অনন্য জাপানি দানব ভাইরাস

অনন্য জাপানি দানব ভাইরাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ জুন, ২০২৬

সম্প্রতি জাপানের বিজ্ঞানীরা ফার্টিভোভাইরাস নামের এক নতুন বিশাল ভাইরাস আবিষ্কার করেছেন। এর আচরণ এতটাই অস্বাভাবিক যে তা জীববিজ্ঞানীদের বিস্মিত করেছে। গবেষকদের মতে, এই ভাইরাস শুধু ভাইরাসের বিবর্তন সম্পর্কেই নয়, পৃথিবীতে জটিল জীবনের সূচনা কীভাবে ঘটেছিল সেই প্রশ্নেরও নতুন সূত্র দিতে পারে। এই নতুন পথ-দেখানো গবেষণাটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ ভাইরোলজিতে।

টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের একদল অণুজীববিজ্ঞানী জাপানের কামাকুরা শহরের নদীর জলের নমুনা পরীক্ষা করতে গিয়ে ভাইরাসটির সন্ধান পান। ফার্টিভোভাইরাস নামটি এসেছে ল্যাটিন শব্দ ‘ফার্টিভাস’ থেকে, যার অর্থ “গোপনে লুকিয়ে থাকা” বা “নিঃশব্দে চলাফেরা করা”। নামের মতোই এই ভাইরাসের কার্যপ্রণালীও রহস্যময়।

সাধারণ ভাইরাসের তুলনায় এই ভাইরাস অনেক বড় এবং জিনগতভাবেও অত্যন্ত জটিল। এদের জিনোমে এমন বহু জিন থাকে, যা আগে শুধু জীবন্ত কোষের মধ্যেই দেখা যেত। এই কারণেই বিজ্ঞানীদের একাংশ এতদিন মনে করছেন, প্রাচীন পৃথিবীতে জটিল কোষের বিকাশে বড় ভাইরাসেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে।

ফার্টিভোভাইরাসকে মূলত ব্যতিক্রমী করে তুলেছে এর বংশবৃদ্ধির কৌশল। গবেষণায় দেখা গেছে, এটি নামের এককোষী অ্যামিবার মধ্যে প্রবেশ করার পর কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রককে আংশিকভাবে ধ্বংস করে। এরপর সম্পূর্ণ নিউক্লিয়াস দখল না করে, অবশিষ্ট নিউক্লীয় তরলের মধ্যেই নিজের প্রতিলিপি তৈরি করতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের এই মধ্যবর্তী প্রতিলিপি তৈরি করার আচরণ অদৃষ্টপূর্ব।

এর আগে বিজ্ঞানীরা মূলত দুই ধরনের ভাইরাল প্রতিলিপি তৈরির কৌশল সম্পর্কে জানতেন। একটি নিউক্লিয়াসের ভেতরে, অন্যটি নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে। কিন্তু ফার্টিভোভাইরাস যেন এই দুই পদ্ধতির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিবর্তনী সেতু। তাই গবেষকদের ধারণা, এটি হয়তো বিভিন্ন বিশাল বিশাল ভাইরাস গোষ্ঠীর মধ্যে হারিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র।

এই আবিষ্কারের গুরুত্ব আরও গভীর। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন, কোটি কোটি বছর আগে প্রাচীন বিশাল ভাইরাসই হয়তো প্রথম আদি কোষে নিউক্লিয়াস তৈরির প্রক্রিয়াকে প্রভাবিত করেছিল। আর নিউক্লিয়াসই হলো উদ্ভিদ, প্রাণী ও মানুষ প্রভৃতি জটিল জীবনের মূল বৈশিষ্ট্য। ফলে ফার্টিভোভাইরাসের আচরণ ভবিষ্যতে জীবনের উৎপত্তি ও কোষের বিবর্তন নিয়ে নতুন তত্ত্ব গঠনে সহায়তা করতে পারে।

গবেষকরা ভাইরাসটির অদ্ভুত জিনগত গঠন ও বিবর্তনী বৈশিষ্ট্যের কারণে এর জন্য “ম্যানেসভিরিডি” নামে সম্পূর্ণ নতুন একটি ভাইরাস পরিবার তৈরির প্রস্তাব দিয়েছেন। ভাইরোলজিস্ট মাশারু তাকামুরা মনে করেন, দানব ভাইরাস নিয়ে আরও গবেষণা আমাদের বুঝতে সাহায্য করবে, ভাইরাস শুধু রোগের কারণ নয়, বরং পৃথিবীর জীববৈচিত্র্য ও বিবর্তনের ইতিহাসেরও এক গুরুত্বপূর্ণ অংশ।

 

সূত্র: A newly isolated giant virus, ushikuvirus, is closely related to clandestinovirus and shows a unique capsid surface structure and host cell interaction by Kazuyoshi Murata, Masaharu Takemura, et.al; published in Journal of Virology, 2025; 99 (12) DOI: 10.1128/jvi.01206-25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =