ইউরেনাস-নেপচুনের চৌম্বক মেরু

ইউরেনাস-নেপচুনের চৌম্বক মেরু

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ নভেম্বর, ২০২৬

পৃথিবীর চৌম্বকক্ষেত্রের গঠন বেশ সরল। উত্তর ও দক্ষিণ- এই দুটি শক্তিশালী চৌম্বক মেরু পৃথিবীর ঘূর্ণন অক্ষের কাছাকাছি অবস্থান করে। কিন্তু সৌরজগতের দুই বরফদৈত্য ইউরেনাস ও নেপচুনের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা। তাদের চৌম্বক মেরু ঘূর্ণন অক্ষের তুলনায় অনেকটাই হেলানো এবং চৌম্বকক্ষেত্রের গঠনও বেশ জটিল। নতুন এক কম্পিউটার সিমুলেশনে বিজ্ঞানীরা দেখিয়েছেন, এর কারণ হয়তো দুই গ্রহের গভীর অভ্যন্তরের বিশেষ পরিস্থিতি। শুধু তা-ই নয়, কয়েক দশকের মধ্যেই তাদের চৌম্বকক্ষেত্রের অবস্থান ও গঠনে বড়সড় পরিবর্তন ঘটতে পারে। অস্টিনের ইউনিভার্সিটি অফ টেক্সাসের জ্যাকসন স্কুল অফ জিওসায়েন্সেসের গবেষক চি ইয়ানের নেতৃত্বে এই গবেষণা হয়েছে। নতুন কোনও মহাকাশযানের পরিমাপের উপর ভিত্তি করে নয়, বরং কম্পিউটার মডেলের মাধ্যমে করা হয়েছে গবেষণাটি। এখনও পর্যন্ত ভয়েজার ২-ই একমাত্র মহাকাশযান, যা ইউরেনাস ও নেপচুনের কাছাকাছি পৌঁছে তাদের চৌম্বকক্ষেত্র সরাসরি মেপেছে। ১৯৮৬ সালে ইউরেনাস এবং ১৯৮৯ সালে নেপচুনের পাশ দিয়ে উড়ে গিয়েছিল সেটি। ভয়েজার ২-এর তথ্য অনুযায়ী, পৃথিবীর চৌম্বকক্ষেত্রের হেলন প্রায় ১১ ডিগ্রি। আর ইউরেনাসের ক্ষেত্রে সেটা ৫৯ ডিগ্রি এবং নেপচুনের ক্ষেত্রে ৪৭ ডিগ্রি। শুধু মেরুর হেলনই নয়, এই দুই গ্রহের চৌম্বকক্ষেত্রের অধিকাংশ শক্তি ছড়িয়ে রয়েছে ছোট ছোট জটিল বিন্যাসে। অন্য গ্রহগুলিতে চৌম্বকশক্তির ৭৪ থেকে ৯৮ শতাংশই প্রধান উত্তর-দক্ষিণ মেরুর সঙ্গে যুক্ত। ইউরেনাস ও নেপচুনে এই হার মাত্র ১২ শতাংশ। কোনও গ্রহের অভ্যন্তরে বিদ্যুৎ পরিবাহী তরল পদার্থের চলাচল থেকে চৌম্বকক্ষেত্র তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ‘ডায়নামো’। পৃথিবীর বাইরের কেন্দ্রে থাকা গলিত লোহা চৌম্বকক্ষেত্র তৈরি করে ঘূর্ণনের প্রভাবে চলাচল করে। কিন্তু ইউরেনাস ও নেপচুনের অভ্যন্তরীণ গঠন আলাদা। মূলত হাইড্রোজেন, হিলিয়াম, জল, অ্যামোনিয়া, মিথেন ও পাথুরে পদার্থ দিয়ে তৈরি এই দুই গ্রহ। প্রচণ্ড চাপ ও তাপমাত্রায় জলের অণু ভেঙে বিদ্যুৎ পরিবাহী আয়ন তৈরি করতে পারে। গবেষকদের ধারণা, গ্রহের যত গভীরে যাওয়া যায়, পদার্থের বিদ্যুৎ পরিবহণের ক্ষমতাও তত বাড়ে। এই ধারণার ভিত্তিতে বিজ্ঞানীরা বিভিন্ন কম্পিউটার মডেল তৈরি করেছেন। দেখা যায়, সব গভীরতায় বিদ্যুৎ পরিবহণের ক্ষমতা সমান থাকলে তবেই পৃথিবীর মতো নিয়মিত ও শক্তিশালী চৌম্বকক্ষেত্র তৈরি হয়। কিন্তু গভীরতার সঙ্গে এই ক্ষমতা বাড়লে চৌম্বকক্ষেত্র হয়ে ওঠে জটিল। তৈরি হয় একাধিক মেরু এবং অনিয়মিত ব্যবধানে বদলে যায় তাদের অবস্থান ও দিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই পরিবর্তনের জন্য খুব নির্দিষ্ট কোনও পরিস্থিতির প্রয়োজন নেই। গবেষকদের মতে, তুলনামূলকভাবে পাতলা চলমান তরল স্তর থাকলেও এমন চৌম্বকক্ষেত্র তৈরি হতে পারে। সিমুলেশনের কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ইউরেনাস ও নেপচুনের বর্তমান চৌম্বকক্ষেত্রের সঙ্গে মডেলটির যথেষ্ট মিল রয়েছে। কিন্তু সিমুলেশনের ৩২ বছর পর সেই ক্ষেত্রগুলির চেহারা অনেকটাই বদলে যায়। কোনও ক্ষেত্রে কয়েক দশকের মধ্যে চৌম্বক মেরুর হেলন কয়েক ডিগ্রি, আবার কোনও ক্ষেত্রে কয়েক দশ ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হয়েছে। একটি ইউরেনাস-সদৃশ মডেলে ৪০ বছরে চৌম্বকক্ষেত্রের হেলন ৮৪ ডিগ্রি বদলে গিয়েছে। কিন্তু অন্য একটি মডেলে পরিবর্তন হয়েছে মাত্র ১৩ ডিগ্রি। অর্থাৎ, দুই গ্রহের চৌম্বকক্ষেত্র কখনও দ্রুত, কখনও আবার ধীরে বদলাতে পারে। এই অনুমানের সঙ্গে কিছু পর্যবেক্ষণেরও মিল পাওয়া যাচ্ছে। ইউরেনাসের মেরুজ্যোতি বা অরোরার অবস্থান ১৯৮৬ সালের তুলনায় এখনও মোটামুটি একই এলাকায় রয়েছে, যদিও ১০ থেকে ২০ ডিগ্রি পর্যন্ত হেরফের দেখা গিয়েছে। অন্য দিকে, নেপচুনের দক্ষিণ মেরুর অরোরা ১৯৮৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৩০ ডিগ্রি অক্ষাংশ সরে গিয়েছে। এই পরিবর্তনে সরাসরি গ্রহের বায়ুমণ্ডলে সূর্য থেকে আসা আধানযুক্ত কণার সঙ্গে গ্যাসের মিথস্ক্রিয়ায় অরোরা তৈরি হয়। তাই এর অবস্থান ও গঠন বিশ্লেষণ করে গ্রহের চৌম্বকক্ষেত্র সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। বিজ্ঞানীরা এখন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ইউরেনাস ও নেপচুনের অরোরার অবলোহিত ছবি বিশ্লেষণ করছেন। গবেষকদের পরিকল্পনা হল, ভয়েজার ২-এর পুরনো তথ্য, ওয়েব টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণ এবং কম্পিউটার সিমুলেশন – একসঙ্গে এইসব মিলিয়ে দুই গ্রহের বর্তমান চৌম্বকক্ষেত্রের অবস্থান বোঝা। তবে ইউরেনাসের চৌম্বকক্ষেত্র যদি দীর্ঘ সময় ধরে ধীরে বদলায়, তা হলে গ্রহটির অভ্যন্তর সম্পর্কে বিজ্ঞানীদের প্রচলিত ধারণাও বদলাতে পারে। সে ক্ষেত্রে ভিতরের পদার্থের বিদ্যুৎ পরিবহণের ক্ষমতা বর্তমান অনুমানের চেয়ে প্রায় ১০ গুণ বেশি হতে পারে। এর অর্থ, ইউরেনাসের অভ্যন্তর হয়তো আগে যা ধারণা করা গিয়েছিল তার চেয়ে বেশি উত্তপ্ত, অথবা সেখানে বিদ্যুৎ পরিবহণে আরও দক্ষ পদার্থ রয়েছে। এই রহস্যের সম্পূর্ণ সমাধানের জন্য ইউরেনাস ও নেপচুনে নতুন মহাকাশ অভিযান প্রয়োজন বলে মনে করছেন গবেষকেরা।

সূত্র: Communiactions Physics; Earth . com ; Nov ; 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =