প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশে ছড়িয়ে রয়েছে অদ্ভুত দেখতে কিছু ধাতব পাথর। বাইরে থেকে সাধারণ পাথরের মতো মনে হলেও, এদের ভিতরের ছোট ছোট ফাটল ও গহ্বরের মধ্যে লুকিয়ে রয়েছে অসংখ্য ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী। নতুন গবেষণায় দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হওয়া এই পাথরগুলি গভীর সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাথরগুলির নাম ‘পলিমেটালিক নডিউল’। মূলত লোহা ও ম্যাঙ্গানিজের অক্সাইড দিয়ে তৈরি কালচে রঙের এই পাথরগুলি সাধারণত হাতের মুঠোর সমান হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ থেকে ৬,০০০ মিটার গভীরে এগুলির সন্ধান মেলে। আশ্চর্যের বিষয়, দশ লক্ষ বছরে এদের আকার বাড়ে মাত্র কয়েক মিলিমিটার। গবেষণার জন্য বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ক্ল্যারিয়ন-ক্লিপারটন ফ্র্যাকচার জোন থেকে এই পাথর সংগ্রহ করেন। সমুদ্রের তলদেশ থেকে নমুনা তুলতে ব্যবহার করা হয় বিশেষ যন্ত্র এবং গভীর সমুদ্রে কর্মক্ষম দূর নিয়ন্ত্রিত যান। পরে গবেষণাগারে পাথরগুলি সাবধানে ভেঙে তার ভিতরের ফাটল ও গহ্বর থেকে ক্ষুদ্র প্রাণীগুলিকে বের করে এনে পরীক্ষা করা হয়। বিজ্ঞানী তানিয়া স্ট্র্যাটম্যান জানান, “নডিউলগুলির ভিতরের ফাটল বেশ বড়, সেখানে এক মিলিমিটারের চেয়ে ছোট প্রাণীরা আশ্রয় নিতে পারে”। মোট ২৪৪টি পাথর পরীক্ষা করে বিজ্ঞানীরা ৪,১৩৯টি প্রাণীর সন্ধান পেয়েছেন। প্রতিটি পাথরে গড়ে প্রায় ১৭টি প্রাণী ছিল। তবে একটি পাথরের ভিতরেই পাওয়া গিয়েছে ২৪৫টি প্রাণী। অর্থাৎ, পাথরগুলি শুধু সামুদ্রিক প্রাণীদের শক্ত জমি নয়, নিজেরাই এক একটি ছোট বাস্তুতন্ত্র। সমুদ্রের তলদেশের নরম কাদামাটির মধ্যে এই শক্ত পাথরগুলি আলাদা ধরনের বাসস্থান তৈরি করে। তাদের ভিতরের ফাটল ও গহ্বর ক্ষুদ্র প্রাণীদের নিরাপদ আশ্রয় দেয়। তাছাড়া পাথরের ভিতরে থাকা প্রাণীদের সংখ্যা আশপাশের কাদামাটি নিবাসী প্রাণীদের তুলনায় কম হলেও তাদের উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেমন, পাথরের ভিতরে পাওয়া গোলকৃমি বা নেমাটোডের সংখ্যা আশপাশের পলি নিবাসীদের সংখ্যার প্রায় ১০ শতাংশ। ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান (খোলা যুক্ত) কোপিপডের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় ২৫ শতাংশ। এদিকে পাথরের ভিতরে থাকা প্রাণীদের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ গোষ্ঠী রয়েছে। জিন বিশ্লেষণে দেখা গিয়েছে, একে অপরের থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে থাকা নডিউলগুলির প্রাণীগোষ্ঠীর মধ্যেও যথেষ্ট মিল রয়েছে। অথচ আশপাশের সমুদ্রতলের কাদামাটি নিবাসী প্রাণীদের সঙ্গে তাদের পার্থক্য স্পষ্ট। অর্থাৎ, পলিমেটালিক নডিউল এমন এক বিশেষ বাসস্থান তৈরি করে, যা সমুদ্রের অন্যত্র সুলভ নয়। কিছু প্রাণী সম্ভবত এই নির্দিষ্ট পরিবেশের উপরেই নির্ভরশীল। এক্ষেত্রে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গভীর সমুদ্রে খনিজ উত্তোলন নিয়ে। পলিমেটালিক নডিউলে রয়েছে নিকেল, কোবাল্ট ও তামা প্রভৃতি মূল্যবান ধাতু। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি-সহ বিভিন্ন প্রযুক্তিতে এই ধাতুগুলির চাহিদা থাকায় সমুদ্রের তলদেশ থেকে এই পাথর সংগ্রহের আগ্রহ বাড়ছে। কিন্তু খনিজ উত্তোলনের জন্য পাথরগুলি তুলে ফেললে তাদের ভিতরে থাকা প্রাণীদের আশ্রয়ও চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। এমনই একটি এককোষী প্রাণী হল থুরামিনা প্রজাতি ১, যা বিশেষভাবে এই নডিউলগুলির ভিতরে বেশি সংখ্যায় পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, পাথরের ভিতরের সুরক্ষিত পরিবেশে বসবাসের জন্যই এরা বিশেষভাবে অভিযোজিত। সবচেয়ে বড় সমস্যা হল, এই পাথরগুলি দ্রুত নতুন করে তৈরি হয় না। তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। ফলে খননের কারণে একবার এই বাসস্থান ধ্বংস হলে মানুষের জীবনকালে তা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা প্রায় নেই। অধ্যাপক সাবিনে গলনারের মতে, “বাণিজ্যিক খননের ফলে নডিউল-নির্ভর অজানা ও স্বতন্ত্র জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হতে পারে। গভীর সমুদ্রে খননের পরিবেশগত প্রভাব নির্ধারণের সময় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন”। তবে এখনও এই পাথরের উপর নির্ভরশীল প্রাণীরা কি সমুদ্রের অন্য কোথাও বেঁচে থাকতে পারে? নাকি তাদের অস্তিত্ব সম্পূর্ণ ভাবেই এই বিশেষ বাসস্থানের উপর নির্ভরশীল? যদি দ্বিতীয় সম্ভাবনাটি সত্যি হয়, তা হলে খনিজ উত্তোলনের ফলে কিছু প্রজাতি পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে যেতে পারে। এই প্রশ্নের উত্তর খুঁজতে তানিয়া স্ট্র্যাটম্যান-সহ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল বর্তমানে ক্ল্যারিয়ন-ক্লিপারটন অঞ্চলে আরও গবেষণা চালাচ্ছেন।
সূত্র: MARUM – Center for Marine Environmental Sciences, University of Bremen.
