স্থূলতা ও ডায়াবেটিসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে চিকিৎসাবিজ্ঞানে হাতিয়ার স্বরূপ উঠে এসেছে একটি ছোট্ট ট্যাবলেট, অরফরগ্লিপ্রন। এতদিন যে চিকিৎসা ইনজেকশনের ছুঁচে আটকে ছিল, এবার সেই সীমাবদ্ধতা কাটতে চলেছে ,অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। এটি একটি দৈনিক খাওয়ার ট্যাবলেট, যা বর্তমানে শেষ ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় রয়েছে এবং ইতিমধ্যেই আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। গবেষণায় দেখা গেছে, এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও ওজন কমানোর ক্ষেত্রে বর্তমানের মৌখিক ওষুধগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর। সম্পূর্ণ গবেষণার ফলাফলটি বিস্তারিতভাবে প্রকাশিত হয় দ্য কনভারসেশন-এ।
এটি মূলত GLP-1 (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) শ্রেণির ওষুধ। এই ওষুধটি শরীরের স্বাভাবিক হরমোনের কাজকে অনুকরণ করে – খাবারের পর যে হরমোন ক্ষুধা কমায়, হজমের গতি ধীর করে এবং ইনসুলিন নিঃসরণ বাড়ায়। অরফরগ্লিপ্রন ঠিক সেই প্রক্রিয়াটিকেই সক্রিয় করে। ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ, টাইপ-২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের অতিরিক্ত ওজন কমতে শুরু করে। এর আগে এই একই পথে সাফল্য পেয়েছিল সেমাগ্লুটাইড, তবে ইনজেকশন নেওয়ার ঝামেলা, ফ্রিজে সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং অনেকের ইনজেকশন ভীতি এই চিকিৎসাকে সীমাবদ্ধ করে। মৌখিক সেমাগ্লুটাইড থাকলেও সেটি খালি পেটে খেতে হয় এবং খাবারের আগে অপেক্ষা করতে হয়, তাছাড়া শরীরে এর শোষণও খুব কম।
অরফরগ্লিপ্রন সেই দ্বিধার বেড়াজাল এবার ভেঙে দিয়েছে। এটি একটি দৈনিক সেবনের ট্যাবলেট। কোনো ইনজেকশন নয়, কোনো জটিল নিয়ম নয়, এমনকি ফ্রিজে রাখার ঝামেলাও নেই। ফলে এটি রোগীর জীবনে স্বাস্থ্যব্যবস্থার জন্যও বড় সুবিধা হয়ে উঠতে পারে, বিশেষ করে সেইসব দেশে যেখানে উন্নত সংরক্ষণব্যবস্থা এখনও সীমিত।
শুধু সুবিধাই নয়, কার্যকারিতাতেও এটি নজর কেড়েছে। একটি ৫২ সপ্তাহের তৃতীয় পর্বের ট্রায়ালে ১,৬৯৮ জন টাইপ-২ ডায়াবেটিস রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, অরফরগ্লিপ্রন HbA1c (গড় রক্তশর্করা সূচক) ১.৭১% থেকে ১.৯১% পর্যন্ত কমাতে সক্ষম, যেখানে সেমাগ্লুটাইড কমায় প্রায় ১.৪৭%। একই সঙ্গে, অরফরগ্লিপ্রন গ্রহণকারীরা গড়ে ৬.১ থেকে ৮.২ কেজি পর্যন্ত ওজন কমান। যা বর্তমান মৌখিক চিকিৎসার তুলনায় অনেক ধাপ এগিয়ে থাকা একটা ফল।
তবে এই ওষুধের কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও জানা গেছে। দেখা গেছে, প্রায় ৫৯% ব্যবহারকারী বমি বমি ভাব, পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার কথা জানান, যেখানে সেমাগ্লুটাইড সেবনে এই হার কম। প্রায় ১০% রোগী এই কারণেই চিকিৎসা মাঝপথে বন্ধ করে দেন। অর্থাৎ, কার্যকারিতা যতই চমকে দেওয়ার মতো হোক না কেন, সহনীয়তার প্রশ্নটি এখানেই বড় হয়ে দাঁড়াচ্ছে।
অরফরগ্লিপ্রনের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এটি একটি “স্মল-মলিকিউল’’ ড্রাগ। অর্থাৎ এটি সহজে শরীরে শোষিত হয় এবং উৎপাদন প্রক্রিয়াও তুলনামূলকভাবে সস্তা ও সরল। হয়তো ভবিষ্যতে এই ওষুধটি আরও সহজলভ্য হয়ে উঠতে পারে।
অরফরগ্লিপ্রন চিকিৎসাবিজ্ঞানের এক সম্ভাব্য বিপ্লবাত্মক হাতিয়ার। তবে শেষ পর্যন্ত এটি কতটা সফল হবে, তা নির্ভর করবে কার্যকারিতা বনাম সহনীয়তার সূক্ষ্ম ভারসাম্যের ওপর। যদি এই ভারসাম্য বজায় থাকে, তাহলে হয়তো খুব শিগগিরই ওজন কমানোর চিকিৎসা এক নতুন, সহজ ও মানবিক রূপ পাবে।
সূত্র: Could This New Weight-Loss Pill Disrupt the Entire Market? Here’s What You Should Know About Orforglipron By Martin Whyte, University of Surrey, published in The Conversation , April 29th, 2026.
