নদী মানেই জলের কলতান, দূরের সবুজে হারিয়ে যাওয়া মেদিনী বক্ষে আঁকিবুকি কাটা এক চিরন্তন আলেখ্য। যার স্রোতে স্রোতে আছে অজানা চঞ্চল ছন্দ। সে প্রকৃতির আপন খেয়ালে বয়ে চলা জলধারা। সে কোথাও সরু, কোথাও প্রশস্ত, কোথাও বাঁক নিয়েছে, আবার কোথাও অসংখ্য শাখায় ভাগ হয়ে গেছে। কিন্তু এই আপাত এলোমেলো দৃশ্যের আড়ালে রয়েছে আশ্চর্য এক গাণিতিক শৃঙ্খলা। পৃথিবীর এক প্রান্তের নদী থেকে অন্য প্রান্তের নদী—ভূদৃশ্য আলাদা হলেও তাদের গঠন একই অদৃশ্য নিয়ম মেনে চলে।
ছোট ছোট জলধারা একত্র হয়ে উপনদী তৈরি করে, উপনদী মিশে বড় নদী হয় এবং শেষ পর্যন্ত সেই জল পৌঁছায় সমুদ্র বা হ্রদে। মানচিত্রে এই নকশা দেখতে অনেকটা গাছের ডালপালা, পাতার শিরা, মানুষের রক্তনালি কিংবা শহরের রাস্তার মতো। বিজ্ঞানীদের কাছে এগুলো ‘পরিবহন নেটওয়ার্ক’—যে ব্যবস্থা অসংখ্য জায়গা থেকে কোনো একটি নির্দিষ্ট গন্তব্যে তরল বা অন্য উপাদান পৌঁছে দেয়।
কিন্তু নদীর এই চেনা নকশা কেন এত নিয়ম মেনে চলে? এর উত্তর লুকিয়ে আছে একটি সংখ্যায়, যা বদলে দিয়েছে নদীকে দেখার চোখ।
১৯৫৭ সালে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বিজ্ঞানী জন হ্যাক নদীর এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পান। তিনি বিভিন্ন নদীর দৈর্ঘ্য এবং সেই নদীতে জল সরবরাহকারী ভূমির আয়তন তুলনা করেন। দেখা যায়, নদীর জলধারণকারী এলাকা যত বড় হয়, নদীর দৈর্ঘ্যও বাড়ে—কিন্তু সরাসরি অনুপাতে নয়। এই সম্পর্কটি প্রায় ০.৬ ঘাতের একটি সূত্র মেনে চলে। এটাই পরিচিত হ্যাকের সূত্র নামে।
সহজভাবে বললে, ছোট নদীর অববাহিকা তুলনামূলকভাবে খাটো ও চওড়া, কিন্তু নদী যত বড় হয় তার অববাহিকা তত বেশি লম্বাটে হয়ে ওঠে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের নদী নিয়ে পরবর্তী গবেষণাতেও এই প্রবণতা বারবার ধরা পড়েছে।
এখানেই তো রহস্য। যদি নদী-ব্যবস্থা নিছক একটি সরল জ্যামিতিক কাঠামো হতো, তাহলে এই ঘাত ০.৫ হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা প্রায় ০.৬। অর্থাৎ নদী শুধু জায়গা থেকে জায়গায় জল সরায় না; সে নিজের পথকে সময়ের সঙ্গে এমনভাবে বদলায়, যাতে পুরো ব্যবস্থাটি আরও কার্যকর হয়। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, নদী এমন খাত তৈরি করে, যাতে জল পরিবহনে শক্তির অপচয় কম হয়।
একটি বিশাল জমির কথা ভাবা যাক, যেখানে সর্বত্র বৃষ্টি হচ্ছে এবং সব জলকে একটি নির্দিষ্ট জায়গায় বের করে দিতে হবে। প্রতিটি জায়গা থেকে আলাদা সরাসরি নালা তৈরি করা সম্ভব, কিন্তু তাতে প্রচুর চ্যানেল তৈরি করতে হবে এবং ঘর্ষণের কারণে শক্তির অপচয়ও বাড়বে।
তার বদলে ছোট ছোট জলধারা একত্র হয়ে বড় নদী তৈরি করলে একই চ্যানেল দিয়ে বিপুল পরিমাণ জল প্রবাহিত হতে পারে। অর্থাৎ অনেকগুলো ছোট পথ শেষ পর্যন্ত একটি যৌথ বড় পথে এসে মিশে যায়।
কম্পিউটার মডেলেও দেখা গেছে, যে নদী-ব্যবস্থা হ্যাকের সূত্রের কাছাকাছি থাকে, সেটি জল পরিবহনে তুলনামূলকভাবে বেশি দক্ষ। এই ধারণাই Optimal Channel Network বা ‘কাম্য নদী-নেটওয়ার্ক’ তত্ত্বের ভিত্তি। নদী কোন পথ দিয়ে সহজে যেতে পারবে বিনা বাধায় সে সম্পর্কে সে ওয়াকিবহাল। নদী কীভাবে এই দক্ষ কাঠামো তৈরি করে? এর উত্তর লুকিয়ে আছে ক্ষয় ও ভূদৃশ্যের পরিবর্তনে।
বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নামে, তখন তার সঙ্গে মাটি ও শিলাও ক্ষয় হতে থাকে। কোনো একটি জায়গায় যদি সামান্য বেশি জল প্রবাহিত হয়, সেই অংশ দ্রুত ক্ষয় হয়। ফলে সেখানে আরও গভীর খাত তৈরি হয়। গভীর খাত আবার আরও বেশি জল টেনে নেয়। এভাবে যে খাত বেশি জল সংগ্রহ করতে পারে, সেটি ক্রমে আরও শক্তিশালী হয়ে ওঠে।
অন্যদিকে দুর্বল জলধারা ধীরে ধীরে ছোট হয়ে যায় বা হারিয়ে যায়। কখনও একটি নদী পাশের নদীর জলও নিজের দিকে টেনে নেয়। হাজার হাজার বছর ধরে চলা এই ছোট ছোট পরিবর্তনের ফলে নদী-ব্যবস্থা ধীরে ধীরে এমন একটি বিন্যাস তৈরি করে, যেখানে জল তুলনামূলক কম শক্তি অপচয় করে নিচের দিকে যেতে পারে।
অর্থাৎ কোনো প্রকৌশলী নয়, মাধ্যাকর্ষণ, জলপ্রবাহ, ঘর্ষণ ও ক্ষয়—এই প্রাকৃতিক প্রক্রিয়াগুলোই নদীর নকশার চিত্রকর।
২০২৬ সালের একটি গবেষণা এই কাহিনীকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এতদিন বিজ্ঞানীরা জানতেন, নদীর উজানের শাখা-প্রশাখায় হ্যাকের সূত্র কাজ করে। কিন্তু টেক্সাস বিশ্ববিদ্যালয়ের তিয়ান ডং ও তাঁর সহকর্মীরা দেখেছেন, নদীর বদ্বীপেও সেই একই গাণিতিক সম্পর্ক দেখা যায়।
নদী যখন সমুদ্রে পৌঁছায়, অর্থাৎ মোহনায় আছে, তখন তার গতি কমে যায়। ফলে নদী যে পলি বহন করে আনে, তা সেখানে জমতে থাকে। ধীরে ধীরে নতুন ভূমি তৈরি হয় এবং নদী অসংখ্য শাখায় ভাগ হয়ে পাখার মতো বদ্বীপ গড়ে তোলে।
উপগ্রহভিত্তিক তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, বদ্বীপের চ্যানেলের দৈর্ঘ্যও তার পলি সরবরাহকারী এলাকার আয়তনের সঙ্গে প্রায় ০.৬ ঘাতের সম্পর্ক মেনে চলে।
এটি বিশেষভাবে বিস্ময়কর, কারণ নদীর উজানে জল বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়, আর বদ্বীপে জল ও পলি আবার বিভিন্ন শাখায় ছড়িয়ে পড়ে। কিন্তু কি আশ্চর্য, দুই বিপরীত প্রক্রিয়াতে সেই একই গণিত কাজ করছে!
এবার জানা যাক, নদীর শাখায় ৭২ ডিগ্রির রহস্য।
নদীর আরেকটি জ্যামিতিক বৈশিষ্ট্যও বিজ্ঞানীদের নজর কেড়েছে। একটি নদী যখন দুটি শাখায় ভাগ হয়, সেই শাখাগুলোর মধ্যবর্তী কোণ হয় সাধারণত প্রায় ৭২ ডিগ্রি। এই ৭২ ডিগ্রি একটি পূর্ণ বৃত্তের এক-পঞ্চমাংশ। ফলে নদীর শাখা-প্রশাখায় এক ধরনের পাঁচভাঁজ প্রতিসাম্যের ইঙ্গিত পাওয়া যায়। এই বিষয়টি বিজ্ঞানীদের কোয়াসিক্রিস্টালের কথাও মনে করিয়ে দেয়। এ এমন পদার্থ, যেখানে পাঁচভাঁজের মতো প্রতিসাম্য থাকে, কিন্তু নিয়মিত কেলাসের মতো একই নকশা বারবার নিখুঁতভাবে পুনরাবৃত্ত হয় না।
নদীর বিশৃঙ্খলার ভেতরেই আছে শৃঙ্খলা। আর নদীর সৌন্দর্য সম্ভবত এখানেই। বাইরে থেকে তাকে মনে হয় সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। মনে হয় ,জল নিজের ইচ্ছায় বাঁক নিচ্ছে, মাটি কাটছে, পলি সরাচ্ছে। কিন্তু আসলে কোটি কোটি জলকণা, অসংখ্য ক্ষয়প্রক্রিয়া এবং দীর্ঘ সময়ের পরিবর্তনের সমষ্টিতে তৈরি হয় একটি নির্দিষ্ট গাণিতিক কাঠামো।
নদী শুধু জল ও পলির প্রবাহ নয়। এটি প্রকৃতির এমন এক জীবন্ত নকশা, যেখানে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা পাশাপাশি কাজ করে। মানুষের চোখে যে আঁকাবাঁকা নদীপথ, তার ভেতরে লুকিয়ে থাকে শক্তি সাশ্রয়, ক্ষয়, মাধ্যাকর্ষণ এবং জ্যামিতির নিখুঁত সমন্বয়। তাই নদীর দিকে তাকালে আমরা শুধু একটি নদী দেখি না, দেখি প্রকৃতির নিজস্ব গণিতকে।
সূত্র: August 10, 2026,Earth sciencefluid dynamics fractals geometry geophysics mathematics Qualia All topics.
