বিশাল আকারের খোলা পুকুরে জমা করে সূর্যের তাপে ধীরে ধীরে বাষ্পীভূত করা হয়। এই প্রক্রিয়ায় কখনও কখনও দুই বছর পর্যন্ত সময় লেগে যায়। পাশাপাশি এর জন্য বিপুল পরিমাণ জমি ও জল প্রয়োজন হয়, যা অনেক মরু অঞ্চলের পরিবেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। তাই নবায়নযোগ্য জ্বালানির চাহিদা একেবারে তুঙ্গে। এই নতুন প্রযুক্তিটি প্রচলিত দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়ার বিকল্প হিসেবে হাজির হয়েছে। গবেষকরা যে পদ্ধতি উদ্ভাবন করেছেন তার নাম “Switchable Solvent Selective Extraction’’ (S3E)। এটি একটি তাপ-সংবেদী দ্রাবক ব্যবহার করে সরাসরি লবণাক্ত জল থেকে লিথিয়াম আলাদা করে। সাধারণ তাপমাত্রায় এই দ্রাবকটি লবণাক্ত জলভাণ্ডার থেকে লিথিয়াম ও জলের অণু টেনে নেয়। পরে তাপ দিলে দ্রাবকটি লিথিয়ামকে আলাদা করে বিশুদ্ধ স্রোতে ছেড়ে দিয়ে নিজে আবার পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে।

এই পদ্ধতির আরেকটি বড় সুবিধা হলো এর উন্নত বাছাই ক্ষমতা। পরীক্ষায় দেখা গেছে, এটি সোডিয়ামের তুলনায় প্রায় ১০ গুণ এবং পটাশিয়ামের তুলনায় ১২ গুণ বেশি দক্ষতার সঙ্গে লিথিয়াম আলাদা করতে পারে। পাশাপাশি ম্যাগনেশিয়ামের মতো সাধারণ দূষককে রাসায়নিকভাবে পৃথক করে ফেলার ক্ষমতাও এতে রয়েছে।

গবেষকরা ক্যালিফোর্নিয়ার স্যাল্টন সি অঞ্চলের লবণাক্ত জলভাত বারের অনুকরণে ল্যাবরেটরিতে পরীক্ষা চালান। চারটি চক্রের মধ্যেই একই দ্রাবক ব্যবহার করে প্রায় ৪০ শতাংশ লিথিয়াম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এই ফলাফল দেখে আশা করা যাচ্ছে যে ভবিষ্যতে এটি ধারাবাহিক শিল্প উৎপাদনের পথ খুলে দিতে পারে।

যদিও প্রযুক্তিটি এখনও গবেষণার প্রাথমিক ধাপে রয়েছে, তবুও এটি ভবিষ্যতের শক্তিসম্পদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এর মাধ্যমে এমন সব অঞ্চলে লিথিয়াম আহরণ সম্ভব হতে পারে, যেখানে প্রচলিত পদ্ধতি কার্যকর নয়।

নতুন এই প্রযুক্তি যেমন লিথিয়াম উৎপাদনকে দ্রুত ও সাশ্রয়ী করতে পারে, ঠিক তেমনই এটি নবায়নযোগ্য শক্তির সরবরাহ শৃঙ্খলকেও আরও টেকসই ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

 

সূত্র : “A novel approach for direct lithium extraction from alkali metal cations in brine mixtures using thermally switchable solvents” by Elizabeth Dach, Juliana Marston,et.al; 21st January 2026, published in Joule.

DOI: 10.1016/j.joule.2025.102265

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =