সুপারসনিক রকেট থেকে প্যারাশুট খোলার ফটো

সুপারসনিক রকেট থেকে প্যারাশুট খোলার ফটো

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৫ নভেম্বর, ২০২৬

সম্প্রতি প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় ঘণ্টায় ৭০০ মাইলেরও বেশি গতিতে ছুটে চলা একটি সুপারসনিক রকেট থেকে প্যারাশুট খোলার দৃশ্য ধরা পড়ল এক বিশেষ ক্যামেরায়। রকেট থেকে আলাদা হয়ে যাওয়ার পরও ক্যামেরাটি যাতে নিজের অবস্থান স্থির রেখে রকেটের দিকেই তাক করে থাকতে পারে, তার জন্য এখানে ব্যবহার করা হয়েছে জাইরোস্কোপ ও ঘুরন্ত মোটরচালিত চাকা। অপেশাদার রকেট প্রযুক্তির ক্ষেত্রে এই পরীক্ষা এক বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

স্বনিয়ন্ত্রিত রকেট নির্মাতা ও ইউটিউবার জো বার্নার্ড এই পরীক্ষার পরিকল্পনা ও নকশা তৈরি করেন। ২০২৬ সালের ৫ নভেম্বর প্রকাশিত তাঁর ইউটিউব ভিডিওতে পরীক্ষার বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। ক্যালিফোর্নিয়ার র‍্যান্ডসবার্গের কাছে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় পৌঁছে রকেটের ওপরের অংশ থেকে একটি ছোট ক্যামেরা-পড বেরিয়ে আসে। তার উদ্দেশ্য ছিল রকেটের বাইরে থেকে প্যারাশুট খোলার দৃশ্য ধীরগতির ভিডিওতে ধারণ করা।

এই কাজের জন্য রকেটের নকশায় বেশ কিছু পরিবর্তন আনেন বার্নার্ড। রকেটের ওপরের অংশটি তৈরি করতে ব্যবহার করা হয় ফাইবারগ্লাসের নয়টি স্তর, যাতে উচ্চগতি বায়ুর প্রচণ্ড চাপ সহ্য করা যায়। নীচের বুস্টার অংশে শক্তি বাড়াতে বসানো হয় কার্বন ফাইবারের নল। রকেটটিতে এমন একটি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়, যার গড় ঘর্ষণবল ছিল ২৩০০ নিউটন। উৎক্ষেপণের জন্য নিজস্ব পদ্ধতিতে রকেটের জ্বালানিও তৈরি করেন তিনি।

রকেটের গতি, বায়ুচাপ ও উচ্চতা পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয় ‘ফ্লুকটাস’ নামে একটি কম্পিউটার সিস্টেম। রকেট কখন ক্যামেরা-পড ছুড়বে এবং কখন প্যারাশুট খুলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও ছিল এই ব্যবস্থার। ক্যামেরা হিসেবে বেছে নেওয়া হয় GoPro Hero 12। সেটিকে খুলে উল্টে বিশেষভাবে তৈরি ত্রিমাত্রিক প্রিন্ট করা আবরণের মধ্যে বসানো হয়। ফার্মওয়্যার পরিবর্তন করে ক্যামেরাটিকে প্রতি সেকেন্ডে ২৪০টি ফ্রেম ধারণের উপযোগী করা হয়।

তবে রকেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ক্যামেরার স্থিতিশীলতা বজায় রাখাই ছিল সবচেয়ে কঠিন কাজ। উৎক্ষেপণের সময় একটি ছোট পিনের সাহায্যে সক্রিয় হওয়া ব্যাটারি ক্যামেরা, মোটরচালিত ঘুরন্ত চাকা এবং জাইরোস্কোপে শক্তি সরবরাহ করে। জাইরোস্কোপের সাহায্যে পডটির অনিয়ন্ত্রিত ঘূর্ণন বা উল্টে যাওয়া ঠেকানো সম্ভব হয়। ফলে ক্যামেরাটি রকেটের দিকে তাক করে নির্বিঘ্নে ভিডিও ধারণ করতে পারে।

পডটি উদ্ধারের জন্য ‘রেপ্রিস’ নামক একটি ব্যবস্থাও তৈরি করা হয়েছিল। এতে পতনের গতি কমাতে স্ট্রিমার এবং অবস্থান শনাক্ত করতে জিপিএস ট্র্যাকার ছিল।

তবে পরীক্ষার শেষ পর্যায়ে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। বায়ুচাপের ওঠানামাকে ফ্লুকটাস ভুল করে রকেটের বিপর্যয়ের সংকেত হিসেবে শনাক্ত করে এবং নির্ধারিত সময়ের আগেই জরুরি অবস্থার সংকেত পাঠায়। তখনও রকেটটি ঘণ্টায় ৭০০ মাইলের বেশি গতিতে ছুটছিল। ফলে প্যারাশুট খোলার ব্যবস্থা সক্রিয় হয়ে গেলেও প্রবল বায়ুচাপে প্যারাশুটটি ছিঁড়ে যায়।

শেষ পর্যন্ত ক্যামেরা-পড অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এবং আকাশ থেকে গুরুত্বপূর্ণ দৃশ্যও ধারণ করা যায় তবে অবতরণের দৃশ্যটি রেকর্ড করা যায়নি। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল, অপেশাদার রকেট প্রযুক্তিতেও অত্যন্ত জটিল উচ্চগতির চিত্রগ্রহণ সম্ভব, যদিও নির্ভরযোগ্য উদ্ধারব্যবস্থা তৈরি করা এখনও বড় চ্যালেঞ্জ।

সূত্র: China’s new bubble-lubrication system could save large ships’ 1.1 tons of fuel daily By Muskan Bhatia, Nov 07, 2026 09:39 AM EST.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =