অতিপরিবাহী কিউবিটযুক্ত কোয়ান্টাম কম্পিউটার

অতিপরিবাহী কিউবিটযুক্ত কোয়ান্টাম কম্পিউটার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ নভেম্বর, ২০২৬

কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা বাড়াতে নিজেদের তৈরি দুটি কোয়ান্টাম চিপকে প্রায় এক মিটার দীর্ঘ অ্যালুমিনিয়ামের তার দিয়ে যুক্ত করল আইবিএম সংস্থা। ভবিষ্যতে এই প্রযুক্তির সাহায্যে একাধিক চিপকে পরস্পরের সঙ্গে সংযুক্ত করে আরও বড় কোয়ান্টাম কম্পিউটার তৈরি করা সম্ভব হতে পারে। ভবিষ্যতে নির্দিষ্ট কিছু জটিল সমস্যা সমাধানে এই কম্পিউটারগুলি প্রচলিত সুপারকম্পিউটারকে ছাপিয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।

আইবিএমের কোয়ান্টাম কম্পিউটারের মূল উপাদান হল কিউবিট বা কোয়ান্টাম বিট। প্রচলিত কম্পিউটারের বিট যেখানে ০ অথবা ১— এই দুটি দশার যেকোনো একটিতে থাকে, সেখানে কোয়ান্টাম বলবিদ্যার বিশেষ নিয়ম মেনে কিউবিট একই সময়ে ০ আর ১-এর সুপারপজিশন দশায় থাকতে পারে। এই বৈশিষ্ট্যই কোয়ান্টাম কম্পিউটারের বিপুল গণনাক্ষমতার অন্যতম ভিত্তি।

কিউবিট তৈরি হয় অতিপরিবাহী ধাতুর ক্ষুদ্র বৈদ্যুতিক বর্তনী দিয়ে। এগুলিকে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে যাওয়া হয়, যাতে বিশেষ কোয়ান্টাম বৈশিষ্ট্য বজায় থাকে। মাইক্রোওয়েভ সংকেতের সাহায্যে কিউবিটের দশা নিয়ন্ত্রণ করা যায়। ইতিমধ্যেই শতাধিক অতিপরিবাহী কিউবিটযুক্ত কোয়ান্টাম কম্পিউটার তৈরি হয়েছে। তবে এই প্রযুক্তির পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে ভবিষ্যতে এক লক্ষ থেকে দশ লক্ষ কিউবিটের প্রয়োজন হতে পারে।

এই লক্ষ্যেই আইবিএম তাদের ১২০ কিউবিটের দুটি নাইটহক চিপকে তারের মাধ্যমে যুক্ত করেছে। সংযোগ স্থাপনের জন্য স্প্রিংযুক্ত সংযোগকারীর দুটি বল্টু আঁটাই যথেষ্ট। এতে ইন্ডিয়াম নামের একটি ধাতুর ছোট অংশ চিপ ও তারের মধ্যে চেপে বসে এবং অতিপরিবাহী সংযোগ তৈরি হয়।

এই সংযোগের মাধ্যমে তারের নির্দিষ্ট কম্পাঙ্কের রেডিও তরঙ্গ ব্যবহার করে দুই চিপের কিউবিটের মধ্যে কোয়ান্টাম দশার আদানপ্রদান করা সম্ভব হয়েছে। গবেষকেরা দুটি পৃথক চিপের কিউবিটের মধ্যে কোয়ান্টাম বিজড়ন (এনট্যাঙ্গলমেন্ট) তৈরি করেছেন। এই অবস্থায় দুটি কিউবিটের কোয়ান্টাম বৈশিষ্ট্য পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকে।

তবে এই প্রযুক্তিকে কার্যকর বৃহত্তর প্রসেসরে রূপান্তরিত করার কিছু সমস্যা রয়েছে। পৃথক শীতলীকরণ ব্যবস্থায় রাখা দুটি চিপকে যুক্ত করা এবং তারের মাধ্যমে আরও নির্ভুলভাবে বিজড়িত অবস্থা তৈরি করা— এই দুই চ্যালেঞ্জের সমাধান জরুরি। সফল হলে একাধিক চিপকে একত্রে কাজ করিয়ে আরও শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরির সম্ভাবনা বাস্তবের কাছাকাছি পৌঁছবে।

 

সূত্র: ScienceAdviser, 28 October 2026, IBM links two quantum chips in key step toward bigger computers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =