মরুভূমির প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য পরিচিত ক্যাকটাস। কিন্তু সেও রেহাই পাচ্ছে না জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে। বরং দীর্ঘস্থায়ী ও তীব্র খরার কারণে এই উদ্ভিদের বহু প্রজাতির অস্তিত্বই বিপন্ন হতে পারে। গবেষকদের দাবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ণয়ে প্রচলিত মডেলগুলি চরম আবহাওয়ার ঘটনাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় ক্যাকটাসের বিপন্নতার প্রকৃত চিত্র আড়ালেই থেকে যাচ্ছে। আমেরিকায় ক্যাকটাস পরিবারের ৯৯৩টি প্রজাতি নিয়ে সমীক্ষা চালানো হয়েছে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক মিশেল পিলের নেতৃত্বে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৬টি তথ্য এবং বিভিন্ন প্রজাতির বিস্তারের মানচিত্র। তাতে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি তীব্র খরার প্রভাবও বিবেচনা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ৯১ শতাংশ ক্ষেত্রেই গড় জলবায়ুর পরিবর্তনের ভিত্তিতে তৈরি মডেলের তুলনায় বেশি নির্ভুল পূর্বাভাস দিয়েছে সেই সব মডেল যাতে চরম খরার পরিস্থিতি বিবেচনা করা হয়েছে । হিসেব অনুযায়ী, ভবিষ্যতে ক্যাকটাস প্রজাতিগুলি সর্বোচ্চ ১০০ কিলোমিটার পর্যন্ত নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারবে, এমনটা ধরে নিলেও, চরম খরার প্রভাব বিবেচনা করলে ৬৯ থেকে ৭২ শতাংশ প্রজাতির উপযুক্ত বাসস্থান কমে যেতে পারে। সাধারণ জলবায়ু মডেলে এই হার ছিল ৫৮ থেকে ৬১ শতাংশ। একইভাবে, নিজেদের উপযুক্ত বাসস্থানের অন্তত ২৫ শতাংশ হারাতে পারে এমন প্রজাতির হার বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৫৮ শতাংশে। আগে এই অনুমান ছিল ২৬ থেকে ৪৩ শতাংশ। সবচেয়ে উদ্বেগের বিষয়, ৮০ শতাংশের বেশি উপযুক্ত বাসস্থান হারানোর আশঙ্কা রয়েছে ২৫ থেকে ৩৫ শতাংশ প্রজাতির। চরম খরার প্রভাব বাদ দিলে এই হার ছিল মাত্র ১ থেকে ১৫ শতাংশ। ক্যাকটাস প্রজাতিগুলি নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সে ক্ষেত্রে ৮৪ থেকে ৮৫ শতাংশ প্রজাতিরই উপযুক্ত বাসস্থান কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
চিলি, পেরু এবং উত্তর-পূর্ব ব্রাজিলের ক্যাকটাস-বৈচিত্র্যে সমৃদ্ধ অঞ্চলগুলি বিশেষভাবে বিপন্ন হতে পারে। কোনও কোনও এলাকায় ক্যাকটাসের বর্তমান প্রজাতিগুলির বৈচিত্র্য এক-চতুর্থাংশেরও বেশি কমে যাওয়ার আশঙ্কা করছেন গবেষকরা। ক্যাকটাস শুধু মরুভূমির উদ্ভিদ নয়, বহু প্রাণীর খাদ্য ও আশ্রয়ের গুরুত্বপূর্ণ উৎস। ফলে এই উদ্ভিদের সংখ্যা কমে গেলে তার প্রভাব পড়তে পারে সংশ্লিষ্ট প্রাণী এবং বৃহত্তর বাস্তুতন্ত্রের উপরেও। নতুন করে প্রশ্ন উঠছে ক্যাকটাসের বিলুপ্তির ঝুঁকি নির্ধারণের প্রচলিত পদ্ধতি নিয়েও। ২০১৫ সালের গ্লোবাল ক্যাকটাস অ্যাসেসমেন্ট অনুযায়ী, ক্যাকটাসের ৩১ শতাংশ প্রজাতি বিলুপ্তির আশঙ্কায় ছিল। পরবর্তী সময়ে নতুন প্রজাতির সন্ধান, শ্রেণিবিন্যাসে পরিবর্তন, অবৈধ সংগ্রহ ও জলবায়ু পরিবর্তনের প্রভৃতি বাড়তি বিপদের তথ্য সামনে এসেছে । গবেষক পিলের কথায়, “খরা সহ্য করার বিশেষ ক্ষমতা থাকলেও ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী ও তীব্র খরার সঙ্গে মানিয়ে নেওয়া ক্যাকটাসের পক্ষেও কঠিন হতে পারে। শুধু ক্যাকটাস নয়, অন্যান্য উদ্ভিদগোষ্ঠীর ক্ষেত্রেও এই আশঙ্কা প্রযোজ্য হতে পারে। তাই বিপন্ন প্রজাতির তালিকা তৈরির সময় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার উচিত চরম আবহাওয়ার ঘটনাগুলিকেও গুরুত্ব দেওয়া”। জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির সঠিক পূর্বাভাস পেতে জলবায়ুর গড় পরিবর্তনের পাশাপাশি তীব্র খরা ও অন্যান্য চরম আবহাওয়ার প্রভাবও হিসেবের মধ্যে রাখা জরুরি। তবেই ভবিষ্যতের জন্য কার্যকর সংরক্ষণ পরিকল্পনা তৈরি করা সম্ভব।
সূত্র: Down to Earth; Nov; 2026
