একটানা কয়েক বছর ভয়াবহ ঝড়-ঝঞ্ঝার পর ২০২৬ সালে আটলান্টিক মহাসাগরের শক্তিশালী ঘূর্নিঝড়ের (হ্যারিকেন) দাপট কিছুটা শান্ত থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। নতুন পূর্বাভাসে দেখা যাচ্ছে, এ বছর বড় ধরনের হারিকেনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। এর পেছনে কাজ করছে প্রশান্ত মহাসাগরের জলবায়ু চক্রের এক গুরুত্বপূর্ণ পরিবর্তন – দুর্বল লা নিনা থেকে ধীরে ধীরে শক্তিশালী এল নিনো অবস্থায় প্রবেশ।
এই আশাব্যঞ্জক পূর্বাভাস দিয়েছে কলোরাডো স্টেট ইউনিভার্সিটির (সি এস ইউ) ট্রপিক্যাল মেটিওরোলজি প্রজেক্ট/ ক্রান্তীয় আবহিক প্রকল্প। তাদের বার্ষিক প্রতিবেদনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাতের ধরণ এবং বায়ুমণ্ডলীয় অবস্থার বিশ্লেষণ করে বলা হয়েছে, ২০২৬ সালে আটলান্টিক অঞ্চলে ঝড়ের তৎপরতা গড়ের নীচে থাকবে।
বিশেষজ্ঞদের অনুমান, এ বছর মোট ১৩টি নামধারী ঝড় সৃষ্টি হতে পারে। এর মধ্যে ৬টি বিধ্বংসী হারিকেনের রূপ নিতে পারে, যেগুলো ক্যাটিগরি ১ বা ২ মাত্রার। আর মাত্র ২টি বড় হারিকেন অর্থাৎ ক্যাটিগরি ৩ বা তার বেশি শক্তিশালী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এটি তুলনামূলক শান্ত একটি চিত্র।
ঝুঁকির পরিসংখ্যানও কিছুটা স্বস্তিদায়ক। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বড় হারিকেন আঘাত হানার সম্ভাবনা ধরা হয়েছে ৩২ শতাংশ, যেখানে দীর্ঘমেয়াদি ঐতিহাসিক গড় ৪৩ শতাংশ। ক্যারিবীয়ান অঞ্চলে এই সম্ভাবনা ৩৫ শতাংশ, যা স্বাভাবিক গড় ৪৭ শতাংশ-এর নীচে।
এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ENSO (El Niño-Southern Oscillation) জলবায়ু ব্যবস্থা। লা নিনা অবস্থায় সাধারণত সমুদ্রপৃষ্ঠ তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এবং বায়ুপ্রবাহ শক্তিশালী হয়। বিপরীতে এল নিনো এলে প্রশান্ত মহাসাগরের জল উষ্ণ হয়, বায়ুপ্রবাহের ধরন বদলে যায় এবং আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে উচ্চতাভেদে বাতাসের গতি ও দিকের পার্থক্য বাড়ে (ভার্টিক্যাল উইন্ড শিয়ার)। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের শক্তিশালী রূপে সংগঠিত হওয়া একটু কঠিন, ফলে হারিকেনের শক্তি বাড়ার সম্ভাবনা এখানেই কমে যায়।
তবে আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন , শান্ত আবহওয়া মানেই নিরাপদ মরশুম নয়। কোনো একটা শক্তিশালী হারিকেনও উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। তাই পূর্বাভাস যতই অনুকূল হোক, প্রস্তুতিতে ঢিল দিলে চলবে না।
উপকূলীয় বাসিন্দাদের এখনই জরুরি খাদ্য, বিশুদ্ধ জল, টর্চলাইট, ব্যাটারি, পাওয়ারব্যাংক এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সতর্কতা সরিয়ে নেওয়ার নির্দেশ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়মিত অনুসরণ করাও জরুরি।
আটলান্টিক মহাসাগরীয় প্রবল ঘূর্ণিঝড়ের তান্ডব আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১ জুন, শেষ হবে ৩০ নভেম্বর। আগামী কয়েক সপ্তাহে NOAA-সহ আরও সংস্থা নতুন পূর্বাভাস প্রকাশ করবে। তাই আবহওয়া শান্ত থাকার সম্ভাবনা থাকলেও সতর্ক থাকা এবং নিয়মিত আবহাওয়ার খবর অনুসরণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
সূত্র: Meteorologists predict a fairly chill 2026 Atlantic hurricane season by Andrew Paul, Published on April 14th , 2026 11:40 AM EDT.
