অনসাগার পুরস্কার পেলেন জন চালকার

অনসাগার পুরস্কার পেলেন জন চালকার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ নভেম্বর, ২০২৬

রাশিতাত্ত্বিক পদার্থবিদ্যায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (APS) মর্যাদাপূর্ণ লার্স অনসাগার পুরস্কার পেলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন চালকার (John Chalkar)। বিশৃঙ্খল ব্যবস্থা, চৌম্বকত্ব, কোয়ান্টাম ‘হল প্রভাব’ এবং বহু-কণা কোয়ান্টাম ব্যবস্থার গতিবিধি নিয়ে তাঁর গবেষণা বিশেষভাবে স্বীকৃতি পেয়েছে।

চালকারের গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র হলো সাম্যাবস্থার বাইরে থাকা বহু-কণা কোয়ান্টাম ব্যবস্থা। সাধারণত কোনও পদার্থের তাপমাত্রা ও অন্যান্য বৈশিষ্ট্য স্থিতিশীল অবস্থায় পৌঁছালে তাকে সাম্যাবস্থা বলা হয়। কিন্তু সাম্যাবস্থার বাইরে থাকা কোয়ান্টাম ব্যবস্থায় কণাগুলির আচরণ অনেক বেশি জটিল। এই ব্যবস্থার গতিবিধি বুঝতে পারলে কোয়ান্টাম পদার্থবিদ্যার মৌলিক তত্ত্ব সম্পর্কে নতুন ধারণা পাওয়া সম্ভব। পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম তথ্যপ্রযুক্তি এবং কৃষ্ণগহ্বরের মতো বিষয়েও এই গবেষণার গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। এই জটিল বিষয়গুলি বুঝতে গাণিতিক বিশ্লেষণ ও কম্পিউটারভিত্তিক গণনা—দুই পদ্ধতিই ব্যবহার করেন তিনি।

তাঁর গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল জ্যামিতিক দিক থেকে বিঘ্নিত চুম্বক (জিওমেট্রিক্যালি ফ্রাস্ট্রেটেড ম্যাগনেট)। এসব পদার্থে পরমাণুগুলির মধ্যে চৌম্বক আন্তঃক্রিয়া পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে। ফলে তাপমাত্রা কমলেও সাধারণ চুম্বকের মতো সুশৃঙ্খল অবস্থা তৈরি হয় না; বরং কণাগুলির মধ্যে অস্থিরতা ও ওঠানামা বজায় থাকে। এই অস্বাভাবিক আচরণই বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়।

এ ছাড়া ‘কোয়ান্টাম হল প্রভাব’, অ্যান্ডারসন লোকালাইজেশন এবং বিভিন্ন জটিল চৌম্বক ব্যবস্থা নিয়ে তাঁর গবেষণা তাত্ত্বিক পদার্থবিদ্যার একাধিক ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছে।

পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে চালকার তাঁর দীর্ঘদিনের গবেষণায়সহযোগীদের অবদানের কথা স্মরণ করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক অ্যান্ড্রু বুথরয়েড তাঁর গবেষণার ভূয়সী প্রশংসা করেছেন।

সূত্রঃ Professor Chalker awarded APS Lars Onsager Prize Fields, strings, and quantum dynamicsQuantum materials, Rudolf Peierls Centre for Theoretical Physics, 18th November 2026.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =