বয়সে ভাষিক ক্ষমতা বাড়ে 

বয়সে ভাষিক ক্ষমতা বাড়ে 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৮ সেপ্টেম্বর, ২০২৬

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতি, মনোযোগ, সিদ্ধান্ত নেওয়া বা সমস্যা সমাধানের ক্ষমতা কিছুটা কমে আসা স্বাভাবিক। মস্তিষ্কের স্ক্যানেও সেই প্রমাণই পাওয়া যায়। কিন্তু ভাষার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। স্ট্রোক বা ডিমেনশিয়ার মতো সমস্যা না থাকলে বয়স বাড়লে বেশিরভাগ মানুষের, ভাষা-কে বোঝা ও ব্যবহারের ক্ষমতা অটুট থাকে। বরং শব্দভাণ্ডার ও পড়ার অভ্যাসের কারণে অনেকের ভাষাজ্ঞান আরও সমৃদ্ধ হয়। তবে এর নেপথ্যের মস্তিষ্কগত কারণ নিশ্চয়ই বর্তমান। এমআইটি ও বোস্টন ইউনিভার্সিটি-র গবেষকেরা ১৭ থেকে ৩৯ বছর এবং ৪১ থেকে ৮০ বছর বয়সি দু দলের মানুষের মস্তিষ্কের কার্যকলাপ তুলনা করে দেখেন। তাতে দেখা যায়, ভাষা প্রক্রিয়াকরণের জন্য গুরুত্বপূর্ণ ‘ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক’ দুই বয়সগোষ্ঠীতেই প্রায় একইভাবে কাজ করছে। কিন্তু ছবিটা বদলে যায় অন্য একটি নেটওয়ার্কে। ‘মাল্টিপল ডিমান্ড নেটওয়ার্ক’ নামে পরিচিত অংশটি মনোযোগ, কর্মস্মৃতি, সিদ্ধান্ত নেওয়া ও সমস্যা সমাধানের মতো কাজে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই নেটওয়ার্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় কমে যায়, সক্রিয়তার মাত্রা কমে এবং সক্রিয় অঞ্চলের পরিসরও ছোট হয়। এই গবেষণায় অংশগ্রহণকারীদের গল্প শোনানো হয়, পড়তে দেওয়া হয়। তাতে নতুন বা অস্বাভাবিক শব্দ ও ব্যাকরণগত গঠনে ব্যবহার করা হয়। অপরিচিত শব্দ বা কঠিন বাক্য সামনে এলে তরুণ এবং প্রবীণ দু-দলের মস্তিষ্কেই ভাষা-সম্পর্কিত অঞ্চলের প্রায় একই প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। অর্থাৎ বয়স বাড়লেও ভাষা বোঝার মৌলিক প্রক্রিয়ায় বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। কেন এমন হয়? গবেষকদের মতে, ভাষা এমন একটি ক্ষেত্র যেখানে মানুষ সারা জীবন জ্ঞান সঞ্চয় করে। বয়স বাড়ার সঙ্গে শব্দভাণ্ডার, পড়ার অভিজ্ঞতা এবং ভাষার সঙ্গে পরিচয়ও বাড়তে থাকে। তাই মস্তিষ্কের ভাষা-নির্ভর নেটওয়ার্ক হয়তো এই দীর্ঘমেয়াদি সঞ্চিত জ্ঞান থেকে সুবিধা পায়। অন্যদিকে, মাল্টিপল ডিমান্ড নেটওয়ার্ককে অনেকটা মস্তিষ্কের ‘নমনীয় কর্মী’ বলা যায়। নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া, নতুন দক্ষতা শেখা কিংবা জটিল সমস্যা সমাধানে সেটিকে বারবার কাজে লাগাতে হয়। আর গবেষণার ফল বলছে, বয়সের ছাপ সম্ভবত এই নমনীয় ব্যবস্থাতেই আগে এবং বেশি পড়ে। অর্থাৎ বয়স বাড়লেই মস্তিষ্কের সব ক্ষমতা একসঙ্গে কমে যায় না। কিছু ক্ষমতা ক্ষয় হয়, আবার কিছু ক্ষমতা অভিজ্ঞতার সঙ্গে টিকে থাকে, এমনকি আরও সমৃদ্ধও হয়।

 

সূত্র: MIT News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 16 =