পরিবর্তন, মরুকরণ আর অতিরিক্ত পশুচারণের চাপে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি। বিপন্ন হচ্ছে কয়েক হাজার বছরের যাযাবর পশুপালন কৃষ্টি। এই সংকট মোকাবিলায় বিজ্ঞানীদের নজর এখন মাটির নীচের এক অদৃশ্য জীবজগতের দিকে, ছত্রাকের জাল। গবেষকদের ধারণা, এই ছত্রাকই হয়ে উঠতে পারে ক্ষয়প্রাপ্ত তৃণভূমি পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য রক্ষার অন্যতম হাতিয়ার। মাটির নীচে উদ্ভিদের শিকড়ের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকে এক বিশেষ ধরনের ছত্রাক, যার নাম আরবাসকুলার মাইকোরাইজাল ছত্রাক। এরা মাটি থেকে ফসফরাস ও নাইট্রোজেন প্রভৃতি প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে উদ্ভিদকে সরবরাহ করে। বিনিময়ে উদ্ভিদের শিকড় থেকে পাওয়া অতিরিক্ত কার্বন গ্রহণ করে ছত্রাক। এই পারস্পরিক সহযোগিতার ফলে মাটিতে কার্বন সঞ্চয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তারা। শুধু তাই নয়, মাটি থেকে উদ্ভিদের কাছে জল পৌঁছে দিতেও এই ছত্রাকজাল বিশেষ কার্যকর। আমস্টারডামের ফ্রি ইউনিভার্সিটির বিবর্তনী জীববিজ্ঞানী টবি কিয়ার্সের নেতৃত্বে গবেষকেরা মঙ্গোলিয়ার এই ভূগর্ভস্থ ছত্রাকজাল চিহ্নিত ও তাদের মানচিত্র তৈরির কাজ করছেন। তাঁদের গবেষণায় উঠে এসেছে, দক্ষিণ-পশ্চিম মঙ্গোলিয়ায় ৫০০-রও বেশি ধরনের ছত্রাকের সন্ধান মিলেছে, যার প্রায় ৯০ শতাংশই বিজ্ঞানের কাছে আগে অজানা ছিল। পরিস্থিতি যে কতটা উদ্বেগজনক, তা বোঝা যায় গবেষণার পরিসংখ্যানে। মঙ্গোলিয়ার প্রায় ৭৭ শতাংশ জমি ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত। দেশটির তাপমাত্রা বৃদ্ধির হার বিশ্ব গড়ের প্রায় তিন গুণ। গবেষণায় দেখা গিয়েছে, সুস্থ তৃণভূমির তুলনায় ক্ষয়প্রাপ্ত জমিতে মাইকোরাইজাল ছত্রাকের প্রজাতির সংখ্যা অন্তত ৪৪ শতাংশ কম। একই সঙ্গে উদ্ভিদ আচ্ছাদনের পরিমাণ কমেছে ৬০ শতাংশ। আরও উদ্বেগের বিষয়, ক্ষয়প্রাপ্ত জমিতে কার্বন শোষণের ক্ষমতা কমেছে প্রায় ৫৫ শতাংশ। অর্থাৎ, এই ছত্রাকজাল নষ্ট হলে শুধু উদ্ভিদের পুষ্টি জোগানই ব্যাহত হয় না, কার্বন ধরে রাখার প্রাকৃতিক ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। তবে গবেষণায় একটি আশাব্যঞ্জক দিকও উঠে এসেছে। অতিরিক্ত পশুচারণ যেমন তৃণভূমির ক্ষতি করে, তেমনই একেবারে কম পশুচারণও সব ক্ষেত্রে জীববৈচিত্র্যের পক্ষে অনুকূল নয়। গবেষকেরা দেখেছেন, হালকা বা অতিরিক্ত পশুচারণের তুলনায় পরিমিত পশুচারণের এলাকায় উদ্ভিদ ও মাইকোরাইজাল ছত্রাকের বৈচিত্র্য বেশি। অর্থাৎ, পরিকল্পিত পশুচারণ তৃণভূমি পুনরুদ্ধারের একটি কার্যকর কৌশল হতে পারে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের তৃণভূমি নিয়ে গবেষণাতেও দেখা গিয়েছে, পুনরুদ্ধার প্রকল্পে এই ছত্রাকজাল যুক্ত করলে উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির হার বাড়তে পারে। শুষ্ক মঙ্গোলিয়ায় মাটির নীচের এই ছত্রাক উদ্ভিদকে জল জোগাতেও সাহায্য করতে পারে। গবেষকেরা এখন পরীক্ষা করে দেখতে চাইছেন, ক্ষয়প্রাপ্ত জমিকে আরও অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা গেলে এই ছত্রাকের সাহায্যে তাকে কতটা পুনরুজ্জীবিত করা সম্ভব। এই গবেষণার সঙ্গে যুক্ত মঙ্গোলিয়ার জীবনবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাইকোলজিস্ট বুরেনজারগাল ওৎগনসুরেনের আশা, এই উদ্যোগ একদিকে যেমন মঙ্গোলিয়ার তৃণভূমি রক্ষায় সাহায্য করবে, তেমনই সংরক্ষিত থাকবে দেশটির প্রায় ২ লক্ষ ৩০ হাজার যাযাবর পশুপালক পরিবারের তিন হাজার বছরের ঐতিহ্যবাহী জীবনযাপন।
সূত্র: Nature, Nov 2026.
