মানুষ প্রায়ই নিজের ক্ষমতাকে বাস্তবের চেয়ে বেশি মনে করে। এই অতিরিক্ত আত্মবিশ্বাস ভুল সিদ্ধান্ত ও অপ্রয়োজনীয় ঝুঁকির কারণ হলেও, এটি মানুষের মধ্যে এত ব্যাপক কেন? এ প্রশ্নের নতুন ব্যাখ্যা দিয়েছেন বাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস ডসন ও লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ডেভিড দে মেজা। তাঁদের গবেষণা বলছে, অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য যে মূল্য দিতে হয়, সেটিই একে বিশ্বাসযোগ্য সংকেতে পরিণত করতে পারে। সবাই যদি বিনা ক্ষতিতে নিজের ক্ষমতা বাড়িয়ে দাবি করতে পারত, তাহলে আত্মবিশ্বাসের কোনও অর্থ থাকত না। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল জনিত ক্ষতি হয়, আর বেশি সক্ষম মানুষ সেই ক্ষতি অপেক্ষাকৃত সহজে সামলাতে পারেন। ফলে আত্মবিশ্বাস কিছুটা হলেও প্রকৃত সক্ষমতার ইঙ্গিত দিতে পারে। প্রায় ৪,০০০ মানুষের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যাকরণ ও যুক্তির পরীক্ষায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রকৃত ফলের চেয়ে বেশি নম্বর পাওয়ার আশা করেছিলেন। তবে যারা নিজেদের ফল বেশি আশা করেছিলেন, তাদের প্রকৃত ফলও গড়ে ভালো ছিল। অর্থাৎ আত্মবিশ্বাস অতিরঞ্জিত হলেও তা পুরোপুরি অর্থহীন নয়। গবেষকদের মতে, আত্মবিশ্বাস মানুষকে নেতৃত্ব, প্রভাব, সামাজিক মর্যাদা ও বিভিন্ন সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিতে পারে। তবে আত্মবিশ্বাস সুযোগের দরজা খুললেও সাফল্য নির্ভর করে প্রকৃত দক্ষতার উপর। তাছাড়া অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে ক্ষতির ভয় একসঙ্গে কাজ করতে পারে। ফলে কেউ নিজের ক্ষমতা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী হলেও সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় বড় ঝুঁকি এড়িয়ে চলতে পারেন। তবে মনে রাখা প্রয়োজন, অতিরিক্ত আত্মবিশ্বাস সবসময় দক্ষতার প্রমাণ নয় এবং সব পরিস্থিতিতে এটি উপকারীও নয়। বরং অতিরিক্ত আত্মবিশ্বাস ও ক্ষতির ভয়—দুটি আপাত-বিরোধী আচরণ একসঙ্গে মানুষের সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করতে পারে।
সূত্র: Psychological Review ; Earth . com ; August 2026
