সেপসিসের চিকিৎসায় আশার আলো 

সেপসিসের চিকিৎসায় আশার আলো 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ফেব্রুয়ারী, ২০২৬

হাসপাতালের আইসিইউতে প্রতিদিনই চলে জোর লড়াই। সেখানে অনেক সময় সংক্রমণের বিরুদ্ধে লড়তে গিয়ে শরীর নিজেকেই আক্রমণ করে বসে—আর সেই ভয়ংকর অবস্থার নামই সেপসিস। দ্রুত চিকিৎসা না করলে অঙ্গ বিকল বা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে; একে বাংলায় সাধারণত “রক্তের বিষক্রিয়া” বা “সংক্রমণ জনিত ব্যাপক প্রদাহ” বলা হয়। চিকিৎসকদের জন্য এই রোগ দীর্ঘদিন ধরেই এক দুঃস্বপ্ন। কারণ এত প্রাণহানির পরেও এই রোগের কোনো নির্দিষ্ট ওষুধ ছিল না। এ রোগের প্রকৃতি মারাত্মক। তার ওপর উপযুক্ত চিকিৎসা না থাকার ফলে দেখা দেয় অচলাবস্থা যা প্রতিবছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয়। কিন্তু এবার সেই দুঃসময় কাটতে চলেছে। সাম্প্রতিক এক গবেষণা চিকিৎসাবিজ্ঞানে নতুন আশার সঞ্চার করেছে। অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এক নতুন ওষুধ- STC3141 মানবদেহে পরীক্ষায় আশাব্যঞ্জক ফল দেখিয়েছে।

২০২৬ সালের ৩০শে জানুয়ারি প্রকাশিত তথ্য অনুযায়ী, STC3141 নামের এই পরীক্ষামূলক ওষুধটি চীনে পরিচালিত দ্বিতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালে সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সেপসিসে আক্রান্ত মোট ১৮০ জন রোগীর ওপর এর পরীক্ষা করা হয়। গবেষণার ফল বলছে, ওষুধটি সেপসিসের তীব্রতা কমাতে সক্ষম হয়েছে। শুধু তাই নয় অঙ্গহানির ঝুঁকিও হ্রাস পেয়েছে, আর পাশাপাশি চিকিৎসকদের মনে জন্ম নিয়েছে নতুন ভরসা।

STC3141 একটি কার্বোহাইড্রেট-ভিত্তিক ক্ষুদ্র অণু। এটি সেপসিসের সময় শরীরের অতিরিক্ত ও ক্ষতিকর রোগপ্রতিরোধী প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। সচরাচর সেপসিস কোনো সাধারণ সংক্রমণ নয়, সেপসিস হলে শরীরের অনাক্রম্য তন্ত্র সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে এবং নিজের অঙ্গ-প্রত্যঙ্গেরই ক্ষতি করতে শুরু করে। হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি—একটির পর একটি অঙ্গ সংক্রমণ ঠেকাতে গিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসের শিকার হয়। এই অস্বাভাবিক প্রতিক্রিয়াই অঙ্গ বিকল, সেপটিক শক এবং মৃত্যুর কারণ হয়। STC3141 ঠিক সেই জায়গাটিতেই আঘাত হানে। এটি শরীরের অতিসক্রিয় ও ক্ষতিকর রোগপ্রতিরোধক প্রতিক্রিয়াকে শান্ত করে, নিজের সাথে নিজের লড়াই থামায়।

গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক মার্ক ভন ইটজস্টাইন জানিয়েছেন, পরীক্ষাটি মূল লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে, ওষুধটি মানুষের ক্ষেত্রে কার্যকর হতে পারে তার প্রমাণ পাওয়া গেছে। তাঁর মতে, এটি কেবল উপসর্গ নিয়ন্ত্রণ নয়, বরং অঙ্গের ক্ষতিও আংশিকভাবে আটকাতে পারে, যা সেপসিসের চিকিৎসায় একটি যুগান্তকারী দৃষ্টিভঙ্গি।

এই গবেষণায় গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর বায়োমেডিসিন অ্যান্ড গ্লাইকোমিক্স এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এ এন ইউ )-র গবেষকেরা যৌথভাবে কাজ করেছেন। চীনে ট্রায়ালটি পরিচালনা করেছে গ্র্যান্ড ফার্মাসিউটিক্যাল গ্রুপ লিমিটেড।

গবেষকদের আশা, শীঘ্রই এই ওষুধটি তৃতীয় পর্বের ট্রায়ালে প্রবেশ করবে। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক বছরের মধ্যেই এটি বাজারে আসতে পারে। সফল হলে STC3141 হতে পারে বিশ্বের প্রথম কার্যকর ও লক্ষ্যভিত্তিক সেপসিস চিকিৎসা, যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাতে সক্ষম হবে।

 

সূত্র: Breakthrough sepsis drug shows promise in human trial

A breakthrough sepsis drug has passed a major human trial, raising hopes for the first effective treatment for a condition that kills millions each year by Griffith University, Materials provided by Griffith University, 30th January 2026. <www.sciencedaily.com/releases/2026/01/260129080437.htm>.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =