ইন্টারনেটে স্বেচ্ছাশ্রম ও অবাধ জ্ঞানচর্চা 

ইন্টারনেটে স্বেচ্ছাশ্রম ও অবাধ জ্ঞানচর্চা 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ নভেম্বর, ২০২৬

আজকের দিনে ইন্টারনেটের বিকাশে বড় বড় প্রযুক্তি সংস্থাগুলির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু এই ইন্টারনেট জগতেই বহুল ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পদ তৈরি হয়েছে এমন একদল মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, যাঁদের অধিকাংশই স্বেচ্ছাকর্মী। এই কাজের জন্য তাঁরা কোনও পারিশ্রমিক পান না। লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে উইকিপিডিয়া—এই সাফল্যের নেপথ্যে রয়েছে স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং অবাধ জ্ঞানচর্চা।

প্রচলিত ধারণা অনুযায়ী, বড় কোনও প্রযুক্তিগত বা জ্ঞানভিত্তিক প্রকল্প সফল করতে প্রয়োজন বিপুল অর্থ, পেশাদার কর্মী এবং কঠোর প্রশাসনিক কাঠামো। কিন্তু এই প্রকল্পগুলি দেখিয়েছে, বিকেন্দ্রীভূতভাবে সংগঠিত স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগেও বিশ্বমানের সম্পদ তৈরি করা সম্ভব।

১৯৯১ সালে ফিনল্যান্ডের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র লিনাস টরভাল্ডস একটি অনলাইন আলোচনামঞ্চে তাঁর নতুন অপারেটিং সিস্টেম তৈরির কাজের কথা জানান। নিজের অবসর সময়ে তৈরি এই প্রকল্পকে তিনি নিছক শখের কাজ বলেছিলেন। তাঁর লক্ষ্য ছিল এমন একটি সফটওয়্যার তৈরি করা, যা যে কেউ বিনামূল্যে ব্যবহার, পরীক্ষা, পরিবর্তন ও অন্যদের মধ্যে বিতরণ করতে পারবেন। তিনি কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যোগাযোগের মৌলিক কাজ পরিচালনাকারী অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ শাঁস অংশ বা কার্নেল তৈরি করছিলেন। তবে তিনি ইন্টারনেটের যে কাউকে এই কাজে মতামত ও অবদান রাখার আহ্বান জানান।

ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তের সফটওয়্যার নির্মাতারা তাঁর সঙ্গে যুক্ত হন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয় লিনাক্স কার্নেল। পরে এটি GNU প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে GNU/Linux অপারেটিং সিস্টেমের ভিত্তি গড়ে তোলে। GNU প্রকল্পের উদ্দেশ্য ছিল UNIX-এর বিকল্প একটি মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করা। তিন দশকেরও বেশি সময় পর লিনাক্স বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সফটওয়্যার হয়ে উঠেছে। প্রায় সমস্ত সুপারকম্পিউটার, ইন্টারনেট সার্ভারের বড় অংশ, অধিকাংশ স্মার্টফোন এবং টেলিভিশনের মতো নানা ইলেকট্রনিক যন্ত্রে এর কোনও না কোনও সংস্করণ ব্যবহৃত হচ্ছে। একসময় বড় বড় প্রযুক্তি সংস্থাগুলির তৈরি বাণিজ্যিক অপারেটিং সিস্টেমের আধিপত্য থাকলেও লিনাক্স সেই ব্যবস্থাকে বদলে দিয়েছে।

লিনাক্সের এই সাফল্য সফটওয়্যার তৈরির প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়েছে। সাধারণত বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি বেতনভুক কর্মীদের নিয়ে নির্দিষ্ট প্রশাসনিক কাঠামোর মধ্যে সফটওয়্যার তৈরি করে। কোডের মালিকানা থাকে সংস্থার হাতে এবং কপিরাইট ও পেটেন্টের মাধ্যমে বাইরের মানুষের ব্যবহার বা পরিবর্তনের অধিকার সীমিত। কিন্তু লিনাক্স তৈরি হয়েছে এর সম্পূর্ণ বিপরীত পথে। এখানে কোনও কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা বা আর্থিক পারিশ্রমিক প্রধান চালিকাশক্তি ছিল না। বরং স্বেচ্ছাসেবীরা নিজেদের আগ্রহ, দক্ষতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করেছেন।

এই ধরনের উৎপাদনব্যবস্থাকে বলা হয় ‘পিয়ার প্রোডাকশন’ বা সমকক্ষ সম্মিলিত উৎপাদন। আইন ও প্রযুক্তিবিষয়ক গবেষক ইয়োচাই বেনকলার এই ধারণাটিকে ‘কমন্স-বেসড পিয়ার প্রোডাকশন’ নামে পরিচিত করেন। এর প্রধান বৈশিষ্ট্য হল, অংশগ্রহণকারীরা আর্থিক লাভের বদলে ব্যক্তিগত আগ্রহ, সামাজিক স্বীকৃতি, শেখার সুযোগ কিংবা বৃহত্তর সমাজের মঙ্গলের জন্য মূলত কাজ করেন। প্রকল্প পরিচালনা ও কাজের ভার বণ্টনও হয় বিকেন্দ্রীভূত পদ্ধতিতে। তৈরি হওয়া সম্পদ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের একচেটিয়া সম্পত্তি না হয়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে।

