টাইপ- ১ ডায়াবেটিসে মেটফরমিন

টাইপ- ১ ডায়াবেটিসে মেটফরমিন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ মার্চ, ২০২৬

অস্ট্রেলিয়ার শীর্ষ প্রতিষ্ঠান গারভান ইন্সটিটিউট অফ মেডিক্যাল রিসার্চের নেতৃত্বে পরিচালিত এক ক্লিনিক্যাল ট্রায়াল টাইপ–১ ডায়াবেটিস চিকিৎসায় বহুল ব্যবহৃত ও সাশ্রয়ী ওষুধ মেটফরমিনের একটি অপ্রত্যাশিত উপকারিতা তুলে ধরেছে। বহু বছর ধরে টাইপ–২ ডায়াবেটিসের ওষুধ হিসেবে পরিচিত মেটফরমিনকে টাইপ–১ রোগীদের ক্ষেত্রেও ইনসুলিন প্রতিরোধ কমানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। আগে এ বিষয়ে শক্তপোক্ত প্রমাণভিত্তিক গবেষণা ছিল না; চিকিৎসকদের অভিজ্ঞতার ওপরই ব্যবহার নির্ভর করত। সম্প্রতি নেচার কমিউনিকেশনস -এ প্রকাশিত গবেষণাপত্রে এই র‌্যান্ডমাইজড কন্ট্রোল্ড ট্রায়ালের বিবরণ থেকে দেখা যায়, মেটফরমিন টাইপ–১ ডায়াবেটিসে সরাসরি ইনসুলিন প্রতিরোধ কমায় না। অথচ এটি দীর্ঘদিন সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছিল। কিন্তু তা যে শরীরের কোষকে ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল করে তোলে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আশ্চর্যের বিষয়টা হল, মেটফরমিন সরাসরি ইন্সুলিন প্রতিরোধ ঠেকাতে পারেনি ঠিকই, কিন্তু দেখা গেছে, যারা মেটফরমিন গ্রহণ করেছেন, তারা প্রতিদিন প্রায় ১২ শতাংশ কম ইনসুলিন ব্যবহার করেই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

টাইপ–১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষ ধ্বংস করে দেয়। ফলে রোগীকে সারা জীবন ইনসুলিন নিতে হয়। প্রতিদিন রক্তে শর্করা মাপা, ডোজ ঠিক করা, খাবার ও শারীরিক কার্যকলাপ সামঞ্জস্য করা, সব মিলিয়ে একজন রোগীকে গড়ে প্রায় ১৮০টি স্বাস্থ্যসংক্রান্ত সিদ্ধান্ত নিতে হয়। এর ওপর যদি ইনসুলিন প্রতিরোধ তৈরি হয়, তবে আরও বেশি ডোজ প্রয়োজন হয়, যা হৃদ্‌রোগসহ নানা জটিলতার ঝুঁকি বাড়ায়।

এই গবেষণায় দীর্ঘমেয়াদি টাইপ–১ ডায়াবেটিসে আক্রান্ত ৪০ জন প্রাপ্তবয়স্ককে ছয় মাসের জন্য হয় মেটফরমিন না হয় প্লাসিবো দেওয়া হয়। ‘ক্ল্যাম্প স্টাডি’ নামের উন্নত পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশে ইনসুলিন প্রতিরোধের মাত্রা বিশ্লেষণ করা হয়। ফলাফল হিসেবে দেখা গেছে , ইনসুলিন সংবেদনশীলতায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও বাহ্যিক ইনসুলিন গ্রহণের মোট প্রয়োজনীয়তা কিছুটা হলেও কমেছে।

গবেষকদের মতে, ইনসুলিন জীবনরক্ষাকারী হলেও মানসিক ও শারীরিক চাপ তৈরি করে। তাই ইনসুলিনের ডোজ কমানো রোগীদের জন্য এক গুরুত্বপূর্ণ লক্ষ্য। এখন প্রশ্ন হল মেটফরমিন কীভাবে এই প্রভাব তৈরি করছে? ধারণা করা হচ্ছে, মেটফরমিনের এই প্রভাব অন্ত্রের জীবাণুসমষ্টি বা মাইক্রোবায়োমে পরিবর্তনের কারণ হলেও হতে পারে। যদিও টাইপ–১ ডায়াবেটিসে মেটফরমিনের কার্যকারিতা নিয়ে আগে গবেষণা হয়নি, তবু ভবিষ্যৎ অনুসন্ধান হয়তো মেটফরমিনের কার্যপ্রণালী স্পষ্ট করবে এবং টাইপ–১ ডায়াবেটিস ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

সূত্র : “Effect of metformin on insulin resistance in adults with type 1 diabetes: a 26-week randomized double-blind clinical trial” by Jennifer R. Snaith, Nick Olsen, 24th November 2025, published in Nature Communications.

DOI: 10.1038/s41467-025-65951-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =