স্বপ্ন বিশ্লেষণে কম্পিউটার প্রযুক্তি  

স্বপ্ন বিশ্লেষণে কম্পিউটার প্রযুক্তি  

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মে, ২০২৬

স্বপ্ন আমরা সবাই দেখি। এ বিষয়ে ফ্রয়েডের ব্যাখ্যা বহু চর্চিত। কেউ কেউ মনে করেন, স্বপ্ন মানে শুধুই এলোমেলো ছবি, আজগুবি গল্প, যার কোনো মানে নেই। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, ব্যাপারটা এতটা হালকা নয়। স্বপ্ন আমাদের জীবনেরই এক অন্যরকম প্রতিচ্ছবি। যেখানে বাস্তব, আবেগ আর কল্পনা মিশে যায় অদ্ভুতভাবে। ইতালির একদল গবেষক দেখেছেন, আমরা দিনে যা দেখি, ভাবি, অনুভব করি, ঘুমের মধ্যে তা-ই ফিরে আসে, তবে একটু বদলে। ধরুন, দিনের কোনো সাধারণ ঘটনা যেমন বন্ধুর সঙ্গে কথা বলা বা কোথাও যাওয়া হল, স্বপ্নে সেটাই হঠাৎ অন্যরকম হয়ে যেতে পারে। জায়গাটা বড় হয়ে যায়, মানুষ বাড়ে, ঘটনায় নাটকীয়তা আসে। কিন্তু একটা জিনিস কমে। তা হল, নিজের নিয়ন্ত্রণ। জেগে থাকলে আমরা জানি কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু স্বপ্নে যেন আমরা ভেসে যাই। চারপাশে যা ঘটছে, সেটাই আমাদের টেনে নিয়ে চলে। আর এই অনুভূতিই গবেষণায় বারবার উঠে এসেছে। প্রায় ৩,৭০০-র বেশি স্বপ্ন আর দৈনন্দিন ভাবনার বিবরণ বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, স্বপ্নে দৃশ্য, মানুষ আর অনুভূতি অনেক বেশি তীব্র হয়ে ওঠে। যেন মাথার ভেতর একটা সিনেমা চলছে যেখানে গল্পটা পুরোপুরি আমাদের হাতে নেই। এই বিশ্লেষণে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন আধুনিক কম্পিউটার প্রযুক্তি। প্রযুক্তিটি মানুষের লেখা পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করে। মজার বিষয়, কম্পিউটারের বিচার আর মানুষের অনুভূতির মধ্যে বেশ মিল পাওয়া গেছে। অর্থাৎ, স্বপ্নের এই প্যাটার্নগুলো সত্যিই স্পষ্ট। তাছাড়া এক্ষেত্রে আরও একটা দিক খুবই গুরুত্বপূর্ণ, সে হল আমাদের ব্যক্তিত্ব। যারা স্বপ্নকে গুরুত্ব দেন বা বেশি কল্পনাপ্রবণ, তাদের স্বপ্নে রং, আবেগ আর অদ্ভুত ঘটনা অনেক বেশি দেখা যায়। আবার যাদের মন সহজে এদিক-ওদিক চলে যায়, তাদের স্বপ্নও হয় বেশি বিচিত্র। এক দৃশ্য থেকে আরেক দৃশ্যে দ্রুত বদলে যায়। শুধু ব্যক্তিত্বই নয়, বাইরের পরিস্থিতিও স্বপ্নকে প্রভাবিত করে। যেমন, কোভিড লকডাউনের সময় অনেকেই বেশি অস্থির, আবেগপ্রবণ বা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। সীমাবদ্ধতা, ভয়, অনিশ্চয়তা- এসবই ঢুকে পড়েছিল স্বপ্নে। তবে সময়ের সঙ্গে সঙ্গে, জীবন স্বাভাবিক হওয়ার পর সেই প্রভাবও কমে যায়। তাহলে কি স্বপ্নের প্রতিটি অংশের নির্দিষ্ট মানে আছে? গবেষকরা বলছেন, বিষয়টা এত সহজ নয়। স্বপ্নের গল্প আমরা যেমনভাবে মনে রাখি বা বলি, তাতেও অনেক পরিবর্তন আসে। তাই একেকটা স্বপ্নের একটাই নির্দিষ্ট ব্যাখ্যা থাকবে, এমন নয়। তবুও একটা বিষয় বেশ পরিষ্কার- স্বপ্ন অর্থহীন নয়। আসলে আমাদের মনের এক সক্রিয় কাজ, যেখানে দিনের অভিজ্ঞতা নতুনভাবে সেজে ওঠে। হয়তো একটু এলোমেলো, একটু অদ্ভুত, কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক নয়।

 

সূত্র: Individual traits and experiences predict the content of dreams; published in Communications Psychology ; May; 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =