চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর গবেষকরা বিদ্যুৎ সঞ্চয়ের জন্য নতুন ধরনের পুরোপুরি লোহা-ভিত্তিক এক ‘ফ্লো ব্যাটারি’ তৈরি করেছেন, যা নবায়নযোগ্য শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। নতুন এই প্রযুক্তিতে বিশেষ ধরনের লোহা-ভিত্তিক ঋণাত্মক ইলেক্ট্রোলাইট ব্যবহার করে ব্যাটারিটিকে ৬ হাজারের বেশি চার্জ-ডিসচার্জ চক্র সম্পন্ন করানো হয়েছে। দেখা গেছে, তার ধারণক্ষমতা কমেনি। প্রতিদিন ব্যবহার করলে এর আয়ু প্রায় ১৬ বছর হতে পারে। পাশাপাশি ব্যাটারিটির গড় কুলম্বিক দক্ষতা ৯৯.৪ শতাংশ। লোহা পৃথিবীর অন্যতম সহজলভ্য ও সস্তা ধাতু। প্রতি টন লোহার দাম প্রায় ১১০ ডলার, যেখানে লিথিয়ামের দাম প্রায় ২৬ হাজার ডলার। ফলে এই প্রযুক্তি বড় আকারে বিদ্যুৎ সংরক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ দীর্ঘ সময় সংরক্ষণে এই ব্যাটারি কার্যকর ভূমিকা রাখতে পারে। যদিও পুরো ব্যবস্থাটার খরচ নির্ভর করবে অন্যান্য যন্ত্রাংশের ওপরেও, তবু গবেষকদের মতে, এই উদ্ভাবন কম খরচে দীর্ঘস্থায়ী শক্তি সঞ্চয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সূত্র: Chinese Academy of Sciences official news release, 2026
