জাদু মাশরুমের প্রকৃত উৎস 

জাদু মাশরুমের প্রকৃত উৎস 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ মার্চ, ২০২৬

সম্প্রতি আফ্রিকায় আবিষ্কৃত হয়েছে এক নতুন সাইকেডেলিক ছত্রাক প্রজাতি। তা “ম্যাজিক মাশরুম’’- এর বিবর্তন ও বিস্তারের ইতিহাসকে এক নতুন আঙ্গিকে ফুটিয়ে তুলেছে। এই নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে সাইলসাইব ওখরাসিওসেন্ট্রাটা। এটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের তৃণভূমিতে গরুর গোবরের মধ্যে জন্মায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রসিডিংস অফ দ্য রয়াল সোসাইটি বি-তে।

“ম্যাজিক মাশরুম’’বলতে সাধারণত যে প্রজাতিটির কথা বোঝানো হয়, তা হলো সাইলোসাইব কিউবেন্সিস। এর মধ্যে থাকে সাইকেডেলিক রাসায়নিক পদার্থ, যা মনের মধ্যে অলীক অনুভূতি উদ্রেক করে। মানুষের অনুভূতি, দৃষ্টিভঙ্গি ও সময়জ্ঞানকে তা পরিবর্তিত করতে পারে। এটি মাঝারি বা বেশি মাত্রায় বিভ্রম সৃষ্টি করে। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, খুব অল্প মাত্রায় ব্যবহার করলে মানসিক চিকিৎসায় এর সম্ভাব্য উপকারিতা থাকতে পারে।

এতদিন ছত্রাক বিশেষজ্ঞরাও মনে করতেন, সাইলোসাইব কিউবেন্সিস আমেরিকা মহাদেশে এসেছে ইউরোপীয় উপনিবেশ স্থাপনের সময়। কারণ ১৬০০ শতকের আগে আমেরিকায় গবাদি পশু, বিশেষ করে গরু ছিল না। যেহেতু এই ছত্রাক সাধারণত গরুর গোবরের ওপর জন্মায়, তাই ধারণা করা হয় ইউরোপীয়রা গরু নিয়ে আসার সঙ্গে সঙ্গেই এই ছত্রাকও আমেরিকায় ছড়িয়ে পড়ে।

কিন্তু নতুন এই আবিষ্কার সেই ধারণা কতটা যথার্থ তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। গবেষকরা আফ্রিকায় পাওয়া সাইলোসাইব ওখরাসিওসেন্ট্রাটা -র ডিএনএ বিশ্লেষণ করে দেখেছেন, এটি দেখতে অনেকটা সাইলোসাইব কিউবেন্সিস-এর মতো হলেও, আসলে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি প্রজাতি। এর পরিবেশগত বৈশিষ্ট্য, রাসায়নিক গঠন এবং জিন বৈশিষ্ট্য সবই ভিন্ন।

এছাড়া এই গবেষণার ফলাফল আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। বিজ্ঞানীদের ধারণা , সাইলোসাইব কিউবেন্সিস এবং সাইলোসাইব ওখরাসিওসেন্ট্রাটা প্রায় ১৫ লক্ষ বছর আগে অভিন্ন জিন উৎস থেকে আলাদা হয়ে বিবর্তিত হয়েছে। অর্থাৎ, এই ছত্রাকের ইতিহাস মানুষের কৃষি বা গবাদি পশুপালনের ইতিহাসের থেকে অনেক প্রাচীন। আরও একটি আকর্ষণীয় সম্ভাবনা হলো, গরু হয়তো এই ছত্রাককে আমেরিকায় নিয়ে যায়নি। আসলে আমেরিকায় পৌঁছানোর পর গরু আর এই ছত্রাকের মধ্যে এক পারস্পরিক মিথোজীবী সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্কই পরবর্তীতে ছত্রাকটির বিস্তারকে সহজ করেছে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, আফ্রিকার ছত্রাক বৈচিত্র্য নিয়ে এখনো পর্যন্ত খুব কম গবেষণা হয়েছে। তাই ভবিষ্যতে আরও নতুন প্রজাতি আবিষ্কৃত হলে এই বিবর্তনের ইতিহাস আরও পরিষ্কার হতে পারে।

 

সুত্র: New psychedelic fungus rewrites origins of magic mushrooms by Andrew Paul Published on March 10, 2026 7:01 PM EDT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 10 =