আণবিক বস্ত্র শক্তি সাশ্রয়ের দিশা

আণবিক বস্ত্র শক্তি সাশ্রয়ের দিশা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ নভেম্বর, ২০২৬

শুধু পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করলেই শিল্পের দূষণ কমবে না। উৎপাদন প্রক্রিয়ায় শক্তির ব্যবহার কমানো এবং ক্ষতিকর রাসায়নিকের উপজাতকগুলিকে নিয়ন্ত্রণ করাও জরুরি। সেই লক্ষ্যেই প্রাচীন বস্ত্র বোনার কৌশল কাজে লাগিয়ে তৈরি হল এক অভিনব উপাদান, যা রাসায়নিক শিল্পে শক্তি সাশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি করেছে। আমেরিকার ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিন এবং চিনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন বিশেষ ধরনের আণবিক বস্ত্র। এর সাহায্যে বেঞ্জিন ও সাইক্লোহেক্সেনকে পৃথক করা সম্ভব। শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত এই দুই রাসায়নিকের স্ফুটনাঙ্ক প্রায় সমান হওয়ায় প্রচলিত পদ্ধতিতে এদের আলাদা করা বেশ কঠিন। সাইক্লোহেক্সেন নাইলন, রং, পলিইউরেথেন, আসবাবের ফোম এবং ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয়। সাধারণত বেঞ্জিন থেকে এটি তৈরি হয়। কিন্তু বেঞ্জিন একটি ক্যানসার জনক রাসায়নিক। উৎপাদনের সময় অবশিষ্ট বেঞ্জিন সরিয়ে ফেলা তাই অত্যন্ত জরুরি। বর্তমানে এই কাজের জন্য মূলত পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। এতে রাসায়নিকের মিশ্রণকে উত্তপ্ত করে আলাদা করতে হয়। কিন্তু দুই রাসায়নিকের স্ফুটনাঙ্ক কাছাকাছি হওয়ায় এই পদ্ধতিতে প্রচুর শক্তি খরচ হয়। এই নতুন উপাদানটি তৈরি হয়েছে চারটি পরস্পর-জড়িত আণবিক জালের স্তর দিয়ে। কাপড় বোনার মতোই স্তরগুলি একে অপরের উপর দিয়ে এবং নীচ দিয়ে জড়িয়ে একটি মজবুত, নমনীয় কাঠামো তৈরি করে। এর বিশেষ গঠন বেঞ্জিনকে আটকে রাখতে পারে। রাসায়নিকের নিজস্ব বৈশিষ্ট্যের কারণেই উপাদানটি স্বতঃস্ফূর্ত ভাবে তৈরি হয়, ফলে জটিল উৎপাদন প্রক্রিয়ার প্রয়োজন পড়ে না। গবেষকেরা সমপরিমাণ বেঞ্জিন ও সাইক্লোহেক্সেনের মিশ্রণে জাত উপাদানটি পরীক্ষা করে দেখেছেন। একবার ব্যবহারের পরই এটি মিশ্রণ থেকে ৯৭.৯ শতাংশ বেঞ্জিন শোষণ করতে পেরেছে। পরে উপাদানটিকে উত্তপ্ত করে আটকে থাকা বেঞ্জিন বের করে নেওয়া যায়। ফলে একই উপাদান বারবার ব্যবহার করা সম্ভব। অন্য কয়েকটি বাণিজ্যিক রাসায়নিক পৃথক করতেও এর কার্যকারিতা পরীক্ষা করেছেন গবেষকেরা। ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বৃহৎ শিল্পক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনাও দেখিয়েছেন। তবে এর উৎপাদন খরচ ও বাণিজ্যিক ব্যবহার কতটা লাভজনক হবে, তা এখনও বিশ্লেষণ করা বাকি। সফল হলে রাসায়নিক পৃথকীকরণে প্রচলিত পদ্ধতির তুলনায় কম শক্তি খরচ করে শিল্পের পরিবেশগত প্রভাব কমাতে পারে এই আণবিক বস্ত্র।

সূত্র:“A two-dimensional reticular triaxial molecularly woven fabric” by Mengbin Wang, Shuai Fang, Xuedong Xiao, 4 November 2026, Nature.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 4 =