ব্যাকটেরিয়াজনিত রোগপ্রতিরোধী ধান 

ব্যাকটেরিয়াজনিত রোগপ্রতিরোধী ধান 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ নভেম্বর, ২০২৬

ধানের ফলন ও গুণমান নষ্টকারী যে এক বিধ্বংসী ব্যাকটেরিয়াজনিত রোগের বিরুদ্ধে প্রতিরোধী ধান উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি নতুন জিন সম্পাদন প্রযুক্তি ব্যবহার করে এই সাফল্য পেয়েছেন আমেরিকার মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের তৈরি ধানের গাছ ব্যাকটেরিয়াল ব্লাইট বা ব্যাকটেরিয়াজনিত পাতাপোড়া রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এশিয়া ও আফ্রিকার বহু ধান উৎপাদনকারী অঞ্চলে এই রোগ ফসলের ব্যাপক ক্ষতি করে। তাই এই নতুন প্রযুক্তিটি ভবিষ্যতে খাদ্যনিরাপত্তা ও কৃষকদের জীবিকা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

এই গবেষণার মূল হাতিয়ার ‘ওপেনক্রিসপার-১’ (OpenCRISPR-1) নামের একটি জিন সম্পাদন প্রযুক্তি। ক্যালিফোর্নিয়ার জৈবপ্রযুক্তি সংস্থা প্রোফ্লুয়েন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এটি তৈরি করেছে। এর আগে প্রাণীকোষে এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছিল। এবার সেটিকে ধানের জিন সম্পাদনের কাজে সফলভাবে ব্যবহার করলেন মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি, খাদ্য ও প্রাকৃতিক সম্পদ বিভাগের অধ্যাপক বিং ইয়াং।

জিন সম্পাদন প্রযুক্তির সাহায্যে জীবের ডিএনএ-র নির্দিষ্ট অংশে পরিবর্তন আনা যায়। উদ্ভিদের কোন জিন রোগের প্রতি সংবেদনশীলতা বাড়ায়, তা শনাক্ত করে সেই জিনে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো সম্ভব। গবেষকেরা ধানগাছের সঙ্গে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার মিথস্ক্রিয়া বিশ্লেষণ করে জিনগত পরিবর্তনের পথ খুঁজেছেন। যার ফলে গাছের নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে।

ব্যাকটেরিয়াল ব্লাইট ধানের পাতা ও গাছের বিভিন্ন অংশে সংক্রমণ ঘটিয়ে ফসলের উৎপাদন এবং গুণমান—দুই-ই কমিয়ে দেয়। যেসব অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের খাদ্য ও জীবিকা ধান চাষের ওপর নির্ভরশীল, সেখানে এই রোগের প্রাদুর্ভাব কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলে। তাই রোগ প্রতিরোধী ধান উদ্ভাবন কৃষিক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।

এই প্রযুক্তির আর একটি সুবিধা হল, ওপেনক্রিসপার-১ গবেষণা ও বাণিজ্যিক ফসল উন্নয়নের জন্য বিনামূল্যে ব্যবহার করা যায়। অনেক জিন সম্পাদন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সংস্থার অনুমতি বা লাইসেন্সের প্রয়োজন হয়। কিন্তু এটি অবাধ প্রযুক্তি হওয়ায় গবেষক ও কৃষি সংস্থাগুলি তুলনামূলকভাবে স্বাধীনভাবে নতুন জাত উদ্ভাবনের কাজ করতে পারবেন।

বাণিজ্যিকভাবে চাষযোগ্য ধানের জাতের মধ্যে এই প্রযুক্তি প্রয়োগ, আরও পরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া এখনও বাকি। ফলে কৃষকদের হাতে এই ধান পৌঁছতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে।

গবেষকদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি শুধু ধানের রোগ প্রতিরোধেই নয়, ভুট্টা ও সয়াবিন প্রভৃতি অন্যান্য ফসলের উন্নতিতেও কাজে লাগবে। খরা, অতিরিক্ত তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশগত প্রতিকূলতা সহ্য করতে সক্ষম ফসল তৈরির সম্ভাবনাও রয়েছে এর মাধ্যমে।

গবেষণাটির বিবরণ এ বছর ২০ মে বায়োটেক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সূত্র: “AI-designed OpenCRISPR-1 enables efficient targeted mutagenesis and prime editing in rice” by Ajay Gupta, Rabia Ahuja, Bo Liu, Mark Adero, et.al; 20 May 2026, published in aBIOTECH. DOI: 10.1016/j.abiote.2026.100054

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 12 =