২০০১ সালের জানুয়ারিতে এই মডেল অনুসরণ করেই শুরু হয় উইকিপিডিয়া। যে কেউ সম্পাদনা করতে পারবেন—এই আহ্বানকে সামনে রেখে তৈরি হওয়া এই অনলাইন বিশ্বকোষটি বর্তমানে ৩০০-র বেশি ভাষায় প্রায় ৬ কোটি ৮০ লক্ষ নিবন্ধের এক সুবিশাল জ্ঞানভান্ডার। শুধু ইংরেজি সংস্করণেই ১২ কোটি ১০ লক্ষের বেশি ব্যবহারকারী অ্যাকাউন্ট এবং লক্ষ লক্ষ পরিচয়হীন অবদানকারীর সম্মিলিত প্রচেষ্টায় একশো কোটিরও বেশি সম্পাদনা হয়েছে। এর অধিকাংশই করেছেন স্বেচ্ছাসেবীরা। বর্তমানে এটি বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ও ইতিহাসের বৃহত্তম বিশ্বকোষ।

এই সহযোগিতার শক্তির আরেকটি উদাহরণ জার্মানির ‘গুটেনপ্ল্যাগ উইকি’। ২০১১ সালে জার্মানির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কার্ল-থিওডর জু গুটেনবার্গের গবেষণাপত্রে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠে। অনলাইন মাধ্যমে স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে তাঁর গবেষণাপত্রের বিভিন্ন অংশ পরীক্ষা করেন এবং অন্য উৎস থেকে নেওয়া লেখার প্রমাণ নথিবদ্ধ করেন। মাত্র কয়েক দিনের মধ্যে শত শত পৃষ্ঠায় সম্ভাব্য চৌর্যবৃত্তির তথ্য চিহ্নিত হয়। এই অনুসন্ধানের প্রায় দু’সপ্তাহ পর গুটেনবার্গ পদত্যাগ করেন। ঘটনাটি থেকে শিক্ষণীয় বিষয় হল, সম্মিলিত অনলাইন উদ্যোগ জনস্বার্থে নজরদারির শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে।

তবে সব অনলাইন সহযোগিতামূলক প্ল্যাটফর্ম প্রকৃত অর্থে পিয়ার প্রোডাকশনের উদাহরণ নয়। যেমন, রেডিট ব্যবহারকারীরা নিজেদের পছন্দের বিষয় নিয়ে আলোচনা, তথ্য বিনিময় এবং পোস্টে ভোট দেন। এতে সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিহ্নিত হয়। কিন্তু এই তথ্য ও বিষয়বস্তুর মালিকানা শেষ পর্যন্ত রেডিট কর্তৃপক্ষের হাতেই ন্যস্ত থাকে। ২০২৩ সালে সংস্থাটি তাদের তথ্য ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য অর্থমূল্য নিতে শুরু করে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থাগুলির বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও ব্যবহারের বিষয়টি এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউটিউব ও ইয়েলপের মতো প্ল্যাটফর্মেও মানুষ বিনামূল্যে বিষয়বস্তু তৈরি করেন, কিন্তু সেই কাজ থেকে বিজ্ঞাপন ও অন্যান্য বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে সংস্থাগুলি আয় করে। ফলে স্বেচ্ছাসেবী সহযোগিতা ও বাণিজ্যিক স্বার্থের সীমারেখা ক্রমশ অস্পষ্ট হচ্ছে।

পিয়ার প্রোডাকশনের সাফল্যের পাশাপাশি রয়েছে কিছু সীমাবদ্ধতাও। এই ধরনের উদ্যোগে অংশগ্রহণের সুযোগ সাধারণত উন্নত দেশগুলির শিক্ষিত ও প্রযুক্তিদক্ষ মানুষের মধ্যে বেশি সীমাবদ্ধ। অনেক ক্ষেত্রে অনলাইন সম্প্রদায়ের মধ্যেও ক্ষমতার বৈষম্য, লিঙ্গবৈষম্য ও হয়রানির সমস্যা দেখা যায়। প্রকল্প বড় হলে সেগুলি পরিচালনার জন্য ক্রমশ কঠোর নিয়ম ও প্রশাসনিক কাঠামো তৈরি হয়, যা নতুনদের অংশগ্রহণ কঠিন করে তুলতে পারে। এমনকি অনেক সহযোগিতামূলক প্রকল্প ব্যর্থও হয়।

তবু লিনাক্স ও উইকিপিডিয়ার মতো উদ্যোগ প্রমাণ করেছে, মানুষের সম্মিলিত জ্ঞান ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রচলিত বাজারব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর বিকল্প শক্তি হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম, ক্রাউডফান্ডিং, শেয়ারিং অর্থনীতি, ব্লকচেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভৃতি ক্ষেত্রেও এই সহযোগিতামূলক উৎপাদনব্যবস্থার প্রভাব রয়েছে। এমনকি ChatGPT-র মতো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থাও উত্তর তৈরির জন্য উইকিপিডিয়ার মতো সম্মিলিত উদ্যোগে তৈরি জ্ঞানভান্ডার থেকে তথ্য গ্রহণ করে।

ভুল তথ্য, সামাজিক বিভাজন ও নাগরিক অংশগ্রহণের সংকটের এই সময়ে পিয়ার প্রোডাকশন একটা নতুন সম্ভাবনা। এর মূল শক্তি অর্থ বা কর্তৃত্ব নয়, বরং মানুষের পারস্পরিক আস্থা, স্বাধীন উদ্যোগ এবং জ্ঞান ভাগ করে নেওয়ার মানসিকতা। লিনাক্সের সূচনায় যে সহযোগিতার বীজ রোপিত হয়েছিল, তা আজ বিশ্বজুড়ে ডিজিটাল জ্ঞান ও প্রযুক্তি তৈরির পদ্ধতিকেই নতুনভাবে সংজ্ঞায়িত করছে।

 

সূত্র: Peer production is responsible for some of the most valuable online resources, challenging the authority of firms, markets, and government bureaucracies By: Benjamin Mako Hill, Christian Pentzold and Aaron Shaw, The MIT Press.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =