‘চক্র অর্থনীতি’ বলতে কী বোঝায়? 

‘চক্র অর্থনীতি’ বলতে কী বোঝায়? 

সুপর্ণা চট্টোপাধ্যায়
বিজ্ঞানভাষ সম্পাদকীয় বিভাগ
Posted on ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সম্প্রতি গান্ধীনগরে শেষ হয়েছে বিশ্ব চক্র অর্থনীতি ফোরাম (WCEF)। সপ্তাহজুড়ে প্রায় প্রতিটি আলোচনাতেই উঠে এসেছে ‘সার্কুলার ইকোনমি’ বা চক্র অর্থনীতি কথাটি। আর অদ্ভুতভাবে, আলোচনাভেদে বদলে গেছে এর অর্থও। কেউ সার্কুলার ইকোনমি বলতে বুঝেছেন বর্জ্য পুনর্ব্যবহার ও রিসাইক্লিং। কেউ বলেছেন, ব্যবসার ধরনই বদলানো। যেমন পণ্য বিক্রির বদলে লিজ দেওয়া, ‘প্রোডাক্ট-অ্যাজ-এ-সার্ভিস’ বা পুরনো পণ্য ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা। আবার কারও কাছে এটি অর্থনীতিকে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের থেকে আলাদা করার একটি বড় কৌশল।

 

তাহলে সার্কুলার ইকোনমি আসলে কি? ‘সার্কুলার ইকোনমি’ শব্দবন্ধটি ১৯৯০ সালে অর্থনীতিবিদ ডেভিড পিয়ার্স ও আর. কেরি টার্নার ব্যবহার করেন। তখন এর অর্থ ছিল মূলত প্রাকৃতিক সম্পদ ব্যবহার এবং বর্জ্য তৈরির মধ্যে একটি ‘বদ্ধ চক্র’ তৈরি করা। তবে ধারণাটি অনেক পুরনো। বদ্ধ-চক্র অর্থনীতি, চক্রাকার অর্থনীতি, বন্ধ মহাকাশযান অর্থনীতি প্রভৃতি নানা ধারণায় একই ভাবনা আগে থেকেই উঠে এসেছিল। পরবর্তীতে ‘সার্কুলার ইকোনমি’ হয়ে ওঠে বিভিন্ন ধারণাকে একত্র করা একটি বৃহৎ ধারণা। শুরুর দিকে সার্কুলার ইকোনমির মূল চিন্তা ছিল, প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই দূষণ কমাতে হবে এবং যতটা সম্ভব বর্জ্য ও অপচয় ঠেকাতে হবে। সময় গড়ানোর সঙ্গে ধারণাটি আরও ব্যাপ্ত হয়েছে। শুধু রিসাইক্লিং বা বর্জ্য কমানো নয়, এখন পণ্য কীভাবে তৈরি হবে, কতদিন ব্যবহার করা হবে, কিভাবে মেরামত বা পুনর্ব্যবহার করা যাবে এবং ব্যবসার মডেল কেমন হবে-সবকিছুকেই এর অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ, ‘বর্জ্য কমানো’ থেকে ‘অর্থনীতির ধরন বদলানো’- এই পথেই এগিয়েছে সার্কুলার ইকোনমির ধারণা।

 

এখানেই তৈরি হয়েছে বড় সমস্যা। ২০১৭ সালে একটি গবেষণায় সার্কুলার ইকোনমির ১১৪টি সংজ্ঞা বিশ্লেষণ করা হয়। ২০২৩ সালের আরেক গবেষণায় যোগ হয় আরও ২২১টি সংজ্ঞা। অর্থাৎ, মোট ৩৩৫টি সংজ্ঞা নিয়ে পদ্ধতিগতভাবে বিশ্লেষণ হয়েছে। সংজ্ঞাগুলিতে মূলত তিনটি বিষয় দেখা হয়েছে- ক) কিভাবে সার্কুলার ইকোনমি তৈরি হবে, খ) কেন তা করা হবে এবং গ) কারা তা বাস্তবায়ন করবে।

এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। সার্কুলার ইকোনমির সংজ্ঞাগুলির খুব কম অংশেই বর্জ্য হ্রাস থেকে পুনর্ব্যবহার পর্যন্ত কোন কাজটি আগে, কোনটি পরে- তার স্পষ্ট অগ্রাধিকার রয়েছে। ফলে শুধু রিসাইক্লিং করেও কোনও সংস্থা নিজেকে ‘সার্কুলার’ বলে দাবি করতে পারে। অথচ আরও কার্যকর পথ হতে পারে পণ্য কম তৈরি করা, দীর্ঘদিন ব্যবহার করা, মেরামত করা বা পুনরায় ব্যবহার করা। তাছাড়া আরও একটি দুর্বল জায়গা হল সামাজিক সমতা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ। গবেষণাগুলিতে এই বিষয়গুলি তুলনামূলকভাবে কম গুরুত্ব পেয়েছে।

 

সার্কুলার ইকোনমির ক্ষেত্রে ব্যবসার ধরন বদলানোর কথা বলা হলেও সংজ্ঞাগুলির অল্প অংশেই তা স্পষ্টভাবে উঠে এসেছে। ২০১৭ সালে মাত্র ১১ শতাংশ সংজ্ঞায় ব্যবসায়িক মডেলের কথা ছিল। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে প্রায় ২১–২৭ শতাংশ। ফলত শুধু পণ্যের প্যাকেজিং রিসাইক্লিং করেও কোনও সংস্থা নিজেকে ‘সার্কুলার’ হওয়ার দাবি করতে পারে। কিন্তু পণ্যটি সহজে মেরামত করার উপযোগী রূপে তৈরি হচ্ছে কিনা, দীর্ঘদিন ব্যবহার করা যায় কিনা বা কম সংখ্যায় উৎপাদন করতে হয় কিনা -সেই প্রশ্ন থেকেই যেতে পারে। সার্কুলার ইকোনমির ধারণা দেশ ও শিল্পভেদেও আলাদা। চিনের ২০০৮ সালের চক্র অর্থনীতি প্রসার আইনে ‘কমানো (Reduce), পুনর্ব্যবহার (Reuse) ও পুনঃচক্রায়ন (Recycle)’ বা 3R-কে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন জোর দিয়েছে সম্পদের দক্ষ ব্যবহার, সরবরাহ ব্যবস্থায় উপকরণকে পুনরায় কাজে লাগানো এবং রিসাইক্লিংয়ের উপর। আবার পোশাক শিল্পে গুরুত্ব পাচ্ছে পুনর্ব্যবহার ও রিসাইক্লিং, গাড়ি শিল্পে পুরনো গাড়ি ও যন্ত্রাংশ পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণ, আর নির্মাণ ক্ষেত্রে ভবনের উপকরণ খুলে নিয়ে পুনরায় ব্যবহার করার মতো বিষয়।

 

তাহলে ভবিষ্যৎ কোন পথে? গবেষকদের মতে, সার্কুলার ইকোনমি নিয়ে হয়তো কোনও একটি চূড়ান্ত সংজ্ঞায় পৌঁছনোটা জরুরি নয়। বরং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ। যেমন, কম ব্যবহার ও কম অপচয়, পণ্য পুনর্ব্যবহার ও মেরামত, রিসাইক্লিংয়ের স্পষ্ট অগ্রাধিকার, ব্যবসার মডেলে পরিবর্তন এবং সামাজিক সমতার গুরুত্ব। অর্থাৎ, সার্কুলার ইকোনমি এখন আর শুধু ‘বর্জ্য রিসাইক্লিং’-এর নাম নয়। এটি উৎপাদন, ব্যবহার, ব্যবসা এবং সম্পদ ব্যবহারের পুরো ব্যবস্থাকে নতুন করে ভাবার একটি ধারণা। তবে সেই ধারণার অস্পষ্টতায় লুকিয়ে রয়েছে শক্তি এবং দুর্বলতা, দুটোই।

 

সুত্র: Down to Earth; September 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 9 =