সম্প্রতি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় পৃথিবী থেকে প্রায় ২০০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এক অত্যন্ত বিরল ও ব্যতিক্রমী রেডিও গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে। ধনুক ও তীরের মতো আকৃতির কারণে এর নাম রাখা হয়েছে RAD-BAARG (Bow And Arrow Radio Galaxy)। প্রায় ১৮ লক্ষ আলোকবর্ষ বিস্তৃত এই মহাজাগতিক কাঠামো শুধু তার অস্বাভাবিক গঠনের জন্যই নয়, এই ছায়াপথের বিবর্তন ও বৃহৎ মহাজাগতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে। গবেষণাটি সম্প্রতি রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক বিজ্ঞপ্তি -তে বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে।
গবেষণার নেতৃত্ব দেন মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ হোতা। তাঁর প্রতিষ্ঠিত RAD@home Astronomy Collaboratory—ভারতের প্রথম সিটিজেন-ভিত্তিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্ল্যাটফর্মই এই আবিষ্কারের মূল ভিত্তি। ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহীতে কর্মরত ১২ জন ভারতীয় গবেষক এই গবেষণায় অংশ নেন। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ বিজ্ঞানপ্রেমীরাও বাড়িতে বসেই আন্তর্জাতিক মানের মহাকাশ গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
রেডিও গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত অতিভারী কৃষ্ণগহ্বর থেকে নির্গত শক্তিশালী প্লাজমার জেট সাধারণত লক্ষ লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হতে পারে। কিন্তু RAD-BAARG-এর ক্ষেত্রে গবেষকেরা লক্ষ্য করেছেন,ছায়াপথটি আশপাশের উষ্ণ গ্যাসমণ্ডলের মধ্যে শব্দের গতির চেয়েও বেশি বেগে অগ্রসর হওয়ায় এর সামনে একটি বিশাল বো-শক/ ধনুকাকৃতির ঘাত তরঙ্গ সৃষ্টি হয়েছে। শব্দের চেয়ে দ্রুত গতির বিমানের সামনে যেমন শক-তরঙ্গ তৈরি হয়, তেমনি এই ছায়াপথের দ্রুতগতির চলাচল আন্তঃছায়াপথ গ্যাসকে সংকুচিত করে এক বিরাট তরঙ্গ-অভিমুখ তৈরি করেছে। কৃষ্ণগহ্বর থেকে নির্গত রেডিও প্লাজমা সেই অতি ক্ষীণ কাঠামোকে আলোকিত করায় সেটি নিম্ন-কম্পাঙ্কের রেডিও পর্যবেক্ষণে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, ছায়পথটির এক পাশে একটি সরু জেট প্রায় ৫৬০ কিলোপারসেক/প্রায় ১৮ লক্ষ আলোকবর্ষ দীর্ঘ ধনুকাকৃতির বিকিরণ অঞ্চল তৈরি করেছে। অন্য পাশে জেটটি বিকৃত S-আকৃতি ধারণ করে প্রায় ৬০০ কিলোপারসেক পর্যন্ত বিস্তৃত একটি ক্ষীণ লেজ সৃষ্টি করেছে। এই অস্বাভাবিক বিন্যাস স্পষ্টভাবে নির্দেশ করে যে রেডিও প্লাজমা, ছায়াপথগুচ্ছের গ্যাসপ্রবাহ এবং মহাকর্ষজনিত পতনের মধ্যে জটিল আন্তঃক্রিয়া ঘটছে।
গবেষকদের মতে, তাত্ত্বিকভাবে বহুদিন ধরেই ছায়াপথের শব্দ- উত্তর পতনের ফলে বাঁকা তরঙ্গ তৈরির পূর্বাভাস থাকলেও তার এত স্পষ্ট রেডিও স্বাক্ষর আগে খুব কমই পর্যবেক্ষণ করা গেছে। সেই অর্থে RAD-BAARG মহাবিশ্বে ছায়াপথের গতিবিদ্যা ও পরিবেশগত প্রভাব বোঝার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ।
এই আবিষ্কার সম্ভব হয়েছে বিশ্বের অন্যতম সংবেদী নিম্ন-কম্পাঙ্কের রেডিও সজ্জা LOFAR (Low Frequency Array)-এর তথ্য বিশ্লেষণের মাধ্যমে। গবেষকদের আশা, নির্মাণাধীন Square Kilometre Array Observatory (SKAO) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বিশ্লেষণ প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে আরও এমন বিরল রেডিও গ্যালাক্সির সন্ধান মিলবে। যা মহাবিশ্বের বৃহৎ কাঠামো, কৃষ্ণগহ্বরের কার্যকলাপ এবং ছায়াপথের বিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।
সূত্র: Indian team discovers rare ‘bow and arrow’ radio galaxy two billion light years from Earth, published on July 3rd , 2026 12:36 am IST.
