নামার সময় পাখিদের ডানা ঝাপটানি 

নামার সময় পাখিদের ডানা ঝাপটানি 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ নভেম্বর, ২০২৬

উড়ন্ত পাখি মাটিতে বা গাছের ডালে নামার সময় বারবার ডানা ঝাপটায়। এত দিন মনে করা হত, নামার আগে গতি কমাতেই এই কৌশল ব্যবহার করে তারা। কিন্তু নতুন এক গবেষণা বলছে, কম জায়গার মধ্যে নিরাপদে অবতরণ করতেও ডানা ঝাপটানো জরুরি। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এবং টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের গবেষকেরা গাণিতিক মডেলের সাহায্যে বিষয়টি বিশ্লেষণ করেছেন। গবেষণার নেতৃত্বে ছিলেন টম রটিয়ার। তাঁর সঙ্গে ছিলেন ফিলিপ লাভোয়া এবং বেন পার্সলিউ। গবেষণায় কোনও জীবন্ত পাখি ব্যবহার করা হয়নি। বরং ডানা না ঝাপটিয়ে উড়তে থাকা একটি পাখির গতিবিধি গাণিতিক সমীকরণের সাহায্যে পরীক্ষা করা হয়েছে। তাঁদের হিসাব অনুযায়ী, প্রায় ৪০০ গ্রাম ওজনের একটি পায়রা ডানা না ঝাপটিয়েও সম্পূর্ণ থামতে পারে। তবে তার জন্য ঘণ্টায় প্রায় ৮০ মাইল (১২৯ কিলোমিটার) গতিতে উড়ে এসে প্রায় ৬৫ ফুট (২০ মিটার) উপরে উঠতে হবে। পাশাপাশি, অবতরণের আগে প্রায় ২০০ ফুট (৬০ মিটার) পথ অতিক্রম করতে হবে। পায়রার স্বাভাবিক উড়ানের গতির তুলনায় এই গতি দ্বিগুণেরও বেশি। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উড়ে বেড়ানো পায়রার পক্ষে এতটা জায়গা পাওয়া কঠিন। পাখির ডানায় তৈরি হওয়া উত্তোলন বল বা লিফট বাতাসের গতির উপর নির্ভর করে। গতি কমলে এই বলও কমে। ফলে পাখির পক্ষে নিজের গতিপথ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। আবার বেশি গতিতে মাটিতে নামলে সেই ধাক্কা সামলাতে হয় পা দিয়ে। তাতে পেশি ও হাড়ের ক্ষতি হতে পারে। ডানা না ঝাপটিয়ে মাটিতে অবতরণ করতে চাইলে পাখিকে কিছুটা গতি নিয়েই নামতে হবে। তাঁদের মডেলে দেখা গিয়েছে, ডানা না ঝাপটিয়ে মাটিতে নামার সবচেয়ে ধীর পথটিও অনুভূমিকের তুলনায় প্রায় ৩৪ ডিগ্রি নীচের দিকে ঢালু। ফলে অবশিষ্ট গতি সামলাতে ডানা ঝাপটানো কিংবা পায়ের সাহায্যে ব্রেক করার প্রয়োজন। এই পর্যবেক্ষণ পাখির বিবর্তন সম্পর্কেও নতুন প্রশ্ন তুলছে। অবতরণের ধাক্কা সামলানোর প্রয়োজন থেকেই পাখির পায়ের পেশি ও হাড়ের নির্দিষ্ট শক্তি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। হাঁস, রাজহাঁস বা অন্যান্য জলচর পাখি স্থলভাগের তুলনায় জলে বেশি গতিতে অবতরণ করতে পারে কেন, তার ব্যাখ্যাতেও এই গবেষণা সাহায্য করতে পারে। কারণ জলের মধ্যে অবতরণের সময় শরীরের গতিশক্তির বেশি অংশ শোষিত হয়। তাছাড়া বাজপাখির মতো কিছু শিকারি পাখি ডানা না ঝাপটিয়েও নির্দিষ্ট ডালে অবতরণ করতে পারে। এ ক্ষেত্রে ডুব দিয়ে গতি বাড়িয়ে পরে উপরের দিকে উঠে আসার কৌশল কাজে লাগে। এই কৌশলে অবতরণের গতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। তবে গবেষণার মডেলে বাতাস, পাখির শরীর ও লেজের প্রভাব এবং ডানা ঝাপটানোর ভূমিকা পুরোপুরি ধরা হয়নি। হিসেব করে দেখা গেছে, ডানার বিশেষ ভঙ্গিতে উত্তোলন বল বাড়লে অবতরণের জন্য প্রয়োজনীয় দূরত্ব অনেকটাই কমে যেতে পারে। ভবিষ্যতে এই গবেষণা পাখির উড়ান ও অবতরণ কৌশল বোঝার পাশাপাশি ড্রোনের নকশা তৈরিতেও কাজে লাগতে পারে।

সূত্র: Proceedings of the Royal Society A; Earth . com; November , 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =