গতি-জনিত অসুস্থতার সমাধান 

গতি-জনিত অসুস্থতার সমাধান 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ মার্চ, ২০২৬

গাড়ি থেকে নামার পর হালকা মাথা ঘোরা হোক কিংবা অ্যান্টার্কটিকার উত্তাল সমুদ্রে বমি বমি ভাব, সবই হল ‘মোশন সিকনেস’ বা গতি-জনিত অসুস্থতা। আমাদের অনেকেরই কাছেই যা পরিচিত সমস্যা। এটি যেমন অস্বস্তিকর, তেমনই খুব সাধারণ এক শারীরিক প্রতিক্রিয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার কারণে ভ্রমণের আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করার কোনো প্রয়োজন নেই। ‘মোশন সিকনেস’ মূলত আমাদের মস্তিষ্কের একটি বিভ্রান্তির ফল। আমরা যখন চলন্ত গাড়ি, জাহাজ বা বিমানে থাকি, তখন আমাদের চোখ, কানের ভেতরের ভারসাম্য-নিয়ন্ত্রক (ভেস্টিবুলার) সিস্টেম এবং শরীরের অন্যান্য সংবেদনশীল অংশ একসঙ্গে মিলে মস্তিষ্ককে জানায় আমরা কীভাবে নড়াচড়া করছি। কিন্তু অনেক সময়ই এই সংকেতগুলো একে অপরের সঙ্গে মেলে না। যেমন, কেউ গাড়ির ভেতরে বসে বই পড়ছেন, তাতে চোখ বলছে তিনি স্থির, কিন্তু কানের ভেতরের অংশ বুঝতে পারছে যে ব্যক্তিটি চলমান। এই দ্বন্দ্বই মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি করে এবং তার ফলেই মাথা ঘোরা, বমি বমি ভাব বা ঘাম হওয়া শুরু হয়। বিশেষজ্ঞ স্টিনারসন জানিয়েছেন, “এটি কোনো একক অঙ্গের সমস্যা নয়, বরং বিভিন্ন সংবেদন থেকে আসা অসামঞ্জস্যপূর্ণ তথ্যের কারণে মস্তিষ্কের মধ্যে ঘটা প্রতিক্রিয়া”।

এই কারণেই ‘সুস্থ মস্তিষ্কের অভ্যাস’ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত বিশ্রাম এই গতি-জনিত অসুস্থতা কমাতে সাহায্য করতে পারে, কারণ ক্লান্ত মস্তিষ্ক সহজেই বিভ্রান্ত হয়। একইভাবে, পর্যাপ্ত জল পান করা চাই। এগুলি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক। এছাড়াও, ভ্রমণের সময় কিছু সহজ প্রস্তুতি এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে। যেমন কিছু ওষুধ যেগুলি মূলত মোশন সিকনেসের উপসর্গ কমাতে ব্যবহৃত হয়। তবে ওষুধ নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময়ই ভালো। প্রাকৃতিক উপায়েও কিছুটা উপশম পাওয়া সম্ভব। বহুদিন ধরেই জানা, আদা বমি বমি ভাব কমাতে ব্যবহৃত হয়ে আসছে। আদা দিয়ে তৈরি লজেন্স অনেকের ক্ষেত্রেই কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া সেই সময় হালকা গান শোনা বা মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখা, যেমন- পডকাস্ট শোনা মস্তিষ্ককে বিভ্রান্তি থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। সব মিলিয়ে, মোশন সিকনেস একটি সাধারণ এবং নিয়ন্ত্রণযোগ্য সমস্যা। সঠিক প্রস্তুতি নিলেই যে কেউ নিশ্চিন্তে উপভোগ করতে পারেন গাড়ি করে পরবর্তী যাত্রা কিংবা দূরবর্তী কোনো অভিযাত্রা।

 

সূত্র: Popular Science, March 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =