ইউক্রেনে বাড়ছে পরমাণু দুর্ঘটনার আশঙ্কা

ইউক্রেনে বাড়ছে পরমাণু দুর্ঘটনার আশঙ্কা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ নভেম্বর, ২০২৬

 

যুদ্ধের আবহে ইউক্রেনে আসন্ন শীতে পরমাণু দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সে দেশের বিদ্যুৎ পরিকাঠামোর উপর রাশিয়ার ধারাবাহিক হামলার জেরে এই উদ্বেগ প্রকাশ করেছে ৩৮টি দেশের পরমাণু নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। সোমবার এক যৌথ বিবৃতিতে রাশিয়াকে ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ও পরমাণু পরিকাঠামোর উপর হামলা বন্ধের আর্জি জানিয়েছে তারা। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের বিদ্যুৎ পরিকাঠামো এমনিতেই দুর্বল। তার উপর সাম্প্রতিক সময়ে বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ লাইন ও সাবস্টেশনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে মস্কো। এর ফলে পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলির মূল উদ্বেগ হল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে পরমাণু চুল্লির জ্বালানি ঠান্ডা রাখার ব্যবস্থা ব্যাহত হতে পারে। আর তাতে চুল্লি একেবারে গলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এমন পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়লে পরিণতি ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার মতো ভয়াবহ হওয়া সম্ভব। সেই দুর্ঘটনায় আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ ও সিজিয়াম-১৩৭ ছড়িয়ে পড়েছিল ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং উত্তর ও মধ্য ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে। এই সতর্কবার্তা দিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের বিকিরণ ও পরমাণু নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলির তিনটি সংগঠন: যথা ইউরোপের বিকিরণ সুরক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলির শীর্ষ সংগঠন,পশ্চিম ইউরোপীয় পরমাণু নিয়ন্ত্রক সংস্থাগুলির সংগঠন ও নর্ডিক দেশগুলির বিকিরণ নিরাপত্তা কর্তৃপক্ষগুলির শীর্ষ সংগঠন। প্রতিনিধিত্বকারী ৩৮টি দেশের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি, আমেরিকা, ব্রিটেন, কানাডা ও জাপান। প্রথম দুটি সংস্থার প্রধান পের স্ট্র্যান্ড জানিয়েছেন, “সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাশিয়ার হামলা আরও ভয়াবহ হয়ে উঠেছে। বেশি বিস্ফোরক বহনকারী এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ড্রোন ব্যবহার করা হচ্ছে।” তাঁর আশঙ্কা, এ বারের শীতেই পরমাণু বিপর্যয়ের ঝুঁকি সবচেয়ে বেশি। সবচেয়ে খারাপ পরিস্থিতির উদয় হবে যদি ইউক্রেনের গোটা বিদ্যুৎ গ্রিড অচল হয়ে যায়। তাতে একসঙ্গে ন’টি চালু পরমাণু চুল্লির শীতলীকরণ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। আর তেমন পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা অত্যন্ত গুরুতর। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে,“গত সপ্তাহে সামরিক তৎপরতার কারণে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছিল। এর ফলে কয়েকটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমাতে হয়”। ইউক্রেনে মোট চারটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র রয়েছে। তার মধ্যে তিনটি বর্তমানে চালু এবং দেশের শীতকালীন বিদ্যুতের চাহিদার প্রায় ৮০ শতাংশ মেটায়। চতুর্থটি, ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র, বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। সেটি বিদ্যুৎ উৎপাদন না করলেও জ্বালানি ঠান্ডা রাখতে বাইরের বিদ্যুতের উপর নির্ভরশীল। যুদ্ধ শুরুর পর থেকে জাপোরিঝিয়া কেন্দ্রটিতে ২৭ বার বাইরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। প্রতিবারই জরুরি ডিজেল জেনারেটরের সাহায্য নিতে হয়েছে। গত মার্চের শেষ থেকে কেন্দ্রটি মাত্র একটি বাইরের বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করছে। বিশেষজ্ঞদের মতে, এখনই হামলা বন্ধে পদক্ষেপ না করলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। পাশাপাশি সম্ভাব্য পরমাণু দুর্ঘটনার মোকাবিলায় ইউরোপের দেশগুলিকেও জরুরি প্রস্তুতি জোরদার করতে হবে।

 

সূত্র: Reuters; November , 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =