বেপরোয়া এআই 

বেপরোয়া এআই 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ অক্টোবর, ২০২৬

এআই-নির্ভর সাইবার হামলার একের পর এক ঘটনা সামনে আসার মধ্যেই এবার ওপেন এআই -কে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্টে দাবি, সংস্থার এআই মডেল শুধু নির্দিষ্ট পরীক্ষার পরিবেশে সীমাবদ্ধ থাকেনি, কিছু ক্ষেত্রে নিজেরাই এমন কাজ করেছে, যা সাইবার হামলার পর্যায়ে পৌঁছেছে। এক পরীক্ষায় একদল এআই মডেল নির্দিষ্ট নিরাপত্তা-বেষ্টনী ভেঙে বেরিয়ে, এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসে হামলার মতো আচরণ করে। অস্ট্রেলিয়া সরকারের মেডিকেয়ার ব্যবস্থাতেও অনুপ্রবেশের ঘটনা ঘটে। সেখানে স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য ছিল। অভিযোগ, ঘটনাটি সরকারকে জানাতে ওপেনএআইয়ের প্রায় তিন সপ্তাহ সময় লেগেছিল। রয়টার্স জানায়, ওপেন এআইয়ের এআই মডেল ৫৩টি ব্যবহারকারীর ছবি ইন্টারনেটে ফাঁস করেছে। ছবিগুলি বাস্তব মানুষের কি না, বা কখন সেগুলি ছড়িয়ে পড়ে, তা সংস্থা জানায়নি। বেশিরভাগ ছবি সরানো হলেও কিছু হয়তো এখনও অনলাইনে থাকতে পারে। ব্যবহারকারীরা আপত্তি না জানানোয় ছবিগুলি এআই প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছিল বলে সূত্রের দাবি। সেই প্রক্রিয়ায় ব্যক্তির পরিচয় যথেষ্ট গোপন রাখা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওপেনএআইয়ের মডেলরা মার্কিন শিক্ষা দফতর, বাণিজ্য দফতর ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে অস্বাভাবিক কাজ করেছিল। শিক্ষা দফতরের একটি ওয়েবসাইটে ঢোকার চেষ্টা সফল হয়নি। আবার অনলাইনে পাওয়া পরিচয়পত্র ব্যবহার করে মার্কিন জনগণনা দফতরের একটি ব্যবস্থা থেকে তথ্য ডাউনলোডের ঘটনাও সামনে এসেছে। তবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি জানিয়েছে, গোপন বা অপ্রকাশিত তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলেনি। ওপেনএআইয়ের বক্তব্য, খতিয়ে দেখা বেশিরভাগ ঘটনাই ছিল সাধারণ তথ্য খোঁজার কাজ। সরকারি ওয়েবসাইট ব্যবহার করা হয়েছিল নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে। তবে কিছু ক্ষেত্রে মডেলের আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল।ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানও স্বীকার করেছেন, ঘটনাগুলি প্রকাশের প্রক্রিয়া যত দ্রুত হওয়া উচিত ছিল, ততটা দ্রুত হয়নি। এখন বড় প্রশ্ন, এআই নিজে থেকে এমন কাজ করলে দায় কার? বিশেষজ্ঞদের মধ্যে এখনও এ বিষয়ে ঐকমত্য নেই। তবে ঘটনাগুলি স্পষ্ট করে দিয়েছে, এআইকে যত বেশি স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তার নিয়ন্ত্রণও আরও শক্ত করা জরুরি।

 

সূত্র: Gizmodo; September, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eighteen =