লাদাখের কৃষ্ণকণ্ঠ সারস

লাদাখের কৃষ্ণকণ্ঠ সারস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ আগষ্ট, ২০২৬

লাদাখের বরফঢাকা উপত্যকা ও বিস্তীর্ণ জলাভূমি বহু বিরল পাখির নিরাপদ আশ্রয়। তাদের অন্যতম কৃষ্ণকণ্ঠ সারস। কিন্তু এই বিরল পাখির প্রজননে বড় বাধা হয়ে উঠেছে অবাধে ঘুরে বেড়ানো কুকুর। এই সারসের ডিম ও ছানাদের রক্ষা করতে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (বিএনএইচএস) ২০২২ সাল থেকে ভারতীয় সেনা, প্রাণীসম্পদ দফতর এবং বন, পরিবেশ ও পরিবেশবিদ্যা দফতরের সঙ্গে যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে প্রজনন এলাকায় ২,৯৫০টিরও বেশি ভবঘুরে কুকুরকে নির্বীজ করা হয়েছে। লাদাখের জলাভূমিতে কুকুররা শুধু সারসের ডিম ও ছানা মেরে ফেলে না, বাসা বাঁধার সময় তাদের বিরক্তও করে। ফলে ব্যাহত হয় প্রজনন। কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের খাবারের উৎস কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। বসতি, পর্যটনকেন্দ্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফেলে দেওয়া খাবার ও রান্নাঘরের বর্জ্য কুকুরের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তাই কয়েকটি ভারতীয় সেনা ছাউনিতে পরীক্ষামূলকভাবে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হয়েছে। পরিবেশগত গুরুত্বের পাশাপাশি এই সারস, লাদাখের কৃষ্টির সঙ্গেও গভীরভাবে যুক্ত। এটি লাদাখের রাজ্য পক্ষী এবং স্থানীয় মানুষের কাছে শান্তি, পবিত্রতা ও সৌভাগ্যের প্রতীক। কিন্তু বসতি বৃদ্ধি, পরিকাঠামো সম্প্রসারণ, পর্যটনের চাপ, জলাভূমির অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং ভবঘুরে কুকুরের কারণে পাখিটির অস্তিত্ব ক্রমশ বিপন্ন। ভারতে কৃষ্ণকণ্ঠ সারসের সংখ্যা এখনও ১০০টিরও কম, সারা বিশ্বে আনুমানিক ১১-১২ হাজার। ভারত ছাড়াও নেপাল, ভুটান ও চিনে এদের দেখা যায়। লাদাখে প্রতি বছর প্রায় ১১০-১৩০টি সারস নথিভুক্ত হয়, যার মধ্যে ২০-২৫টি প্রজননকারী জোড়া। ২০২৬ সালের জুনের শুরুতে বিএনএইচএস-এর সমীক্ষায় লাদাখের জলাভূমিতে ১৯টি প্রজননকারী জোড়া পাওয়া গিয়েছে। দুর্গমতার কারণে কয়েকটি এলাকা সমীক্ষার বাইরে থাকায় প্রকৃত সংখ্যা হয়তো আরও কিছুটা বেশি। পাশাপাশি প্রায় ১,০০০ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কুকুর নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতার এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য—লাদাখের জলাভূমি এবং তার সঙ্গে জড়িয়ে থাকা বিরল কৃষ্ণকণ্ঠ সারসের ভবিষ্যৎ সুরক্ষিত করা।

 

সূত্র: Down to Earth; August 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =