সুষ্ঠু খাদ্যব্যবস্থা কি অধরাই থাকবে? 

সুষ্ঠু খাদ্যব্যবস্থা কি অধরাই থাকবে? 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ আগষ্ট, ২০২৬

বিশ্বের অধিকাংশ দেশ ২০৩০ সালের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পৌঁছতে পারবে না। ফুড সিস্টেমস কাউন্টডাউন ইনিশিয়েটিভ-এর গবেষণায় এমনই ছবি উঠে এসেছে। ১৯৭টি দেশের খাদ্যব্যবস্থাকে ৪৪টি সূচকের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। খাদ্যাভ্যাস, পুষ্টি ও স্বাস্থ্য, পরিবেশ, জীবিকা ও সমতা, সুশাসন এবং খাদ্যব্যবস্থার স্থিতিস্থাপকতা- এই পাঁচটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। ২০১৫ সালের অবস্থার সঙ্গে ২০৩০ ও ২০৫০ সালের নির্ধারিত লক্ষ্য তুলনা করে দেখা গেছে, বর্তমান গতিতে এগোলে অধিকাংশ দেশই নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। সবচেয়ে বড় সমস্যা গ্রিনহাউস গ্যাস নির্গমন। এক্ষেত্রে বিশ্ব গড়ে লক্ষ্যের তুলনায় প্রায় ৭৫ শতাংশ পিছিয়ে এবং বর্তমান গতিতে চললে কোনও দেশই ২০৩০ সালের নির্গমন লক্ষ্য পূরণের পথে নেই। তবে কৃষিজমির পরিবর্তন, গ্রামীণ কর্মসংস্থান, খাদ্য সরবরাহের স্থিতিশীলতা ও মোবাইল ফোন ব্যবহার প্রভৃতি কয়েকটি ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। ইউরোপ ও এশিয়ার দেশগুলি তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও আফ্রিকা ও আমেরিকা মহাদেশের দেশগুলি অনেক সূচকে পিছিয়ে। আফ্রিকায় তিউনিসিয়া ১৬টি সূচকে লক্ষ্য বা মানদণ্ডের সবচেয়ে কাছাকাছি রয়েছে। খাদ্যনিরাপত্তাও বড় উদ্বেগের কারণ। আফ্রিকায় ২৩টি সূচকে প্রতি বছর ১৫–২০ শতাংশ পর্যন্ত উন্নতি প্রয়োজন হতে পারে। এশিয়ায় ২০৩০ সালের লক্ষ্য পূরণে খাদ্য-নিরাপত্তাহীনতা কমাতে বছরে ৬৩ শতাংশেরও বেশি অগ্রগতি দরকার হতে পারে। অন্যদিকে অতি-প্রক্রিয়াজাত খাবারের বিক্রি, কৃষিতে জলের ব্যবহার, কীটনাশকের প্রয়োগ, সরকারি জবাবদিহি এবং খাদ্যব্যবস্থার নির্গমনের মতো কয়েকটি ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তবু আশার দিকও রয়েছে। অন্তত এক-তৃতীয়াংশ দেশ ৩৩টি সূচকের মধ্যে সাতটির ক্ষেত্রে ২০৩০ সালের লক্ষ্যে পৌঁছনোর পথে রয়েছে। তাই অঞ্চল ও আয়ভিত্তিক বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে লক্ষ্য পূরণে প্রয়োজন দ্রুত নীতি পরিবর্তন, বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও শক্তিশালী জবাবদিহির ব্যবস্থা। তা না হলে ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য, জীবিকা ও পরিবেশ রক্ষার উপযোগী খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য অধরাই থেকে যেতে পারে।

 

সূত্র: Down to Earth; August; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + five =