সবকিছু বোঝানোর তত্ত্ব

সবকিছু বোঝানোর তত্ত্ব

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মে, ২০২৬

কীভাবে আইনস্টাইনের মহাকর্ষ তত্ত্ব এবং কোয়ান্টাম বলবিদ্যাকে একসঙ্গে ব্যাখ্যা করা যায় ! পদার্থবিজ্ঞানের অন্যতম বড় রহস্য এটি। বহু দশক ধরে বিজ্ঞানীরা এমন একটি ‘থিয়োরি অব এভরিথিং’ খুঁজছেন, যা প্রকৃতির সব মৌলিক বলকে একই কাঠামোর মধ্যে আনতে পারবে। এবার সেই লক্ষ্যেই ফিনল্যান্ডের দুই পদার্থবিদ ও গবেষক মিক্কো পার্টানেন এবং জুক্কা তুলক্কি, মহাকর্ষকে ব্যাখ্যা করার জন্য এক নতুন গাণিতিক কাঠামো প্রস্তাব করেছেন। সেটি আধুনিক পদার্থবিজ্ঞানের ‘স্ট্যান্ডার্ড মডেল’-এর সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে স্ট্যান্ডার্ড মডেল সফলভাবে তড়িৎচুম্বকীয়, ক্ষীণ এবং শক্তিশালী পারমাণবিক বলকে ব্যাখ্যা করতে পারে। কিন্তু মহাকর্ষ এখনও এই কাঠামোর বাইরে রয়ে গিয়েছে। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ বৃহৎ মহাজাগতিক স্তরে অত্যন্ত সফল হলেও, তা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার জগতে কার্যকর কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে মেলে না। নতুন গবেষণায় বিজ্ঞানীরা ‘গেজ থিয়োরি’-ভিত্তিক একটি পদ্ধতিতে মহাকর্ষকে বোঝানোর চেষ্টা করেছেন। এই ধরনের গাণিতিক সমতা বা সিমেট্রি ইতিমধ্যেই কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্বে ব্যবহৃত হয়। গবেষকদের মতে, এই পদ্ধতি মহাকর্ষকে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। যদি ভবিষ্যতে এই ধারণা সফলভাবে প্রমাণিত হয়, তাহলে তা ‘কোয়ান্টাম গ্র্যাভিটি’ তত্ত্ব গঠনের পথ খুলে দিতে পারে। এর মাধ্যমে কৃষ্ণগহ্বরের কেন্দ্রের রহস্য, মহাবিস্ফোরণের শুরুর মুহূর্ত কিংবা মহাবিশ্বের চরম অবস্থাগুলি আরও ভালোভাবে বোঝা সম্ভব হতে পারে। তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, এটি এখনও সম্পূর্ণ কোয়ান্টাম মহাকর্ষ তত্ত্ব নয়। এই ধারণাকে প্রতিষ্ঠা করতে আরও বহু পরীক্ষা ও বিশদ গবেষণার প্রয়োজন হবে। তবুও তাঁরা মনে করছেন, প্রকৃতির সব মৌলিক বলকে একত্রিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

 

সূত্র: Theory of everything ; May ; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 3 =