কেন সাইকেল চালানোর কৌশল কেউ ভোলে না 

কেন সাইকেল চালানোর কৌশল কেউ ভোলে না 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ এপ্রিল, ২০২৬

সাইকেল চালানো একবার শিখলে আর ভোলা যায় না। সাইকেল চালানো শেখার সময় কখনো না কখনো আমরা এই পরামর্শখানা পেয়েই থাকি। এ কেবল মামুলি কথার কথা নয়। এর পেছনে রয়েছে বেশ জটিল স্নায়ুবিজ্ঞান। কি অদ্ভুত ব্যাপার , আমরা গতকাল কী খেয়েছি সেটা ভুলে যাই, অথচ বহু বছর পরেও সাইকেলে উঠলে অনায়াসে ভারসাম্য রাখতে পারি! এর উত্তর লুকিয়ে আছে আমাদের স্মৃতির ধরনে। মানুষের মস্তিষ্ক সবকিছু একভাবে মনে রাখে না। মানুষের দীর্ঘমেয়াদি স্মৃতি মূলত তিন ধরনের—সেমান্টিক, এপিসোডিক এবং প্রসিডিউরাল। সেমান্টিক স্মৃতি আমাদের সাধারণ জ্ঞান ও তথ্য সংরক্ষণ করে, যেমন কোনো বস্তুর ব্যবহার বা প্রাণীর পার্থক্য বোঝা। এপিসোডিক স্মৃতি ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত, যেমন কোনো বিশেষ দিন বা ঘটনার স্মৃতি। আর প্রসিডিউরাল স্মৃতি হলো এমন দক্ষতা, যা আমরা বারবার অনুশীলনের মাধ্যমে অর্জন করি। গিটার বাজানো, টাইপ করা, সাইকেল চালানো প্রভৃতি পড়ে এই শেষ শ্রেণিতে, প্রসিডিউরাল স্মৃতির গোত্রে। এই স্মৃতিগুলো মস্তিষ্কের বিশেষ কিছু অংশে সংরক্ষিত থাকে, যেমন- বেসাল গ্যাংলিয়া এবং সেরিবেলাম। এই অঞ্চলগুলো মোটর কার্যকলাপ বা শারীরিক নড়াচড়ার সঙ্গে জড়িত। ফলে একবার কোনো দক্ষতা ভালোভাবে শিখে গেলে তা অনেক বেশি স্থায়ী হয়ে যায় এবং সময়ের সঙ্গে সহজে তা নষ্টও হয় না।

এই ধরনের স্মৃতির আরেকটি বৈশিষ্ট্য হলো, এগুলো স্বয়ংক্রিয় হয়ে যায়। সাইকেল চালানোর সময় আমরা প্রতিটি ধাপ আলাদাভাবে চিন্তা করি না, শরীর নিজে থেকেই ভারসাম্য রাখে এবং প্যাডেলে পা ফেলে। এই স্বয়ংক্রিয়তা আসে বারবার অনুশীলনের মাধ্যমে। যখন আমরা কোনো কাজ বারবার করি, তখন মস্তিষ্কে সংশ্লিষ্ট স্নায়বিক পথগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে, ফলে সেই কাজটি ভবিষ্যতে সহজে করা যায়।

তবে এর মানে এই নয় যে প্রসিডিউরাল স্মৃতি কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। সময়ের সঙ্গে সঙ্গে এই স্মৃতিও কিছুটা কমজোরি হতে পারে, কিন্তু এটি এপিসোডিক স্মৃতির তুলনায় অনেক ধীরে ক্ষয় হয়। তাই অনেক বছর পরেও কেউ সাইকেল চালাতে গেলে প্রথমে একটু অস্বস্তি হলেও খুব দ্রুতই পূর্বের স্বাচ্ছন্দ্য ফিরে পায়। বিজ্ঞানীরা সরাসরি সাইকেল চালানোর মাধ্যমে স্মৃতি নিয়ে গবেষণা করতে খুব একটা সফল হননি। কারণ, চলন্ত অবস্থায় মানুষের মস্তিষ্ক স্ক্যান করা কঠিন, আর ব্যক্তির নিজের দক্ষতা সম্পর্কে ধারণাও সবসময় নির্ভরযোগ্য নয়। তাই তারা সাধারণত নতুন মোটর দক্ষতা শেখানোর মাধ্যমে প্রসিডিউরাল স্মৃতি নিয়ে পরীক্ষা করেন, যেমন আয়নায় হাত দেখে আঁকা শেখা। এই ধরনের পরীক্ষায় দেখা যায়, অনুশীলনের মাধ্যমে মানুষ দ্রুত দক্ষ হয়ে ওঠে।

অনুশীলনই দক্ষতার মূল চাবিকাঠি। একবার কোনো কাজ করলেই তা স্থায়ীভাবে মনে থাকে না; বরং বারবার চর্চার মাধ্যমে সেটি মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে যায়।

মানুষের এই ক্ষমতা—দক্ষতাকে প্রায় স্বয়ংক্রিয়ভাবে মনে রাখা বিবর্তনের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার জন্য অনেক কাজ দ্রুত এবং সচেতন চিন্তা ছাড়াই করতে হয়, যেমন বিপদ থেকে পালানো বা খাদ্য সংগ্রহ করা। তাই সাইকেল চালানোর মতো দক্ষতা আমাদের মস্তিষ্ক এমনভাবে সংরক্ষণ করে, যা সহজে ভোলা যায় না।

সূত্র: Why you never forget how to ride a bike, The brain stores skills differently than facts, making them harder to forget By Adam Kovac, Published on April 12th , 2026 8:01 AM EDT.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 7 =