ভারতের বিশিষ্ট তাত্ত্বিক পদার্থবিদ অধ্যাপক দীপক ধর ২০২৬ সালে ডিরাক মেডেল পেলেন। রাশিতাত্ত্বিক বলবিদ্যায় (Statistical Mechanics) তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা কেন্দ্র (ICTP) তাঁকে এই সম্মান দিয়েছে। তাত্ত্বিক পদার্থবিদ্যার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার অতীতে পেয়েছিলেন স্টিফেন হকিংসহ বহু বিশ্বখ্যাত বিজ্ঞানী।
১৯৮৫ সালে চালু হওয়া ডিরাক মেডেল প্রতি বছর তাত্ত্বিক পদার্থবিদ্যা ও গণিতের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়। এ বছর দীপক ধর-সহ চারজন পদার্থবিদ এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন। বিপুল সংখ্যক কণা নিয়ে গঠিত জটিল ব্যবস্থা কীভাবে সম্মিলিতভাবে আচরণ করে, তা বোঝার অন্যতম প্রধান হাতিয়ার হলো রাশিতাত্ত্বিক বলবিদ্যা। আধুনিক সময়ে এই শাখার ধারণা কৃত্রিম বুদ্ধিমত্তা, জটিল নেটওয়ার্ক এবং এমনকি আর্থিক বাজারের মতো ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে।
দীপক ধরের বৈজ্ঞানিক যাত্রা শুরু হয়েছিল উত্তরপ্রদেশের প্রতাপগড়ের এক ছোট শহর থেকে। তাঁর জন্ম ১৯৫১ সালে।তিনি হিন্দি-মাধ্যমে পড়াশোনা করেছিলেন। তাঁর মা চেয়েছিলেন তিনি আইএএস কর্মকর্তা হন। কিন্তু তাঁর বাবা বিজ্ঞান সম্পর্কে কৌতূহল তৈরি করতে তাঁকে নিয়মিত বিজ্ঞানবিষয়ক পত্রিকা এনে দিতেন। বিশেষ করে আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স নামক একটি পত্রিকা তাঁর মনে গভীর প্রভাব ফেলেছিল।
প্রথমে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর তিনি আইআইটি কানপুরে এমএসসি করেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক)-তে যান এবং রিচার্ড ফাইনম্যান ফেলোশিপ লাভ করেন। সেখানে তিনি কিংবদন্তি পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের সঙ্গে কাজ করেন এবং তাঁর শিক্ষণ-সহকারীও ছিলেন। ১৯৭৮ সালে তিনি পিএইচ ডি সম্পন্ন করেন।
বিদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ভারতে ফিরে আসেন। তিনি টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে (TIFR) যোগ দেন এবং পরবর্তীতে আইজার পুনেতেও অধ্যাপনা করেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি রাশিতাত্ত্বিক পদার্থবিদ্যা ও জটিল ভৌত ব্যবস্থার নানা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে গবেষণা করেছেন।
তাঁর অন্যতম উল্লেখযোগ্য অবদান হলো ‘ধর বার্নিং অ্যালগরিদম’, যা স্যান্ডপাইল মডেলের সঙ্গে যুক্ত এবং ‘self-organised criticality’ ও জটিল ব্যবস্থার গবেষণায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ডিরাক মেডেলের আগে ২০২২ সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে বোল্টজম্যান মেডেলও পেয়েছিলেন। ২০২৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।
ডিরাক মেডেল তাঁর দীর্ঘ বৈজ্ঞানিক যাত্রারই আন্তর্জাতিক স্বীকৃতি।
সূত্র:Indian professor wins eminent Dirac Medal, joins Hawking and other physics giants, Published By:Rishab ChauhanPublished On:Aug 9, 2026 19:40 IST.
