একই বর্ণের এত রূপ

একই বর্ণের এত রূপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ নভেম্বর, ২০২৬

 

আধুনিক আলোকসজ্জায় একই রং সবার চোখে একরকম দেখায় না। এই পার্থক্যের কারণ খুঁজতে নতুন একটি গাণিতিক মডেল তৈরি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর গবেষকরা। তাঁদের গবেষণাটি প্রকাশিত হয়েছে Optics Express পত্রিকায়। মানুষের চোখে তিন ধরনের শঙ্কু কোষ (Cone cells) রয়েছে: L, M ও S। এগুলি যথাক্রমে দীর্ঘ, মাঝারি ও স্বল্প তরঙ্গদৈর্ঘ্যের আলো শনাক্ত করে। এই তিন ধরনের শঙ্কু কোষের সম্মিলিত সংকেত থেকেই মস্তিষ্ক বিভিন্ন রং চিনতে পারে। অধিকাংশ আলোকসজ্জা এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে লাল, সবুজ ও নীল (লাসনী) রং তৈরি করে। কিন্তু আধুনিক আলোকসজ্জায় ব্যবহৃত লেজার ও কোয়ান্টাম ডট LED-এর মতো প্রযুক্তি একেবারে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো তৈরি করে। ফলে একই মান অনুযায়ী ক্যালিব্রেট করা আলোকসজ্জার রংও নানা মানুষের চোখে আলাদা দেখাতে পারে। এই ঘটনাকে বলা হয় Metamerism Failure।গবেষকরা নতুন মডেলে মানুষের শঙ্কু কোষের সংবেদনশীলতায় ব্যক্তিগত পার্থক্যের পাশাপাশি বয়সের সঙ্গে চোখের লেন্সের পরিবর্তনের ব্যাপারটাকেও বিবেচনায় রেখেছেন। বয়স বাড়লে মানুষের চোখের লেন্স কিছুটা হলদেটে হয়ে যায়, তখন নীল-বেগুনি আলো কম প্রবেশ করে। আবার লাল-সবুজ বর্ণদৃষ্টির ত্রুটিও রং দেখার ক্ষেত্রে পার্থক্য তৈরি করে। গবেষণায় দেখা গেছে, আলোকসজ্জায় নীল আলোর বর্ণালী বয়সজনিত বর্ণ পরিবর্তনে বিশেষ প্রভাব ফেলে। অন্যদিকে লাল ও সবুজ আলোর বর্ণালী লাল-সবুজ বর্ণদৃষ্টির ত্রুটিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আশা, এই মডেল কাজে লাগিয়ে এমন আলোকসজ্জা তৈরি করা সম্ভব হবে, যেখানে উজ্জ্বলতা ও রঙের বৈচিত্র্য বজায় রেখেও অধিকাংশ মানুষের কাছে রং প্রায় একই রকম দেখাবে। ভবিষ্যতে এই গবেষণা টেলিভিশন, সিনেমা, ডিজিটাল আলোকসজ্জা এবং কৃত্রিম আলোর রং আরও নির্ভুলভাবে নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।

 

সূত্র: Physics world; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =