কিছু মানুষের অতিভোগে বাড়ছে বৈশ্বিক পরিবেশ সংকট

কিছু মানুষের অতিভোগে বাড়ছে বৈশ্বিক পরিবেশ সংকট

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুলাই, ২০২৬

বিশ্বের মোট জনসংখ্যার শীর্ষ ১০ শতাংশ ভোক্তা, অর্থাৎ প্রায় ৮০ কোটি মানুষ, পৃথিবীর পরিবেশের উপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই গোষ্ঠীর বার্ষিক পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য ১.৭ থেকে ৫.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। এদের অতিরিক্ত ভোগ-বিলাস,ব্যয়বহুল জীবনযাপন, ঘন ঘন বিমান ভ্রমণ, বড় বাড়িতে বসবাস এবং সম্পদনির্ভর খাদ্যাভ্যাসের কারণে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, মিষ্টি জলের অতিরিক্ত ব্যবহার ও দূষণ বেড়েই চলেছে। এই শীর্ষ ১০ শতাংশের একজন ব্যক্তি বছরে গড়ে ২,৩০০ থেকে ৭,৫০০ ডলার পরিমাণ সামাজিক ও পরিবেশগত ক্ষতির জন্য দায়ী। এর প্রায় অর্ধেক জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রায় ৪০ শতাংশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এই ক্ষতির বোঝা বহন করে পুরো বিশ্ব, বিশেষত দরিদ্র জনগোষ্ঠী ও ভবিষ্যৎ প্রজন্ম, যারা এর জন্য তুলনামূলকভাবে কম দায়ী। গবেষণায় আরও বলা হয়েছে, পরিবেশগত ক্ষতির পরিমাণ জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিক অর্থায়নের ঘাটতির চেয়েও বেশি। তাই বিশেষজ্ঞরা “যে দূষণকারী সে-ই ক্ষতিপূরণ দেবে” নীতির ভিত্তিতে পরিবেশ কর আরোপের পক্ষে মত দিচ্ছেন। ২০১৭ সালের তথ্যভিত্তিক এই গবেষণা দেখায়, বিশ্বের পরিবেশগত ক্ষতির বড় অংশের জন্য অল্পসংখ্যক উচ্চ ব্যয়কারী মানুষ দায়ী। তাদের ভোগের ধরনে পরিবর্তন আনতে পারলে পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।

 

সূত্র: Nature; Schrijver et al., Environmental Damages of the Top Ten Percent Consumers Exceed Global Climate and Biodiversity Funding Gap (June 2026)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =