কোলাজেন: ধীরে কাজ স্থায়ী প্রভাব

কোলাজেন: ধীরে কাজ স্থায়ী প্রভাব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ এপ্রিল, ২০২৬

কোলাজেন আজকের দিনে স্বাস্থ্য ও রূপচর্চার জগতের এক বহুল আলোচিত নাম। বহু বিজ্ঞাপনে দাবি করা হয় এটি নাকি চটজলদি তারুণ্যের চাবিকাঠি। কিন্তু বাস্তব কি তাই বলছে? অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক একটি বিস্তৃত গবেষণা এই দাবিগুলোর বাস্তবতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিয়েছে।

এই গবেষণাটি প্রকাশিত হয়েছে এস্থেটিক সার্জারি জার্নাল ওপেন ফোরাম-এ। এখানে বিশ্বজুড়ে পরিচালিত অসংখ্য গবেষণার ফল একত্র করে বিশ্লেষণ করা হয়েছে। এতে অন্তর্ভুক্ত ছিল ১৬টি সিস্টেম্যাটিক রিভিউ, ১১৩টি ক্লিনিক্যাল ট্রায়াল এবং প্রায় ৮,০০০ মানুষের তথ্য। এটি কোলাজেন নিয়ে হওয়া এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত বিশ্লেষণগুলোর একটি।

এই বিশ্লেষণের ফল প্রকৃতপক্ষে বাস্তবতারই প্রতিফলন। দেখা গেছে, নিয়মিত এবং দীর্ঘমেয়াদে কোলাজেন গ্রহণ করলে ত্বকের গুণগত মান উন্নত হতে পারে। ত্বক হয়ে উঠতে পারে আরও নমনীয়, আরও আর্দ্র—যা বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে। একইসঙ্গে, অস্টিওআর্থ্রাইটিসে ভোগা মানুষের ক্ষেত্রে জয়েন্টের ব্যথা ও শক্তভাব কমাতেও এটি কার্যকর হতে পারে। অর্থাৎ, ধীরে ধীরে শরীরের ভেতরে কাজ করে কোলাজেন, হঠাৎ নয়। তবে এখানেই শেষ নয়। এই গবেষণা কিছু জনপ্রিয় ধারণাকেও ভেঙে দিয়েছে। অনেকেই মনে করেন, কোলাজেন খেলাধুলার পারফরম্যান্স বাড়ায় বা দ্রুত শক্তি ফেরায়। কিন্তু তথ্য বলছে, ব্যায়ামের পর ক্লান্তি বা পেশির ব্যথা কমানো কিংবা টেন্ডনকে শক্তিশালী করার ব্যাপারে কোলাজেনের উল্লেখযোগ্য কোনো প্রভাব নেই। সহজভাবে বললে এটি কোনো “ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার” নয়।

পেশির গঠন বা ভর বাড়াতে সামান্য ইতিবাচক প্রভাব থাকলেও তা খুব বড় নয়। বরং এটি স্বাস্থ্যকর বার্ধক্যর উপযোগী। অন্যদিকে, হৃদ্‌রোগ, রক্তচাপ, কোলেস্টেরল বা রক্তে শর্করার ওপর কোলাজেনের প্রভাব এখনো স্পষ্ট নয়। দাঁত ও মাড়ির স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রমাণ সীমিত।

গবেষকরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সাম্প্রতিক গবেষণাগুলোতে কিছু ক্ষেত্রে ভালো ফলাফল দেখা যাচ্ছে, সম্ভবত উন্নত প্রযুক্তি ও নতুন ধরনের কোলাজেন ফর্মুলেশনের কারণে। তবুও, তারা সতর্ক করে বলেছেন এখনো আরও দীর্ঘমেয়াদি ও উচ্চমানের গবেষণা প্রয়োজন।

কোলাজেন কোনো অলৌকিক “সুপার সাপ্লিমেন্ট’’ নয়। তবে নিয়মিত, ধৈর্য ধরে ব্যবহার করলে এটি ত্বক ও জয়েন্টের স্বাস্থ্যে নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অর্থাৎ, এটি দ্রুত ফলের প্রতিশ্রুতি দেয় না, সময়ের সঙ্গে আস্তে আস্তে কাজ করে, শরীরকে ভেতর থেকে সহায়তা করে।

 

সূত্র: Collagen Supplementation for Skin and Musculoskeletal Health: An Umbrella Review of Meta-Analyses on Elasticity, Hydration, and Structural Outcomes” by Roshan Ravindran, Damiano Pizzol,et.al; 30 January 2026, Aesthetic Surgery Journal Open Forum.

DOI: 10.1093/asjof/ojag018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =