দোয়ি-পেলিতি তত্ত্বের ৫০ বছর

দোয়ি-পেলিতি তত্ত্বের ৫০ বছর

অঙ্কিতা গাঙ্গুলী
বিজ্ঞানভাষ সম্পাদকীয় বিভাগ
Posted on ১৩ নভেম্বর, ২০২৬

বিজ্ঞানের ইতিহাসে এমন অনেক আবিষ্কারই রয়েছে, যার গুরুত্ব আবিষ্কারের সময় পুরোপুরি অনুধাবন করা যায়নি, কিন্তু পরে সেই আবিষ্কারই হয়ে উঠেছে গবেষণার অপরিহার্য হাতিয়ার। জাপানি পদার্থবিদ মাসাও দোয়ি ও ইতালীয় পদার্থবিদ লুকা পেলিতির উদ্ভাবিত তত্ত্ব তেমনই এক দৃষ্টান্ত। পরিসংখ্যানগত পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ এই তত্ত্বের বিকাশে এই দু’জনের সমান অবদান ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁরা প্রথম থেকে জানতেনই না যে তাঁরা কেউই একা নন সম্পূর্ণ কাজটা যৌথ উদ্যোগেই এগিয়েছিল। তাঁদের প্রথম সাক্ষাৎ হল আবিষ্কারের প্রায় ৫০ বছর পর। ২০২৬ সালের সেপ্টেম্বরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সম্মেলনে দোয়ি-পেলিতি তত্ত্বের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের মধ্য দিয়ে তাঁদের গবেষণার ঐতিহাসিক গুরুত্ব নতুন করে উঠে এসেছে।

 

১৯৭৬ সালের সেপ্টেম্বরে টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে কর্মরত মাসাও দোয়ি জার্নাল অফ ফিজিক্স-এ দুটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন। সেখানে তিনি সাবেকি সম্ভাবনানির্ভর বহু-কণাবিশিষ্ট ব্যবস্থার জটিল আচরণ বিশ্লেষণে কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্বের অনুরূপ গাণিতিক কাঠামো প্রয়োগ করেন। কণার এলোমেলো চলাচল, পারস্পরিক ক্রিয়া,ৎ রাসায়নিক বিক্রিয়া প্রভৃতি প্রক্রিয়াকে বিশ্লেষণের এই অভিনব পদ্ধতি পরবর্তী সময়ে নতুন গবেষণার দিশা দেয়। তবে সে সময় দোয়ির কাজ বিশেষ পরিচিতি পায়নি।

১৯৮০ সালে জার্মানির ভুপার্টাল বিশ্ববিদ্যালয়ের পিটার গ্রাসবার্গার ও মার্টিন শ্যুনার্ট স্বাধীনভাবে প্রায় একই ধারণা পুনরাবিষ্কার করেন এবং এর বহুমুখী প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন। এরপর ১৯৮৫ সালে গ্রাসবার্গারের সঙ্গে আলোচনার সূত্র ধরে ইতালির রোম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ লুকা পেলিতি দোয়ির তত্ত্বকে আরও উন্নত করেন। তিনি একে পাথ ইন্টিগ্রাল বা সম্ভাব্য গতিপথের সমাকলনভিত্তিক গাণিতিক কাঠামোয় প্রকাশ করেন। এর ফলে রিনর্মালাইজেশন গ্রুপ পদ্ধতি প্রয়োগ করে বিভিন্ন জটিল প্রক্রিয়া বিশ্লেষণ করা সহজ হয়। ওই বছরই পেলিতি রাসায়নিক বিক্রিয়া ও বিসরণ-সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশ করেন। ক্রমে এই যৌথ তাত্ত্বিক কাঠামো ‘দোয়ি-পেলিতি ক্ষেত্রতত্ত্ব’ নামে পরিচিতি লাভ করে।

এই তত্ত্বের অন্যতম প্রধান প্রয়োগক্ষেত্র হলো বিক্রিয়া-বিসরণ প্রক্রিয়া। কোনও ব্যবস্থায় কণাগুলি একদিকে যেমন স্থান পরিবর্তন করে ছড়িয়ে পড়ে, অন্যদিকে তেমনই রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। এই দুই প্রক্রিয়ার পারস্পরিক প্রভাব থেকে জটিল আচরণের সৃষ্টি হয়। দোয়ি-পেলিতি তত্ত্বের সাহায্যে বিজ্ঞানীরা এমন ব্যবস্থার দীর্ঘমেয়াদি আচরণ বিশ্লেষণ করতে পারেন, বিভিন্ন ভৌত রাশির মান নির্ণয়ে প্রয়োজনীয় গাণিতিক আনুমানিক হিসাবও তৈরি করতে পারেন।

এই তত্ত্বের বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিদ জন কার্ডি ও তাঁর সহকর্মীরা। ২০০০-এর দশকে তাঁদের গবেষণা, পর্যালোচনামূলক প্রবন্ধ ও শিক্ষামূলক আলোচনা তত্ত্বটিকে বৃহত্তর গবেষকসমাজের কাছে পরিচিত করে তোলে।

দোয়ি নিজে পলিমার ও নরম পদার্থের পদার্থবিজ্ঞানেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ২০১৮ সালে তিনি চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিশ্ববিদ্যালয়ের ওয়েনঝৌ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি জানতেনই না, তাঁর প্রাথমিক গবেষণা থেকে বিকশিত ক্ষেত্রতত্ত্বটি পরবর্তী সময়ে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই অজানা ইতিহাসের পরিসমাপ্তি ঘটে ২০২৬ সালের ২২ থেকে ২৫ সেপ্টেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে। সেখানে প্রথমবারের মতো মুখোমুখি হন দোয়ি ও পেলিতি। তাঁদের কাজের ঐতিহাসিক বিবর্তন, বৈজ্ঞানিক সাফল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন গবেষকেরা। দোয়ির কথায়, নিজের নামাঙ্কিত কোনও সম্মেলনে এই প্রথম তাঁর অংশগ্রহণ।

দোয়ি-পেলিতি তত্ত্বের ৫০ বছর পূর্তি একটি বৈজ্ঞানিক ধারণার সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি গবেষণার দীর্ঘ যাত্রা, জ্ঞানচর্চার ধারাবাহিকতা এবং বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতিরও এক তাৎপর্যপূর্ণ অধ্যায়। তত্ত্বটি নিয়ে জার্নাল অফ ফিজিক্স-এ পত্রিকার একটি বিশেষ সংখ্যাও প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

 

সূত্র: Physics World Weekly,2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 5 =