প্রযুক্তি ও শরীরচর্চার অভ্যাস 

প্রযুক্তি ও শরীরচর্চার অভ্যাস 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ নভেম্বর, ২০২৬

আজকাল স্মার্টওয়াচ, ফিটনেস ট্র্যাকার কিংবা স্বাস্থ্যবিষয়ক মোবাইল অ্যাপ প্রভৃতির ব্যবহার বেড়েছে। স্বাস্থ্য ও দৈনন্দিন শারীরিক সক্রিয়তার হিসাব রাখতে নানা ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছেন মানুষ। কিন্তু এসব প্রযুক্তি ব্যবহার করলে কি নিয়মিত ব্যায়াম করার প্রবণতা বাড়ে? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে শরীরচর্চার প্রবণতা তুলনামূলকভাবে বেশি হলেও, প্রযুক্তির ব্যবহারই যে মানুষকে বেশি সক্রিয় করে তুলছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের হেলথ ইনফরমেশন ন্যাশনাল ট্রেন্ডস সার্ভে -এর তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা চালিয়েছেন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের গবেষক হিজুন কিম ও তাঁর সহকর্মীরা। মোট ৫,৮০৪ জন প্রাপ্তবয়স্কের ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে তাঁদের চারটি দলে ভাগ করা হয়। এই প্রযুক্তির মধ্যে ছিল স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার, স্বাস্থ্যবিষয়ক অ্যাপ, অনলাইন রোগী-পরিষেবা পোর্টাল, টেলিমেডিসিন, ইন্টারনেটে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য খোঁজা এবং সামাজিক মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক আলোচনা।

দেখা যায়, সবচেয়ে বড় দলটি (৩৪.৩ শতাংশ) মূলত রোগী-পরিষেবা পোর্টাল ব্যবহার করেন। ৩২ শতাংশ মানুষ প্রায় সব ধরনের ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবহার করেন। অন্য একটি দল (১১.৮ শতাংশ) মূলত ফিটনেস ট্র্যাকার ও স্বাস্থ্যবিষয়ক অ্যাপের উপর নির্ভরশীল। বাকি ২১.৯ শতাংশ মানুষ খুব কম ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবহার করেন।

আমেরিকার সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার অ্যারোবিক শরীরচর্চা এবং সপ্তাহে অন্তত দু’দিন পেশিশক্তি বাড়ানোর ব্যায়াম করা প্রয়োজন। গবেষণায় দেখা যায়, মাত্র ২৫.১ শতাংশ অংশগ্রহণকারী এই দুই ধরনের নির্দেশিকা মেনে চলেছেন। তবে প্রায় সব ধরনের ডিজিটাল স্বাস্থ্যপ্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে এই হার ৩২.৭ শতাংশ। ফিটনেস ট্র্যাকার ও অ্যাপ ব্যবহারকারীদের ক্ষেত্রে ৩১.৪ শতাংশ। অন্যদিকে, রোগী-পরিষেবা পোর্টাল ব্যবহারকারীদের মধ্যে ১৯.৯ শতাংশ এবং সীমিত প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে মাত্র ১৮.২ শতাংশ এই লক্ষ্যমাত্রা পূরণ করেছেন।

ব্যায়ামের ধরন অনুযায়ী ফলাফলেও পার্থক্য দেখা গিয়েছে। পেশিশক্তি বাড়ানোর ব্যায়ামের ক্ষেত্রে তিন ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারীই সীমিত ব্যবহারকারীদের তুলনায় এগিয়ে। কিন্তু অ্যারোবিক ব্যায়ামের ক্ষেত্রে স্পষ্ট সুবিধা দেখা গিয়েছে মূলত সেই দলটির মধ্যে, যারা প্রায় সব ধরনের প্রযুক্তি ব্যবহার করেন।

গবেষকদের মতে, প্রযুক্তির সংখ্যা নয়, বরং মানুষ কীভাবে এবং কতটা নিয়মিত সেগুলি ব্যবহার করছেন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি বয়স, আয়, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগও শরীরচর্চার অভ্যাসকে প্রভাবিত করতে পারে। কম প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে কম আয় ও শিক্ষাগত সুযোগের অভাব তুলনামূলক বেশি।

তবে গবেষণাটির একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হল, অংশগ্রহণকারীদের তথ্য একবারই সংগ্রহ করা হয়েছিল। ফলে ফিটনেস ট্র্যাকার ব্যবহারের ফলে শরীরচর্চা বেড়েছে, নাকি আগে থেকেই সক্রিয় মানুষ বেশি ট্র্যাকার ব্যবহার করেন, তা বোঝা সম্ভব হয়নি। গবেষণাটি প্রকাশিত হয়েছে ফ্রন্টিয়ার্স ইন ফিজিওলজি পত্রিকায়। গবেষকদের মতে, প্রযুক্তিনির্ভর পরামর্শের পাশাপাশি যাঁরা ডিজিটাল পরিষেবা ব্যবহার করেন না, তাঁদের জন্য সরাসরি ও সামাজিক স্তরে শরীরচর্চার সুযোগ তৈরি করাও জরুরি।

সূত্র: Do fitness trackers help people exercise more? The answer is complicated,17th November 2026, published in the journal Frontiers in Physiology.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 5 =