পতঙ্গভুক গাছের ফাঁদ রহস্য

পতঙ্গভুক গাছের ফাঁদ রহস্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২২ নভেম্বর, ২০২৬

পেশি নেই, স্নায়ুতন্ত্রও নেই। অথচ চোখের পলকে পোকামাকড়ের উপর বন্ধ হয়ে যায় ভেনাস ফ্লাইট্র্যাপের পাতা। কীভাবে এত দ্রুত এই কাজ করে এই মাংসাশী উদ্ভিদটি? দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল, পাতার এক দিক থেকে অন্য দিকে দ্রুত জল সরে যাওয়ার ফলেই এই ঘটনাটি ঘটে। কিন্তু নতুন গবেষণায় উঠে এল অন্য ব্যাখ্যা। ফ্রান্সের অ্যাই-মার্সেই বিশ্ববিদ্যালয় এবং সিএনআরএস-এর গবেষকেরা দেখিয়েছেন, পাতার বাইরের দিকের কোষপ্রাচীর কয়েক সেকেন্ডের মধ্যে নরম হয়ে যায়। এর ফলে পাতার ভিতরে আগে থেকে সঞ্চিত শক্তি মুক্ত হয়ে পাতা দ্রুত বেঁকে গিয়ে বন্ধ হয়ে যায়। গবেষণাটির বিবরণ প্রকাশিত হয়েছে সায়েন্স-এ। ভেনাস ফ্লাইট্র্যাপের পাতার দুটি অংশ মাঝখানের একটি শিরা দিয়ে যুক্ত থাকে। পাতার ভিতরে থাকা সংবেদনশীল সূক্ষ্ম রোমে কোনও পোকা অল্প সময়ের মধ্যে দু’বার স্পর্শ করলে বৈদ্যুতিক সংকেত ছড়িয়ে পড়ে। এর পরেই বন্ধ হয়ে যায় পাতার দুই অংশ। অনেকটা ঝড়ে উল্টে যাওয়া ছাতার মতো দ্রুত এই পরিবর্তন ঘটে। প্রথমে দেখা যায় পাতার মধ্যে জল চলাচলের গতি এই দ্রুত বন্ধ হওয়ার পক্ষে যথেষ্ট নয়। গবেষকদের হিসাব অনুযায়ী, একটি কোষের মধ্যে জল যেতে প্রায় ৩.৭ সেকেন্ড লাগে। অথচ পাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জল পৌঁছতে ৩০ থেকে ১৫০ সেকেন্ড পর্যন্ত সময় লাগতে পারে। অন্য পরীক্ষাতেও দেখা যায়, জল চলাচলের জন্য প্রয়োজনীয় সময় পাতার বাঁক নেওয়ার সময়ের প্রায় ১০ গুণ বা তারও বেশি। এর পর গবেষকেরা পাতার কোষগুলির দৃঢ়তা পরীক্ষা করেন। দেখা যায়, পোকা স্পর্শ করার পর পাতার বাইরের দিকের কোষপ্রাচীরের দৃঢ়তা প্রায় এক-তৃতীয়াংশ কমে যায়। কিন্তু ভিতরের স্তরে তেমন কোনও পরিবর্তন হয় না। এই নরম হয়ে যাওয়ার ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে। ফলে বাইরের স্তর বেশি প্রসারিত হয় এবং পাতা ভিতরের দিকে বেঁকে যায়। সেই সঙ্গে আগে থেকে সঞ্চিত শক্তি মুক্ত হয়ে ফাঁদটিকে দ্রুত বন্ধ করে দেয়। তবে ঠিক কী কারণে কোষপ্রাচীর এত দ্রুত নরম হয়ে যায়, তা এখনও জানা যায়নি। কোষের ভিতরে ক্যালসিয়ামের ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। বিষয়টি নিশ্চিত করতে আরও পরীক্ষা প্রয়োজন। উদ্ভিদের এই বিশেষ কৌশল ভবিষ্যতে নরম রোবট তৈরির ক্ষেত্রেও কাজে লাগতে পারে। এমন রোবটের বিভিন্ন অংশের দৃঢ়তা নিয়ন্ত্রণ করে সঞ্চিত শক্তি কাজে লাগানো সম্ভব হতে পারে। অর্থাৎ, পেশি ছাড়াই দ্রুত নড়াচড়ার এক অভিনব কৌশল শেখাচ্ছে ভেনাস ফ্লাইট্র্যাপ।

সূত্র:

Fast cell wall softening causes Venus flytrap closure

Jeongeun Ryu ; Mathieu Colombani , Corentin Mollier; Joël Marthelot and Yoël Forterre; Science ; Earth . com ; Nov; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =