আমাজনের বুকে বিষাক্ত শিখা

আমাজনের বুকে বিষাক্ত শিখা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের পূর্বাঞ্চলীয় ওরিয়েন্তে অঞ্চল। পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের এই রেনফরেস্টের এক-তৃতীয়াংশ সংরক্ষিত। অথচ সেখানকার বহু বাসিন্দার কাছে জানলা খুললেই চোখে পড়ে সবুজ বন নয়, তেলের খনি থেকে বেরিয়ে আসা আগুনের বিশাল শিখা। কোনও কোনও গ্যাস ফ্লেয়ার বা গ্যাস পোড়ানোর কেন্দ্র রয়েছে বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে। ২০২০ সালে ওরিয়েন্তের ওরেয়ানা ও সুকুমবিয়স প্রদেশের নয় কিশোরী সন্দেহ করতে শুরু করে, এই আগুন ও তার ধোঁয়া তাঁদের পরিবারের সদস্যদের অসুস্থতার কারণ হতে পারে। তাদের মধ্যে ছ’জনের পরিবারের অন্তত একজন সদস্য ক্যানসারে আক্রান্ত ছিলেন বা মারা গিয়েছিলেন। এরপর বয়সে দশ বছরেরও ছোট কয়েকজন মেয়েকে সঙ্গে নিয়ে তারা ইকুয়েডর সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়। মামলায় জয়ও পায় তারা। ২০২১ সালের জুলাইয়ে আদালত নির্দেশ দেয়, ২০৩০ সালের মধ্যে ইকুয়েডরের আমাজন অঞ্চলে গ্যাস ফ্লেয়ার বন্ধ করতে হবে। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা বলছে, আদালতের নির্দেশের পরেও গ্যাসের আগুন কমা দূরে থাক, বরং বেড়েছে। ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উপগ্রহের ইনফ্রারেড ছবি এবং স্থানীয় বাসিন্দাদের সরেজমিন পর্যবেক্ষণ একসঙ্গে বিশ্লেষণ করেছেন। এই পদ্ধতিতে ওরিয়েন্তে অঞ্চলে ৪৭টি নতুন গ্যাস ফ্লেয়ার কেন্দ্রের সন্ধান মিলেছে। এমন কিছু কেন্দ্রও চালু রয়েছে, যেগুলি সরকারি নথিতে বন্ধ বলে দেখানো হয়েছিল। তেলের খনি থেকে অপরিশোধিত তেল তোলার সময় অতিরিক্ত প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাস অনেক সময় সরাসরি পুড়িয়ে ফেলা হয়। এই প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইডের পাশাপাশি অসম্পূর্ণ দহনের ফলে মিথেনও বাতাসে ছড়ায়। মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এ ছাড়া নির্গত হয় বেনজিনের মতো ক্ষতিকর রাসায়নিক, যা ক্যানসার ও জন্মগত শারীরিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, ২০২১ সালে আদালতের নির্দেশের পর থেকে ওই অঞ্চলে গ্যাস পোড়ানোর পরিমাণ ২২ শতাংশ বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে গবেষকেরা জঙ্গল ঘুরে দেখেছেন, ছবি তুলেছেন এবং ড্রোন ব্যবহার করে দুর্গম এলাকাগুলিও পরীক্ষা করেছেন। তাতেই আরও নয়টি ক্ষেত্রে সরাসরি গ্যাস বাতাসে ছেড়ে দেওয়ার ঘটনা ধরা পড়েছে। এর আগের একটি গবেষণাতেও উদ্বেগজনক তথ্য উঠে এসেছিল। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ওরেয়ানা ও সুকুমবিয়স প্রদেশে গ্যাস ফ্লেয়ারের সংস্পর্শে থাকা মানুষের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা অন্য এলাকার বাসিন্দাদের তুলনায় তিন থেকে চার গুণ বেশি বলে অনুমান করেছিলেন গবেষকেরা।

১৯৬০-এর দশক থেকে ইকুয়েডরের অর্থনীতিতে তেল রফতানি বড় ভূমিকা নিয়ে এসেছে। বর্তমানে অপরিশোধিত তেল রফতানি থেকে দেশটির আয় প্রায় ৭০০ কোটি ডলার। ফলে তেল উত্তোলন বন্ধ বা নিয়ন্ত্রণ করার পথে রয়েছে অর্থনৈতিক ও রাজনৈতিক বাধা। বিশেষজ্ঞদের অভিযোগ, তেল শিল্পের বিস্তারে আদিবাসী ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা এবং পরিবেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষকদের মতে, উপগ্রহের ছবি দিয়ে সব ছোট গ্যাস ফ্লেয়ার বা সরাসরি গ্যাস নির্গমনের ঘটনা ধরা সম্ভব নয়। তাই স্থানীয় মানুষের অংশগ্রহণ এই গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলায় মেয়েদের হয়ে লড়া আইনজীবী পাবলো ফাহার্দোর বক্তব্য, আদালতের নির্দেশ কার্যকর করতেই হবে। প্রশ্ন একটাই, পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের চেয়ে তেল থেকে আসা অর্থই কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে?

 

সূত্র: Science; November, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =