ধূমপানমুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে পদক্ষেপ

ধূমপানমুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে পদক্ষেপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মে, ২০২৬

ধূমপানের বিরুদ্ধে বিশ্বজোড়া লড়াইয়ে এবার এক নজিরবিহীন সিদ্ধান্তের পথে হাঁটছে যুক্তরাজ্য। এমন একটি আইন কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যার ফলে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে যাদের জন্ম তাদের তামাকজাত পণ্য কেনা নিষিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ নতুন প্রজন্মের জন্য সিগারেটের বাজার চিরতরে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি টোব্যাকো অ্যান্ড ভেপস বিলের সংশোধনীটি আইনপ্রণেতাদের অনুমোদন পেয়েছে, যা এই উদ্যোগকে বাস্তবতার আরও কাছাকাছি এনে দিয়েছে।

এই নীতির মূল লক্ষ্য হলো একটি “ধূমপানমুক্ত প্রজন্ম’’ তৈরি করা। সরকার মনে করছে, ধূমপান বন্ধের প্রচলিত পদ্ধতির পাশাপাশি জন্মসালভিত্তিক এই নিষেধাজ্ঞা ভবিষ্যৎ প্রজন্মকে নেশার ফাঁদ থেকে রক্ষা করবে। এতে বর্তমান ধূমপায়ীদের ওপর তাৎক্ষণিক কোনো নিষেধাজ্ঞা আসছে না, তবে ধীরে ধীরে তামাক ক্রেতার সংখ্যা কমে যাবে। প্রতি বছর নতুন বয়সসীমা যুক্ত হওয়ায় ভবিষ্যতে সমাজে ধূমপান স্বাভাবিক অভ্যাস হিসেবে আর টিকে থাকবে না।

প্রস্তাবিত আইন অনুযায়ী শুধু সিগারেট নয়, তামাক সেবনের সঙ্গে সম্পর্কিত অন্যান্য সামগ্রীও নিষিদ্ধের আওতায় আসতে পারে। যেমন ধূমপানের কাগজ বা স্মোকিং পেপারও এর মধ্যে পড়বে। যদিও ভেপ বা ই-সিগারেট এই আজীবন নিষেধাজ্ঞার অংশ নয়, তবে সেগুলোর ওপরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের কাছে নিকোটিনজাত পণ্য বিক্রি, বিপণন এবং জনসমক্ষে ব্যবহার সীমিত করা হতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ধূমপান এখনো যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যুর সবচেয়ে বড় কারণগুলোর একটি। প্রতি বছর হাজার হাজার মানুষ ফুসফুসের ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক এবং শ্বাসতন্ত্রের জটিল রোগে আক্রান্ত হচ্ছেন, যার বড় অংশের পেছনে রয়েছে তামাক। চিকিৎসা ব্যয়ও বাড়ছে ব্যাপকভাবে। তাই এই নতুন আইন শুধু স্বাস্থ্য নয়, অর্থনীতির ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্বাস্থ্য সংস্থা ও তামাকবিরোধী সংগঠনগুলো এই পদক্ষেপকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, যদি আইনটি সফলভাবে কার্যকর হয়, তাহলে লাখো তরুণ-তরুণী আজীবন নিকোটিন আসক্তি থেকে রক্ষা পাবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জীবনমান উন্নত হবে।

তবে সমালোচকরাও রয়েছেন। কেউ কেউ ব্যক্তিস্বাধীনতা, কালোবাজার এবং আইন বাস্তবায়নের জটিলতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবু সামগ্রিকভাবে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে নতুন আলোচনা তৈরি করেছে। অনেক দেশ এখন দেখছে—স্বাস্থ্য সুরক্ষায় প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে?

 

সূত্র: Scientific American (April 22, 2026), “A smoking ban for people born after 2008 may be on the cusp of becoming law in the U.K.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 4 =