সহিংসতা কি মানুষের সহজাত ?

সহিংসতা কি মানুষের সহজাত ?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৪ এপ্রিল, ২০২৬

মানুষের সহিংসতা কি জন্মগত? নাকি এই স্বভাব পরিবেশ ও সমাজের চাপে তৈরি হয়? এই চিরাচরিত প্রশ্নকে নতুন মোড়কে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্যের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা। এটির বিবরণ প্রকাশিত হয়েছে ইভোলিউশান লেটার্সে। এই গবেষণা প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে। এখানে ফুটে উঠেছে যে মানুষসহ অন্যান্য প্রাইমেটের সহিংসতা কোনো একক উৎস থেকে উদ্ভূত নয়। ছোটখাটো আগ্রাসনই ধীরে ধীরে মারাত্মক সহিংসতার দিকে নিয়ে যায়।

গবেষণাটির নেতৃত্বে ছিলেন বোনাভেনতুরা মাজোলো। তিনি সহকর্মীদের নিয়ে প্রায় ১০০টি প্রাইমেট প্রজাতির আচরণ বিশ্লেষণ করেন। তাদের অনুসন্ধানে উঠে আসে এক বিশেষ সত্য: দৈনন্দিন জীবনের হালকা আগ্রাসন (যেমন- ঝগড়া, প্রতিযোগিতা বা আধিপত্য দেখানো) এবং চরম সহিংসতা (যেমন- প্রাণঘাতী আক্রমণ বা শিশুহত্যা) একে অপরের ধারাবাহিক ফল নয়।

এই ফলাফল স্বভাবতই আমাদের ভাবনার জগতে বড় পরিবর্তন এনেছে। এতদিন ধরে মনে করা হতো, যে প্রজাতি বেশি “আক্রমণাত্মক’’, তারা স্বাভাবিকভাবেই বেশি “হিংস্র’’। কিন্তু গবেষণাটি দেখায়, বাস্তবতা ঠিক এরকম নয়। অনেক প্রজাতিতে প্রতিদিনের হালকা সংঘাত থাকলেও তারা কখনোই প্রাণঘাতী সহিংসতায় জড়িয়ে যায় না। অর্থাৎ, আগ্রাসনকে একটি একক স্কেলে মাপা যায় না। এটি ভিন্ন স্তর ও প্রেক্ষাপটে ভিন্নভাবে কাজ করে। গবেষকরা আরও দেখিয়েছেন যে, মারাত্মক সহিংসতার পেছনে থাকে আলাদা বিবর্তনীয় ও সামাজিক কারণ। যেমন, সীমিত সম্পদের জন্য তীব্র প্রতিযোগিতা, প্রজনন কৌশল, বা গোষ্ঠীগত সংঘর্ষ। অন্যদিকে, হালকা আগ্রাসন প্রায়ই সামাজিক সম্পর্ক বজায় রাখা বা অবস্থান নির্ধারণের অংশ। ফলে, এই দুই ধরনের আচরণকে এক সূত্রে বাঁধা বৈজ্ঞানিকভাবে ভুল।

এই গবেষণার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো—এটি মানুষের প্রকৃতি নিয়ে আমাদের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করে। মানুষকে “সহজাতভাবে সহিংস’’ বলা যতটা সহজ, বাস্তবতা কিন্তু ততটা সরল নয়। বরং মানুষের আচরণ গড়ে ওঠে জিন, পরিবেশ, সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর জটিল মেলবন্ধনে।

মানুষের সহিংসতা কোনো একমাত্রিক বা অবশ্যম্ভাবী বৈশিষ্ট্য নয়। বরং এটি বিভিন্ন পরিস্থিতি ও প্রভাবের উপর নির্ভরশীল। তাই মানুষের সহিংসতা বোঝার জন্য আমাদের প্রয়োজন আরও গভীর, সূক্ষ্ম এবং প্রেক্ষাপটভিত্তিক দৃষ্টিভঙ্গি।

 

সূত্র: “Origins of violence: evolutionary decoupling between mild and lethal conspecific aggression in primates” by Bonaventura Majolo, Samantha J Wakes and Marcello Ruta, 3 March 2026, Evolution Letters.

DOI: 10.1093/evlett/qrag002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =