জিন বৈচিত্র্য ও গভীর সমুদ্রে প্রজাতি সংরক্ষণ 

জিন বৈচিত্র্য ও গভীর সমুদ্রে প্রজাতি সংরক্ষণ 

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ নভেম্বর, ২০২৬

মেক্সিকো উপসাগরের গভীর জল নিবাসী মাছ ও চিংড়ির শরীরে পাওয়া গেছে এমন কিছু জিনগত পরিবর্তনের চিহ্ন, যা তাদের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকদের একটি নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, গভীর সমুদ্রের পাঁচটি প্রজাতির প্রাণীর জিন বৈচিত্র্য কমছে। ফলে পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও কমে যেতে পারে। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞানী পেদ্রো এ পেরেস। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে সংগৃহীত তিনটি প্রজাতির ল্যান্টার্ন ফিশ এবং দুটি প্রজাতির গভীর সমুদ্রের চিংড়ি নিয়ে গবেষণা করেন বিজ্ঞানীরা। মোট ৪৮৬টি নমুনার ডিএনএ বিশ্লেষণ করে তাঁরা এই প্রাণীদের জিনগত পরিবর্তন এবং ভবিষ্যতে পরিবেশগত চাপ সামলানোর ক্ষমতা বোঝার চেষ্টা করেন। পাঁচটি প্রজাতিরই জিন বৈচিত্র্য কম। বিশেষ করে ডায়াফাস ডুমেরিলি প্রজাতির একটি ল্যান্টার্ন ফিশের জিন বৈচিত্র্য মাত্র ১২ বছরে প্রায় ৮ শতাংশ কমে গিয়েছে। বিপন্ন বা অবলুপ্তির আশঙ্কায় থাকা কিছু প্রাণীর ক্ষেত্রে দীর্ঘ সময়েও এতটা হ্রাস ঘটেনি। এই পাঁচটি প্রজাতির কার্যকর জনসংখ্যা তুলনামূলক ভাবে কম। এই পরিমাপ দিয়ে কোনও প্রজাতির মোট জীবিত প্রাণীর সংখ্যা বোঝানো হয় না। বরং পরবর্তী প্রজন্মে কতগুলি প্রাণী কার্যকর ভাবে নিজেদের জিনের বৈশিষ্ট্য পৌঁছে দিতে পারছে, তা বোঝানো হয়। অর্থাৎ, কোনও প্রজাতির প্রাণীর সংখ্যা বেশি হলেও ভবিষ্যৎ প্রজন্মে জিনের বৈচিত্র্য ধরে রাখার মতো প্রাণীর সংখ্যা কম হতে পারে। গবেষক পেরেসের কথায়, “গভীর সমুদ্রে বিশাল এলাকা জুড়ে বসবাস করে বলেই কোনও প্রজাতি পরিবেশের পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবে, এমন ধারণা ঠিক নয়। শুধু প্রাণীর সংখ্যা গুনে তাদের অস্তিত্বের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। জিনগত বৈচিত্র্যও সমান গুরুত্বপূর্ণ”। জিন বৈচিত্র্য কোনও প্রজাতির টিকে থাকার অন্যতম প্রধান হাতিয়ার। একই প্রজাতির প্রাণীদের মধ্যে জিনের পার্থক্য যত বেশি থাকে, পরিবেশের পরিবর্তন, রোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও তত বাড়ে। এই বৈচিত্র্য কমে গেলে ভবিষ্যতের বিপদ সামলানো কঠিন হয়ে পড়ে। সহ গবেষক হিদার ব্র্যাকেন-গ্রিসমও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, “জিনের বৈচিত্র্য কমে গেলে কোনও প্রজাতির পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, রোগ প্রতিরোধ এবং বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। শুধু জিনগত পরিবর্তনই নয়, ভবিষ্যতে এই প্রাণীদের বাসের উপযুক্ত পরিবেশও সংকুচিত হতে পারে”। জলবায়ু সংক্রান্ত বিভিন্ন মডেল ব্যবহার করে ২০৫০ এবং ২১০০ সালে মেক্সিকো উপসাগরের গভীর সমুদ্রের পরিস্থিতি কেমন হতে পারে, তার পূর্বাভাস তৈরি করেছেন গবেষকেরা। তাতে দেখা গিয়েছে, পাঁচটি প্রজাতির মধ্যে চারটির উপযুক্ত বাসস্থানের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমে যেতে পারে। কোনও কোনও ক্ষেত্রে এই হ্রাসের পরিমাণ ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই আশঙ্কার সঙ্গে জুড়েছে ২০১০ সালের ডিপওয়াটার হরাইজন তেল বিপর্যয়ের প্রসঙ্গও। ওই দুর্ঘটনার পর গভীর সমুদ্রের বহু প্রাণীর সংখ্যা কমে যাওয়ার প্রমাণ আগের গবেষণায় মিলেছিল। তবে নতুন গবেষণায় পাওয়া জিনগত পরিবর্তনের সঙ্গে ওই তেল বিপর্যয়ের সরাসরি যোগসূত্র প্রতিষ্ঠা করতে পারেননি বিজ্ঞানীরা। তাঁদের ধারণা, বিপর্যয়ের আগেই কিছু প্রজাতির জিনগত বৈচিত্র্য কম ছিল। ফলে পরিবেশগত ধাক্কা সামলানোর ক্ষমতাও তাদের তুলনায় দুর্বল হতে পারে। গবেষকদের মতে, সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য বুঝতে শুধু প্রাণীর সংখ্যা গণনা যথেষ্ট নয়। কোনও প্রজাতির দীর্ঘমেয়াদি অস্তিত্বের ঝুঁকি ধরতে নিয়মিত জিনগত পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ জরুরি। পেরেসের কথায়, গভীর সমুদ্রের প্রাণীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে জীববৈচিত্র্য সংক্রান্ত মূল্যায়নে জিনগত তথ্যকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

সূত্র: “Extinction risks in deep-sea populations revealed by genomic data and ecological niche modeling” by Pedro A. Peres, Keith Sellers, Tracey T. Sutton and Heather Bracken-Grissom, 12 November 2026, Nature Communications.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =