লিওনার্দো দা ভিঞ্চিকে শুধু চিত্রশিল্পী বললে ভুল হবে। তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী, প্রকৌশলী, ভাস্কর, অ্যানাটমিস্ট, উদ্ভিদবিদ ও উদ্ভাবক। ১৪৫২ সালের ১৫ এপ্রিলে তাঁর জন্ম। দা ভিঞ্চি আজও রেনেসাঁস যুগের প্রতীক। তবে তাঁর অসাধারণ প্রতিভার পেছনে আরেকটি বাস্তবতা ছিল- অর্থের জোগান। আজকের বিজ্ঞানীদের মতো তিনিও কাজ এগিয়ে নিতে নির্ভর করতেন ধনী পৃষ্ঠপোষকদের উপর। রেনেসাঁস যুগে ইউরোপের শিল্প ও জ্ঞানচর্চার বড় অংশই এগিয়েছিল ক্ষমতাবান শাসক ও ধনী পরিবারগুলির সহায়তায়। দা ভিঞ্চির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁকে সাহায্য করেছিলেন মিলানের ডিউক লুদোভিকো স্ফোর্ৎসা, ফ্রান্সের রাজা প্রথম ফ্রাঁসোয়া এবং ফ্লোরেন্সের শক্তিশালী মেদিচি পরিবারসহ বহু প্রভাবশালী ব্যক্তি। তারা ভিঞ্চির প্রতিভা বুঝতে পেরেছিলেন এবং তাঁর কাজের জন্য অর্থ জুগিয়েছিলেন। তবে এই সহায়তা নিঃশর্ত ছিল না। যখন তাঁকে শিল্পকর্মের জন্য অর্থ দেওয়া হতো, তখন প্রত্যাশাও রাখা হত স্পষ্ট। বিখ্যাত সব ছবি, নকশা ও ভাস্কর্য তৈরি করতে হতো। মোনালিসা বা দ্য লাস্ট সাপার-এর মতো কাজই আজ তাঁকে বিশ্বখ্যাত শিল্পীর আসনে বসিয়েছে। বৈজ্ঞানিক গবেষণার জন্য অর্থের জোগান পেলেও ফল দেখানোর চাপ ছিল। পৃষ্ঠপোষকেরা চাইতেন নতুন অস্ত্র, সেতু, জলব্যবস্থা বা সামরিক প্রযুক্তিতে যেন আসে ব্যবহারিক সাফল্য। তবে কখনও কখনও তাঁকে স্বাধীনতাও দেওয়া হতো, যাতে তিনি নিজের কৌতূহল অনুসরণ করতে পারেন। মিলানের ডিউক স্ফোর্ৎসা দা ভিঞ্চিকে তাঁর দরবারের প্রকৌশলী হিসেবে নিয়োগ করেন। তাঁর কাজ ছিল সামরিক যন্ত্র, দুর্গরক্ষা ব্যবস্থা ও জলপ্রকল্প তৈরি করা। কিন্তু একই সঙ্গে তিনি উড়োজাহাজের ধারণা, গণিতের জটিল সমস্যা এবং মানবদেহের গঠন নিয়েও গবেষণার সুযোগ পান। মানবদেহ নিয়ে দা ভিঞ্চির গবেষণা ছিল যুগান্তকারী। তিনি হাসপাতালের অনুমতি নিয়ে শব ব্যবচ্ছেদ করে মানব শরীরের গঠন অধ্যয়ন করেন। ফ্লোরেন্সের সান্তা মারিয়া নুয়োভা হাসপাতাল, পরে মিলানের হাসপাতাল মাজোরে এবং রোমের হসপিটাল অব দ্য হোলি স্পিরিট তাঁকে এ সুযোগ দেয়। সেই সময়ে এ ছিল অত্যন্ত বিরল সুযোগ। এই গবেষণার ফলেই তিনি মানবদেহের পেশি, হাড়, হৃদ্যন্ত্র ও অঙ্গপ্রত্যঙ্গের একেবারে নিখুঁত চিত্র আঁকেন। অনুমান, তিনি প্রায় ৩০টি মৃতদেহ বিশ্লেষণ করেছিলেন। তাঁর এসব চিত্র শুধু শিল্প নয়, সেগুলি আধুনিক অ্যানাটমি বিজ্ঞানেরও মূল্যবান সম্পদ। দা ভিঞ্চির জীবন আমাদের দেখায়, প্রতিভা থাকলেই সব সম্ভব হয় না। বড় কাজের জন্য দরকার সুযোগ, অর্থ ও সহায়ক পরিবেশ। আর সেই সহায়তার সঙ্গে আসে প্রত্যাশা, শর্ত ও দায়িত্বও। আজকের বিজ্ঞানীরাও একই বাস্তবতার মুখোমুখি। তারা সরকারি অনুদান, বেসরকারি বিনিয়োগ, দাতব্য সংস্থা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অর্থায়নের ওপর নির্ভর করেন। অর্থদাতারা যেমন গবেষণার ফল চান, তেমনি গবেষকদেরও নতুন আবিষ্কারের জন্য স্বাধীনতা দরকার হয়। শত শত বছর আগে দা ভিঞ্চিও এই ভারসাম্য রক্ষা করেই এগিয়েছিলেন। কখনও শিল্পী, কখনও প্রকৌশলী, কখনও গবেষক- সব ভূমিকায় তিনি দেখিয়েছেন সৃজনশীলতা ও জ্ঞানের মিলন কীভাবে মানবসভ্যতাকে এগিয়ে নিতে পারে। তাই লিওনার্দো দা ভিঞ্চি শুধু অতীতের এক প্রতিভা নন। তিনি মনে করিয়ে দেন, বড় আবিষ্কারের পেছনে কেবল মেধা নয়, সঠিক সহায়তা ও স্বাধীন চিন্তার পরিবেশও সমান জরুরি।
সূত্র: Nautilus Magazine; April, 2026
